শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

খুলনায় চাঁদা দাবির অভিযোগে নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
খুলনায় চাঁদা দাবির অভিযোগে নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর

সংবাদদাতা: খুলনা মহানগরীর খানজাহান আলী রোডের পিটিআই মোড় এলাকায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানের দরজা, কাচ, দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও একটি টেলিভিশন ভাঙচুর করা হয়। পাশাপাশি প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে সুলতানা হামিদ আলী স্কুলের বিপরীতে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে রোজী জানান, দুপুর ১টা ৫০ মিনিটের দিকে চার থেকে পাঁচজন যুবক চাইনিজ কুড়াল নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করেন। কোনো কথা না বলেই তাঁরা ভাঙচুর শুরু করেন। এ সময় দরজা, কাচ, দুটি এসি ও একটি টেলিভিশন ভাঙচুর করা হয়। পরে তাঁরা প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি মুঠোফোন নিয়ে চলে যান। হামলাকারীদের কাছে পিস্তলও ছিল বলে অভিযোগ করেন তিনি।

প্রাথমিকভাবে চাঁদা দাবিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে ডায়াগনস্টিক সেন্টারের কাচ ও এসি ভাঙচুরের চিহ্ন দেখতে পান। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চার থেকে পাঁচজনকে হামলায় জড়িত থাকতে দেখা গেছে। তাঁদের হাতে চাইনিজ কুড়াল ছিল।

ওসি আরও বলেন, প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে কথা বলে চাঁদা দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানের ম্যানেজারকে ফোন করে নূরে আলম নামে একজনকে চেনেন কি না, তা জানতে চাওয়া হয়েছিল বলে জানা গেছে। চাঁদা দাবির বিষয়ে প্রতিষ্ঠানের মালিক এখনও পুলিশকে কিছু জানাননি।

সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে জানিয়ে ওসি বলেন, তাঁরা এর আগে একটি দ্রুত বিচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। ছিনতাইয়ের ঘটনায় ওই মামলায় তাঁদের আসামি করা হয়েছিল। গত ২৬ অক্টোবর তাঁরা জামিনে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।

এর আগে, গত ২৪ অক্টোবর রাতে নগরীর বাবুখান রোডে সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটে। এর এক দিন পর সোনাডাঙ্গায় প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখায় গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠে। এর ধারাবাহিকতায় শনিবার খানজাহান আলী রোডের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটল।

 

 

Ads small one

ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষককে পেটালেন অভিভাবক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষককে পেটালেন অভিভাবক

‎নিজস্ব প্রতিনিধি: ‎সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়েরের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ৭ নভেম্বর (শনিবার) সকালে স্কুলে প্রাইভেট পড়ানোর সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। নিপীড়নের শিকার শিক্ষার্থীর বরাতে সূত্র জানায়, স্কুলের টয়লেটের দরজা বন্ধ করে ওই শিক্ষার্থীকে নির্যাতন করা হয়। এতে ওই শিক্ষার্থী আতঙ্কিত হয়ে কাঁদতে কাঁদতে তার পিতাকে বিষয়টি জানায়। ‎এরপর ওই শিক্ষার্থীর অভিভাবক ক্ষুব্ধ হয়ে শিক্ষককে বেধড়ক মারধর করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
‎ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আবুল খায়ের মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে রয়েছেন বলে খবর পাওয়া গেছে। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় আরও একাধিক অভিযোগ আছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
‎এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মমিনুর রহমান মুকুল জানান, এঘটনায় এখনো কেউ কিছু আমাকে জানায়নি। তবে অভিযোগ পেলে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
‎বিষয়টি জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান ও জেলা শিক্ষা অফিসার রুহুল আমিনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আয়েনউদ্দীন মহিলা আলিম মাদরাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ণ
আয়েনউদ্দীন মহিলা আলিম মাদরাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সংবাদদাতা: সাতক্ষীরার আয়েনউদ্দীন মহিলা আলিম মাদরাসার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মাদরাসার সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন। সঞ্চালনা করেন ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল আলিম। বক্তব্য দেন সিনিয়র শিক্ষক আবু সাঈদ বিশ্বাস ও প্রভাষক রেজাউল করিম। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় সূরা ফাতিহা ও সূরা ইখলাস পাঠ এবং বিশেষ দোয়া করা হয়।

নানা আয়োজনে শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ
নানা আয়োজনে শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শ্যামনগর প্রতিনিধি: নানা আয়োজনে সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সোলায়মান কবির, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান, বিএনপি নেতা শেখ লিয়াকত আলী বাবু, অধ্যাপক আবু সাইয়িদ, শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, জামায়াত নেতা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম ও জিয়াদ আলী, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির এবং শিক্ষক আবদুল্লাহ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডার্ন স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে বিভিন্ন শ্রেণি-পেশার নবীন ও প্রবীণদের অংশগ্রহণে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।