সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

গল্প/ফ্যামিলি পলিটিক্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
গল্প/ফ্যামিলি পলিটিক্স

সৌহার্দ সিরাজ
ভোলানাথ ম-ল মানুষটা খুব বেশি কথা বলতেন না। তবে সংসারের হিসাব-নিকাশে তাঁর মাথা ছিল পরিষ্কার। বাপ-দাদার পেশা চাষাবাদ। নিজের জমি বলতে তেমন কিছু ছিল না। তবু কৃষিকাজের প্রতি তাঁর একটা সহজাত টান ছিল। চাষের পাশাপাশি ধানের ব্যবসাও করতেন। সপ্তাহের ছয় দিন গ্রামের বিভিন্ন বাড়ি থেকে খুচরা ধান কিনতেন। কারও বাড়িতে পাঁচ মণ, কারও বাড়িতে দশ মণ, আবার কারও বাড়িতে এক-দুই মণ। শুক্রবার কিংবা শনিবার সব ধান নিয়ে চলে যেতেন খুলনার বড় মোকামে। সেখানে পাইকারি বিক্রি করে আবার বাড়ি ফিরতেন।
ব্যবসাটা খুব লাভজনক ছিল না। কোনো সপ্তাহে দু-চার হাজার টাকা লাভ হতো, কোনো সপ্তাহে খরচ বাদ দিয়ে হাতে তেমন কিছুই থাকত না। কখনো কখনো লোকসানও হতো। তবু ভোলানাথ ব্যবসা ছাড়েননি। সংসারে তিন ছেলে, এক মেয়ে, বউ, নাতি-নাতনি। এতগুলো মানুষের ভরণপোষণ করতে গেলে কিছু একটা তো করতে হবে।
নিজের পরিশ্রমের টাকায় কেনা দেড় বিঘা জমি ছিল। শ্বশুরবাড়ি থেকে যৌতুক পাওয়া আরও দুই বিঘা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, জমিগুলোর একটিও ভোলানাথের নিজের নামে ছিল না। সব জমি স্ত্রী জয়কালীর নামে। কেন এমন করেছিলেন, তার একটা ব্যাখ্যা ভোলানাথের কাছে ছিল। স্ত্রীকে বিশ্বাস করতেন। সংসারে স্ত্রীকে মর্যাদা দিতে চেয়েছিলেন। হয়তো ভেবেছিলেন, জমি যার নামেই থাকুক, সংসার তো একই। জীবনের শেষ বয়সে এসে তিনি বুঝতে পারেননি, বিশ্বাসের দলিল আর জমির দলিল এক জিনিস নয়। জয়কালীর সংসারে সন্তান ছিল চারজন। তিন ছেলে ও এক মেয়ে।
বড় ছেলে সুজয়। বাবার কাছ থেকে তেমন কোনো আর্থিক সহযোগিতা না পেয়েও নিজের চেষ্টায় লেখাপড়া করেছে। অনেক কষ্টে উচ্চশিক্ষা শেষ করে একটি বেসরকারি স্কুলে শিক্ষকতার চাকরি পেয়েছে। চাকরির জন্য থাকতে হয় দূরের এক শহরে। স্ত্রী দুর্গা আর দুই ছেলেকে নিয়ে তার ছোট্ট সংসার।
সুজয় সহজ-সরল মানুষ। বাবার সংসারে সে কখনো সম্পদের ভাগ নিয়ে মাথা ঘামায়নি। তার বিশ্বাস ছিল, মা-বাবা বেঁচে থাকতে তাঁদের সম্পত্তি নিয়ে কথা বলা অভদ্রতা। সে নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের সংসার চালায়। বাবা-মায়ের প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী সাহায্যও করে।
তার স্ত্রী দুর্গাও স্বামীর মতোই সরল। সংসারের সাত-পাঁচে তার কোনো আগ্রহ নেই। শ্বশুরবাড়ির কেউ কিছু বললে চুপচাপ শোনে। প্রতিবাদ করতে জানে না, আবার কারও ক্ষতি করার কথাও ভাবে না।
মেজ ছেলে সাধন। উচ্চমাধ্যমিক পাস করেছে। লেখাপড়া আর এগোয়নি। গ্রামে গ্রামে গান শেখায়, পাশাপাশি জীবনবিমার কাজ করে। তার সংসারে দুটি মেয়ে ও একটি ছেলে। স্ত্রী নীপা। নীপা অন্যায় করে না, কিন্তু অন্যায় দেখলে সহ্যও করতে পারে না। সংসারের নানা অসংগতি নিয়ে সে প্রায়ই স্বামীকে প্রশ্ন করে। ছোট ছেলে বিপ্লব। নামের সঙ্গে তার স্বভাবের কোনো মিল নেই। লেখাপড়ায় মন ছিল না। গ্রামের বখাটে ছেলেদের সঙ্গে ঘোরাফেরা করত। একবার কয়েকজনের সঙ্গে অন্যের জমি থেকে ধান চুরি করতে গিয়ে ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে। সেই ঘটনার পর থেকেই তার ডায়াবেটিস ধরা পড়ে। চিকিৎসার অনিয়ম, অবহেলা আর রোগের জটিলতায় একসময় তার চোখের দৃষ্টিও চলে যায়।
বিপ্লবের স্ত্রী ছন্দা। লেখাপড়া তেমন জানে না। কিন্তু মেধায় তুখোড়। মুখে কথা কম, চোখে হিসাব বেশি। সংসারের কে কী বলছে, কে কী করছে, কার পকেটে কত টাকা, কার মনে কী পরিকল্পনাÑএসব বিষয়ে তার অসাধারণ ধারণা।
আর একমাত্র মেয়ে শ্যামা। লেখাপড়া শেখেনি। তবে পান খাওয়া আর মা-মাসিদের মতো ঝগড়া করতে শিখেছে বেশ ভালোভাবেই। সংসারের কোনো বিষয়ে তার মতামত থাকুক বা না থাকুক, উচ্চস্বরে কথা বলার অধিকার সে নিজের জন্মগত অধিকার বলে মনে করে।
এই ছিল ভোলানাথের পরিবার।
এক.
ভোলানাথের সংসারে প্রথম বড় অশান্তির শুরু ছোট ছেলে বিপ্লবকে ঘিরে।
বিপ্লবের নিজের কোনো আয়-রোজগার ছিল না বললেই চলে। চোখের দৃষ্টি হারানোর পর সে আরও বেশি পরনির্ভরশীল হয়ে পড়ে। সংসারের খরচ চালানো তো দূরের কথা, নিজের চিকিৎসার ব্যয়ও নিয়মিত বহন করতে পারত না। ছন্দা প্রথম দিকে স্বামীকে নিয়ে খুব চিন্তিত ছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই তার চিন্তার ধরন বদলে গেল। সে বুঝতে পারল, শুধু দুঃখ করে বসে থাকলে সংসারে কিছু হবে না। কিছু একটা ব্যবস্থা করতে হবে। একদিন রাতে জয়কালীর পাশে বসে ছন্দা বলল,Ñমা, এভাবে আর কত দিন চলবে?
জয়কালী পান চিবোচ্ছিলেন।
Ñকী হয়েছে আবার?
Ñবিপ্লবের তো একটা ব্যবস্থা করতে হবে। চোখে দেখে না, ঠিক আছে। কিন্তু বসে থাকলে তো সংসার চলবে না।
Ñকী করবি?
Ñজমি বন্ধক রেখে কিছু টাকা বের করো। বিপ্লব ব্যবসা করবে।
জয়কালী একটু চুপ করে থাকলেন।
Ñকোন জমি?
Ñযে জমি আছে, তার কিছুটা। সাড়ে তিন বিঘা বন্ধক রাখলে ভালো টাকা পাওয়া যাবে।
জয়কালীর মুখে চিন্তার রেখা দেখা দিল। জমি তাঁর নিজের নামে। তাই সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তাঁর।
ছন্দা জানত, শাশুড়িকে কীভাবে বোঝাতে হয়।
Ñমা, তোমার তো আর কত দিন! ছেলেটার একটা ব্যবস্থা করে যেতে পারলে অন্তত শান্তি পাবে।
এই কথাটা জয়কালীর মনে দাগ কাটল। ছোট ছেলেকে নিয়ে তাঁর দুর্বলতা ছিল। বড় ছেলে নিজের মতো আছে, মেজ ছেলে নিজের সংসার নিয়ে ব্যস্ত। ছোট ছেলেটাই তাঁর কাছে সবচেয়ে অসহায়।
কয়েক দিনের মধ্যেই সাড়ে তিন বিঘা জমি বন্ধক রাখা হলো। টাকা হাতে পেয়ে বিপ্লব ব্যবসা শুরু করার প্রস্তুতি নিল।
এদিকে খবর পেয়ে সাধনেরও মাথায় নতুন চিন্তা এল। সে বিপ্লবকে বোঝাল, একা ব্যবসা করলে হবে না। দুই ভাই মিলে করলে ভালো হবে। বিপ্লবও রাজি হয়ে গেল।
দুই ভাইয়ের যৌথ ব্যবসা শুরু হলো।
প্রথম দিকে বেশ উৎসাহ ছিল। কিন্তু ব্যবসার খাতা কে রাখে, টাকা কে তোলে, লাভ-লোকসানের হিসাব কে করেÑএসব বিষয়ে কোনো নিয়ম ছিল না। সাধনই মূলত সবকিছু দেখাশোনা করত। বিপ্লব চোখে দেখতে পায় না, তাই তার পক্ষে হিসাব রাখা সম্ভব ছিল না।
এক বছর পর দেখা গেল, ব্যবসার পুঁজি প্রায় শেষ।
বিপ্লব অবাক। সে ভেবেছিল, ব্যবসা বড় হচ্ছে। কিন্তু হিসাব চাইতে গিয়ে বুঝতে পারল, সাধন তাকে অন্ধকারে রেখেছে। তার অভিযোগ, মেজ ভাই ধীরে ধীরে সব টাকা নিজের নিয়ন্ত্রণে নিয়ে গেছে।
সাধন অবশ্য অভিযোগ অস্বীকার করল।
Ñব্যবসায় লাভ হয়নি। সব টাকা কি আমার পকেটে গেছে?
বিপ্লব বলল,
Ñতাহলে হিসাব দাও।
সাধন বিরক্ত হয়ে বলল,
Ñহিসাব তো তুই বুঝবি না। অন্ধ মানুষকে এত কিছু বোঝানো যায়?
কথাটা বিপ্লবের বুকে গিয়ে লাগল।
ছন্দা সেদিন কিছু বলল না। শুধু মনে মনে একটা হিসাব করে রাখল।
দুই.
ব্যবসা শেষ। পুঁজি শেষ। বন্ধকের টাকা ফেরত দেওয়ার সময় ঘনিয়ে এসেছে।
জয়কালী আবার ছেলেকে বাঁচানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন।
এবার তিনি আরও কিছু জমি বন্ধক রাখলেন। আগের ঋণ শোধ করে হাতে যা রইল, তা দিয়ে তেমন কোনো ব্যবসা করা সম্ভব হলো না।
ভোলানাথ তখনও বেঁচে আছেন। সংসারের এইসব ঘটনা দেখে তাঁর মন খারাপ হতো। কিন্তু স্ত্রীকে বোঝানোর ক্ষমতা তাঁর ছিল না।
একদিন তিনি বললেন,
Ñজয়, আর কত জমি বন্ধক রাখবে? জমি তো আর গাছের পাতা নয় যে ঝরে পড়লেও আবার গজাবে!
জয়কালী উত্তর দিলেন,
Ñতোমার ছোট ছেলের জন্যই তো করছি।
Ñছেলে কি শুধু তোমার একার?
Ñতোমার বড় ছেলে তো নিজের ব্যবস্থা করে নিয়েছে। মেজ ছেলেও কাজ করে। ছোটটার কী হবে?
ভোলানাথ দীর্ঘশ্বাস ফেললেন।
Ñসবারই তো কিছু না কিছু হবে। কিন্তু জমি একবার গেলে আর ফিরে পাওয়া যায় না।
জয়কালী সেদিন আর কথা বাড়াননি।
ভোলানাথ বুঝলেন, এই সংসারে তাঁর কথার আর কোনো মূল্য নেই।
একসময় তিনি বড় ছেলে সুজয়ের কাছে টাকা চাইলেন। সুজয় বাবার অনুরোধে কিছু টাকা পাঠাল। সেই টাকা দিয়ে বিপ্লবের জন্য একটা মুদি দোকান করে দেওয়া হলো।
দোকান খোলার পর ছন্দার ভূমিকা বদলে গেল। সে আর শুধু বিপ্লবের স্ত্রী নয়, দোকানের কর্ত্রী। দোকানের মালামাল কেনা, বিক্রি, বাকি দেওয়া, টাকা আদায়Ñসবকিছু তার হাতে।
বিপ্লব দোকানে বসে থাকত। ক্রেতারা আসত, ছন্দা হিসাব করত।
কিন্তু দোকান থেকে কত টাকা আয় হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, কত টাকা জমছেÑএসব বিষয়ে পরিবারের অন্য কারও জানার সুযোগ ছিল না।
জয়কালী খুশি। তাঁর ছোট ছেলের একটা ব্যবস্থা হয়েছে।
কিন্তু এই ব্যবস্থাও বেশিদিন টিকল না।
দোকানের ব্যবসা কখনো ভালো, কখনো মন্দ। সংসারের খরচ, চিকিৎসা, দেনাÑসব মিলিয়ে টাকা জমার বদলে আবার ধার বাড়তে লাগল।
এরপরও জয়কালী থামলেন না।
আরও একবার জমি বন্ধক রাখা হলো।
তারপর আবার।
তারপর আরও একবার।
এইভাবে মোট পাঁচবার জমি বন্ধক রাখার ঘটনা ঘটল।
প্রতিবারই নতুন কোনো প্রয়োজন, নতুন কোনো পরিকল্পনা, নতুন কোনো আশ্বাস। প্রতিবারই জয়কালী ভাবলেন, এবার বুঝি ছোট ছেলের ভাগ্য ফিরবে।
কিন্তু ভাগ্য ফিরল না। ফিরল শুধু বন্ধকের হিসাব।
এদিকে ভোলানাথের শরীর ভাঙতে শুরু করেছে। বয়স হয়েছে। ধানের ব্যবসায় আগের মতো আর শক্তি পান না। খুলনার মোকামে যাওয়া-আসাও কমে গেছে।
একদিন তিনি জয়কালিকে বললেন,
Ñআমার মনে হয়, এবার একটু থামা দরকার।
জয়কালী বললেন,
Ñতুমি শুধু থামতে বলো। সংসারে টাকা আসবে কোথা থেকে?
ভোলানাথ মৃদু হেসে বললেন,
Ñযে সংসারে হিসাবের চেয়ে পক্ষপাত বড় হয়ে যায়, সে সংসারে টাকা থাকলেও শান্তি থাকে না।
জয়কালী কথাটার অর্থ বুঝলেন কি না, জানা গেল না।
তিন
ভোলানাথ মারা গেলেন এক বর্ষার সকালে।
সেদিন আকাশ মেঘলা ছিল। উঠোনে বৃষ্টির পানি জমে ছিল। ঘরের এক কোণে তাঁর পুরোনো ধানের বস্তা, মাপার দাঁড়িপাল্লা আর কয়েকটি ছেঁড়া হিসাবের খাতা পড়ে ছিল।
মানুষটা সারা জীবন সংসারের জন্য ছুটেছেন। ধান কিনেছেন, ধান বেচেছেন, লাভ-লোকসান করেছেন। নিজের নামে জমি রাখেননি। স্ত্রীকে বিশ্বাস করেছেন। সন্তানদের জন্য যতটুকু পেরেছেন করেছেন।
শেষ পর্যন্ত তাঁর মৃত্যুর পর সংসারের লোকজনের সামনে রয়ে গেল জমির দলিল, বন্ধকের কাগজ আর পারিবারিক হিসাবের এক জটিল গোলকধাঁধা।
বাবার মৃত্যুর পর সুজয় কয়েক দিন গ্রামে ছিল। মায়ের বয়স হয়েছে। একা থাকেন। ছোট ছেলের সংসারে সব সময় শান্তি নেই। তাই সে মাকে নিজের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল।
একদিন মাকে বলল,
Ñমা, তুমি আর এখানে একা একা থাকবে কেন? জমিটা বর্গা দিয়ে দাও। বছর শেষে যে ধান পাবে, তা দিয়ে তুমি নিজের মতো খরচ করবে। আমার কাছে চলো।
জয়কালী চুপ করে শুনলেন।
সুজয় আবার বলল, তোমার খাওয়া-পরার কোনো অসুবিধা হবে না। তুমি শুধু নিজের শরীরের দিকে খেয়াল রাখবে।
কথাটা শুনে জয়কালীর মন নরম হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই অন্যদের কানে খবর পৌঁছে গেল।
ছোট ছেলে বিপ্লব বলল,
Ñমা, তুমি বড়দার কাছে গেলে আর ফিরতে পারবে না।
ছন্দা যোগ করল,
Ñতোমাকে ভুলিয়ে-ভালিয়ে জমিটা নিজের নামে লিখে নেবে। তারপর তোমার আর কিছু থাকবে না।
জয়কালী বললেন,
Ñতা কী করে হয়?
ছন্দা বলল,
Ñমানুষকে চেনো না মা? নিজের সংসার আর অন্যের সংসার এক নয়।
মেজ ছেলে সাধনও সুযোগ বুঝে কথা বলল,
Ñমা, বড়দা তো দূরে থাকে। তোমার জমিজমার খোঁজ রাখবে কে? তুমি গেলে আমাদের ওপরও তো সন্দেহ করবে।
জয়কালী এবার দ্বিধায় পড়লেন।
সুজয় মায়ের কাছে স্নেহের হাত বাড়িয়েছিল। কিন্তু ছোট ছেলে, ছোট বৌমা আর মেজ ছেলের কথায় সেই হাত তাঁর কাছে সন্দেহের হাত হয়ে উঠল।
তিনি বড় ছেলেকে জানিয়ে দিলেন,
Ñআমি কোথাও যাব না।
সুজয় আর জোর করল না।
চার
কিছুদিন পর জয়কালী ঘোষণা করলেন, তিনি জমি বিক্রি করবেন।
কেন বিক্রি করবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিলেন না। হয়তো বন্ধকের চাপ, হয়তো টাকার প্রয়োজন, হয়তো নিজের সিদ্ধান্তের ওপর শেষবারের মতো কর্তৃত্ব প্রতিষ্ঠার ইচ্ছা।
সুজয় খবর পেয়ে মাকে বলল,
Ñমা, জমি যদি বিক্রি করতেই হয়, আমার কাছে বিক্রি করো। বাইরের লোকের কাছে দেওয়ার কী দরকার? আমি ন্যায্য দাম দেব।
জয়কালী বললেন,
Ñতুই কিনবি?
Ñহ্যাঁ। জমির যে বাজারদর, সেই দামই দেব।
মা বললেন,
Ñঠিক আছে। তবে একটা কথা আছে।
Ñকী কথা?
Ñআগে টাকা দিতে হবে। বন্ধক পার্টির টাকা শোধ করে জমি ছাড়াতে হবে। জমির নতুন প্রিন্ট পরচা এখনও হয়নি। মিউটেশন হয়ে গেলে তোমার নামে লিখে দেব।
সুজয় একটু চুপ করে রইল।
Ñমা, আগে জমির কাগজপত্র ঠিক করি। তারপর টাকা দেব।
জয়কালী বিরক্ত হলেন।
Ñআমাকে কি তুই বিশ্বাস করিস না?
সুজয় বলল,
Ñবিশ্বাস করি বলেই তো কিনতে চাই। কিন্তু জমির কাগজপত্র ঠিক না করে এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।
এই কথার পর জয়কালী আর কথা বললেন না।
সেদিন রাতেই একটা গোপন বৈঠক বসল। বৈঠকে জয়কালী, সাধন, বিপ্লব ও ছন্দা।
সুজয় নেই। দুর্গা নেই। শ্যামারও খবর নেই।
বৈঠকের মূল আলোচ্য বিষয় জমি বিক্রি।
জয়কালী বললেন,
Ñবড় ছেলে টাকা দিতে চায়, কিন্তু আগে কাগজ চায়। আমি বলেছি, আগে টাকা দে, তারপর জমি লিখে দেব।
সাধন বলল,
Ñমা, বড়দার কথায় রাজি হয়ো না। টাকা হাতে পেলে জমি ওর নামে লিখে দিতে হবে এমন কোনো কথা নেই।
ছন্দা এতক্ষণ চুপ ছিল। এবার বলল,
Ñমা, জমি তোমার নামে। তুমি যার কাছে খুশি বিক্রি করবে। কিন্তু টাকা আগে হাতে না পেলে তুমি কীভাবে বন্ধক ছাড়াবে?
বিপ্লব বলল,
Ñআর বড়দা যদি জমি কিনে নেয়, তাহলে আমাদের কী থাকবে?
জয়কালী বললেন,
Ñতোমাদের তো আমি দেখছি।
ছন্দা শান্ত গলায় বলল,
Ñসেটাই তো মা। আমাদের কথা তোমাকেই ভাবতে হবে।
জয়কালী যেন নিজের সিদ্ধান্তের সমর্থন পেয়ে গেলেন।
অন্যদিকে সুজয় বুঝতে পারছিল, কোথাও একটা সমস্যা আছে। মায়ের কথায় আগের মতো সরলতা নেই। জমি বিক্রির ব্যাপারে তাঁর আচরণ রহস্যজনক।
সে পরিচিত এক উকিলের কাছে গেল। সব কথা খুলে বলল। উকিল মন দিয়ে শুনলেন। তারপর বললেন,
Ñমাস্টারমশাই, আপনার মা ও ভাইদের উদ্দেশ্য সম্পর্কে আমি মন্তব্য করব না। তবে আপনি যে পরিস্থিতির কথা বলছেন, তাতে জমির কাগজপত্র সম্পূর্ণ যাচাই না করে টাকা দেওয়া ঠিক হবে না।
সুজয় বলল,
Ñমা তো আমারই মা। তাঁকে অবিশ্বাস করতে মন চায় না।
উকিল বললেন,
Ñআইনের কাছে সম্পর্কের চেয়ে দলিল বড়। আর পারিবারিক সম্পর্কের মধ্যে যখন আর্থিক স্বার্থ ঢুকে যায়, তখন সতর্ক থাকা আরও জরুরি।
কিছুক্ষণ থেমে তিনি আবার বললেন,
Ñআপনি টাকা দিয়ে দিলেন, অথচ পরে জমি আপনার নামে লিখে দিলেন নাÑতখন কী করবেন? মায়ের বিরুদ্ধে মামলা করবেন? ভাইদের বিরুদ্ধে মামলা করবেন? আপনি কি সেই অবস্থায় যেতে চান?
সুজয় চুপ করে গেল।
উকিলের কথা তার কাছে কঠিন মনে হলো। কিন্তু কথাগুলো অমূলকও নয়।
শেষ পর্যন্ত সে পিছিয়ে গেল।
পাঁচ
এদিকে জমির বন্ধকদাতারা আর অপেক্ষা করতে রাজি নয়। তারা স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এলাকায় তাদের প্রভাব আছে। জমি বন্ধক রাখার সময় তারা যে টাকা দিয়েছিল, তা ফেরত পাওয়ার নির্ধারিত সময় অনেক আগেই পেরিয়ে গেছে।
তারা জয়কালিকে জানিয়ে দিল,
Ñনির্ধারিত দিনে টাকা ফেরত না দিলে আমরা জমির বাকি টাকা কোর্টে জমা দিয়ে দেব। তারপর জমির দখল বুঝে নেব।
জয়কালী প্রথমে কথাটা গুরুত্ব দিলেন না।
তিনি ভেবেছিলেন, শেষ মুহূর্তে কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। বড় ছেলে টাকা দেবে, মেজ ছেলে কিছু করবে, ছোট ছেলে নিশ্চয়ই কোনো উপায় বের করবে।
কিন্তু কেউ এগিয়ে এল না।
সাধন নিজের ব্যবসার কথা বলে পাশ কাটিয়ে গেল। বিপ্লবের নিজেরই কোনো আয় নেই। ছন্দা দোকানের হিসাব নিয়ে ব্যস্ত। জয়কালীর কাছে জমি ছাড়ানোর মতো টাকা নেই।
এর মধ্যে এলাকায় নানা কথা ছড়িয়ে পড়েছে।
চায়ের দোকানে, বাজারে, হাটে, মানুষের বাড়ির উঠোনেÑসবখানে জয়কালীর জমির গল্প।
কেউ বলছে,
Ñএক জমি নিয়ে কত নাটক!
কেউ বলছে,
Ñছোট ছেলের জন্য সব জমি বন্ধক রেখে এখন আর সামলাতে পারছে না।
আরেকজন বলছে,
Ñবড় ছেলেকে ঠকাতে গিয়েই তো সব গেল।
কেউ কেউ জয়কালিকে সরাসরি ফেরেব্বাজ মহিলা বলতেও শুরু করেছে।
সাড়ে তিন বিঘা জমি নিয়ে যে নাটকের শুরু হয়েছিল, তা এখন গ্রামের মানুষের কাছে এক ধরনের বিনোদন।
কিন্তু জয়কালী এসব কথা শুনেও নিজের অবস্থান বদলালেন না। তিনি মনে করতেন, মানুষ তাঁর সংসারের খবর জানে না। কে ভালো, কে মন্দ, তা তিনিই ভালো বোঝেন।
কিন্তু মানুষ সব সময় নিজের চোখে সত্য দেখতে পায় না। অনেক সময় নিজের পক্ষপাতই চোখের সামনে পর্দা টেনে দেয়।
ছয়
নির্ধারিত দিন চলে এল।
বন্ধকদাতারা আর কোনো সময় দিতে রাজি হলো না। প্রয়োজনীয় টাকা আদালতে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো।
জয়কালী একবার সাধনের কাছে গেলেন।
Ñতুই কিছু টাকা জোগাড় করতে পারবি?
সাধন বলল,
Ñএখন আমার হাত একেবারে খালি।
Ñতোর ব্যবসা নেই?
Ñব্যবসা আর কত! নিজের সংসারই চলে না।
তারপর তিনি বিপ্লবের কাছে গেলেন।
বিপ্লব বলল,
Ñমা, আমার তো দোকানের অবস্থাই খারাপ। আমি কোথা থেকে টাকা দেব?
জয়কালী ছন্দার দিকে তাকালেন।
ছন্দা বলল,
Ñমা, আমরা কি চাই জমি চলে যাক? কিন্তু টাকা তো আকাশ থেকে পড়বে না।
জয়কালী এবার বড় ছেলের কথা ভাবলেন। কিন্তু সুজয় তো আগেই পিছিয়ে গেছে।
তিনি ফোন করলেন।
Ñসুজয়, জমির ব্যাপারে কিছু একটা কর।
সুজয় বলল,
Ñমা, আমি তো জমি কিনতে চেয়েছিলাম। তুমি কাগজপত্র ঠিক না করে টাকা নিতে চেয়েছিলে। এখনো যদি বিক্রি করতে চাও, আইনগতভাবে সব ঠিক করে আমাকে জানাও।
জয়কালী রাগ করে ফোন রেখে দিলেন।
এতক্ষণে তিনি বুঝতে পারলেন, তাঁর হাতে সময় নেই। কিন্তু বুঝতে পারলেন না, সময় চলে যাওয়ার পেছনে তাঁর নিজের সিদ্ধান্তেরও বড় ভূমিকা রয়েছে।
কয়েক দিনের মধ্যে জমির ভাগ্য নির্ধারিত হয়ে গেল। বন্ধকদাতারা নির্ধারিত অর্থ কোর্টে জমা দিল। আইনি প্রক্রিয়া শেষে জমি তাদের দখলে চলে গেল।
যে জমি একসময় ভোলানাথের ঘামের বিনিময়ে কেনা হয়েছিল, যে জমি শ্বশুরবাড়ির যৌতুক হিসেবে এসেছিল, যে জমির ওপর দাঁড়িয়ে একটি পরিবারের ভবিষ্যৎ নির্মাণ হওয়ার কথা ছিলÑসেই জমি এখন অন্যের।
জয়কালী প্রথম কয়েক দিন কারও সঙ্গে ভালো করে কথা বললেন না। তবে তাঁর দুঃখটা জমি হারানোর জন্য, না নিজের সিদ্ধান্তের ব্যর্থতার জন্যÑতা বোঝা গেল না।
সাত
জমির দখল নেওয়ার পর একদিন বন্ধকদাতারা সাধনকে ডেকে পাঠাল।
সাধন একটু ভয় পেয়েছিল। ভেবেছিল, হয়তো জমি নিয়ে কোনো নতুন ঝামেলা হবে। কিন্তু তারা তাকে বসতে বলল।
একজন বলল,
Ñতোমাদের পরিবারের অনেক নাটক হয়েছে। আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই।
অন্যজন পকেট থেকে টাকা বের করল।
পঞ্চাশ হাজার টাকা।
টাকাগুলো সাধনের হাতে দিয়ে বলল,
Ñএই নাও। যাও, চুপ থাকো। আর এ নিয়ে কোথাও কোনো কথা বলবে না।
সাধন প্রথমে টাকা নিতে ইতস্তত করল। তারপর চারদিকে তাকাল। কেউ দেখছে কি না, নিশ্চিত হলো। এরপর টাকাটা নিজের পকেটে রেখে দিল।
সে বাড়ি ফিরল স্বাভাবিক মুখে। কিন্তু নিপা বুঝতে পারল, তার স্বামীর হাতে কিছু এসেছে।
রাতে জিজ্ঞেস করল,
Ñকী হয়েছে?
সাধন বলল,
Ñকিছু না।
নিপা আর প্রশ্ন করল না। সে জানে, কিছু কিছু প্রশ্নের উত্তর মুখে না বললেও বোঝা যায়।
জমি চলে গেছে। কিন্তু জমি নিয়ে যে পারিবারিক রাজনীতি এত দিন চলেছে, তার শেষ দৃশ্যটাও যেন নিপার অজানা রইল না।
আট
কয়েক দিন পর সুজয় গ্রামে এল।
মায়ের সঙ্গে দেখা করল। জয়কালী উঠোনে বসে পান খাচ্ছিলেন। তাঁর মুখে আগের সেই দৃঢ়তা নেই।
সুজয় বলল,
Ñমা, জমির কী হলো?
জয়কালী কোনো উত্তর দিলেন না।
Ñজমি কি চলে গেল?
Ñহ্যাঁ।
সুজয় কিছুক্ষণ চুপ করে রইল।
তারপর বলল,
Ñআমি তো কিনতে চেয়েছিলাম, মা।
জয়কালী এবার মুখ তুলে তাকালেন।
Ñতুই তো টাকা দিতে চাসনি।
Ñকাগজপত্র ঠিক না করে এত টাকা কীভাবে দিই?
জয়কালী কোনো উত্তর দিলেন না।
সুজয় আবার বলল,
Ñতুমি আমার কাছে থাকতে পারতে। তোমার কোনো অভাব হতো না।
জয়কালী এবার একটু বিরক্ত হলেন।
Ñতুই এখন এসব কথা বলছিস কেন?
সুজয় মৃদু স্বরে বলল,
Ñকিছু বলছি না মা। শুধু ভাবছি, এত দিনের সংসারটা কোথায় এসে দাঁড়াল!
কথা শেষ করে সে উঠোন থেকে বেরিয়ে গেল।
শ্যামা পাশের ঘর থেকে সব শুনছিল। সে এগিয়ে এসে মাকে বলল,
Ñমা, জমিটা তো শেষ হয়ে গেল। এখন কী হবে?
জয়কালী বললেন,
Ñতোরা তো আছিস।
শ্যামা হেসে বলল,
Ñকে আছে মা? বড়দা নিজের সংসারে, মেজদা নিজের সংসারে। ছোট ভাইয়ের নিজেরই তো কিছু নেই। এখন তুমিই বলো, কে কাকে দেখবে?
জয়কালী এবার রেগে গেলেন।
Ñতুই চুপ কর। সব সময় উল্টাপাল্টা কথা বলিস।
শ্যামা চুপ করে গেল।
দুর্গা দূর থেকে সব দেখছিল। সে কিছু বলল না। নীপাও জানে, এখন কথা বলে লাভ নেই।
ছন্দা অবশ্য দোকানের হিসাব নিয়ে ব্যস্ত।
সন্ধ্যায় উঠোনের এক কোণে জয়কালী একা বসে ছিলেন। সামনে ভোলানাথের পুরোনো দাঁড়িপাল্লা। পাশে ধানের হিসাবের খাতা। হঠাৎ তাঁর মনে হলো, ভোলানাথ বেঁচে থাকলে হয়তো এমন হতো না।
কিন্তু মানুষ চলে গেলে তার রেখে যাওয়া কথাগুলোও অনেক সময় মূল্য হারায়। তিনি মনে করার চেষ্টা করলেন, ভোলানাথ শেষবার তাঁকে কী বলেছিলেন।
‘যে সংসারে হিসাবের চেয়ে পক্ষপাত বড় হয়ে যায়, সে সংসারে টাকা থাকলেও শান্তি থাকে না।’
কথাটা মনে পড়তেই তাঁর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল।
এত দিন তিনি ভেবেছেন, ছোট ছেলেকে বাঁচাচ্ছেন। তার সংসারটাকে দাঁড় করাচ্ছেন। কিন্তু আজ ছোট ছেলের সংসার আছে, ছোট বৌমার দোকান আছে, মেজ ছেলের নিজের কাজ আছে। শুধু জমিটা নেই।
আর বড় ছেলে?
সে দূরের শহরে ফিরে গেছে। নিজের সংসার নিয়ে ব্যস্ত।
শ্যামা?
সে নিজের মতো করে জীবন কাটায়।
জয়কালী বুঝতে পারলেন না, এতগুলো মানুষের মধ্যে তিনি আসলে কার মা ছিলেন, আর কার কাছে তিনি কেবল জমির মালিকানা।
নয়
রাত গভীর হলো।
বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। জয়কালী একা জেগে আছেন।
বাইরে শীতের হাওয়া। উঠোনে একটা শুকনো পাতা উড়ে এসে পড়ল।
তিনি মনে মনে হিসাব করতে লাগলেন।
দেড় বিঘা নিজের কেনা জমি।
দুই বিঘা যৌতুকের জমি।
তারপর সাড়ে তিন বিঘা বন্ধক।
তারপর আরও জমি।
একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার।
কত টাকা এসেছিল? কোথায় গেল? কে কত নিল? কে কত ফেরত দিল?
কোনো হিসাবই আর ঠিকমতো মনে করতে পারলেন না।
শুধু মনে পড়ল, একদিন ছন্দা বলেছিল,
Ñমা, বিপ্লবের জন্য কিছু একটা করতেই হবে।
সেদিন তিনি ভেবেছিলেন, ছন্দাই তাঁর ছোট ছেলের প্রকৃত মঙ্গল চায়।
আজ মনে হচ্ছে, সংসারের প্রত্যেকেই নিজের নিজের মঙ্গল চেয়েছে। কেউ বড় ছেলের মতো দূরে সরে গিয়ে, কেউ মেজ ছেলের মতো হিসাবের আড়ালে থেকে, কেউ ছোট ছেলের মতো অসহায়ত্বকে সম্বল করে, কেউ ছোট বৌমার মতো নীরব কৌশলে।
আর তিনি?
তিনি শুধু মা হতে চেয়েছিলেন। কিন্তু মা হতে গিয়ে বিচারক হতে পারেননি।
তবে সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়েছিল, তা তিনি বুঝতে পারলেন না।
হয়তো ভোলানাথের নামে জমি না রাখাই ভুল ছিল।
হয়তো ছোট ছেলের প্রতি অন্ধ পক্ষপাত।
হয়তো বড় ছেলেকে অবিশ্বাস করা।
হয়তো মেজ ছেলের হিসাব না চাওয়া।
অথবা হয়তো জমিকে সংসারের সম্পদ না ভেবে নিজের ক্ষমতার উৎস মনে করা।
সেদিন রাতে জয়কালী প্রথমবারের মতো উপলব্ধি করলেন, সম্পত্তি শুধু জমির পরিমাণ দিয়ে মাপা যায় না। সম্পত্তির সঙ্গে জড়িয়ে থাকে সম্পর্ক, বিশ্বাস, দায়িত্ব আর ভবিষ্যৎ।
এসবের একটিও তিনি ধরে রাখতে পারেননি।
পরদিন সকালে সাধন বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বিপ্লব বিছানায় বসে ছিল। ছন্দা দোকানের জন্য মালামালের তালিকা করছিল।
জয়কালী উঠোনে বসে ছিলেন। সুজয় আর শ্যামা দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। কেউ জয়কালীর কাছে এসে জিজ্ঞেস করল না, তাঁর কিছু লাগবে কি না। তিনি একবার বড় ছেলের দিকে তাকালেন। তারপর ছোট ছেলের দিকে। দুই দিকেই তাঁর সন্তান। কিন্তু দুই দিকের দূরত্ব যেন দুই নদীর সমান। ভোলানাথের পুরোনো দাঁড়িপাল্লাটা তখনও উঠোনের এক কোণে পড়ে আছে। একসময় এই দাঁড়িপাল্লায় ভোলানাথ ধানের ওজন করতেন। মণ, সের, ছটাকÑকোনো হিসাবেই ভুল করতেন না।
শুধু জীবনের শেষ হিসাবটা হয়তো তিনি করতে পারেননি।
আর জয়কালী?
তিনি এত দিন সবাইকে নিজের মতো করে ওজন করেছেন। কিন্তু কারও প্রকৃত ওজন বুঝতে পারেননি।
পরিবারের জমি চলে গেছে।
জমির সঙ্গে চলে গেছে এক পরিবারের বিশ্বাস, এক বাবার জীবনের পরিশ্রম, আর এক মায়ের শেষ বয়সের নিশ্চিন্ত আশ্রয়। অথচ পরিবারের রাজনীতি থামেনি। কারণ জমি হারালেও স্বার্থ হারায় না। আর যেখানে স্বার্থই পরিবারের প্রধান ভাষা হয়ে ওঠে, সেখানে রক্তের সম্পর্কও একসময় রাজনৈতিক জোটের মতো হয়ে যায়।
ভোলানাথ ম-লের সংসারে তাই শেষ পর্যন্ত কেউ জেতেনি। জিতেছে শুধু ফ্যামিলি পলিটিক্স।

Ads small one

৪৪ ঘণ্টার বাড়তি সময়েও ব্যর্থ কপ৩১, হলো না চুক্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
৪৪ ঘণ্টার বাড়তি সময়েও ব্যর্থ কপ৩১, হলো না চুক্তি

জীবাশ্ম জ্বালানির উল্লেখ বাদ দেওয়া চুক্তিতে সমর্থন দিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অন্য দেশগুলো রাজি না হওয়ায় ব্যর্থ হয়েছে কপ৩১ জলবায়ু আলোচনা। রবিবার (২২ নভেম্বর) তুরস্কের শহর আন্তালিয়ায় সম্মেলন শেষ হয়েছে বিশৃঙ্খলার মধ্য দিয়ে। সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তির ৪৪ ঘণ্টা পর একাধিক দেশ প্রধান চুক্তি প্রত্যাখ্যান করে।

ঊর্ধ্বমুখী জ্বালানির দাম এবং বিশ্বকে অস্থির করে তোলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে আলোচনা হয়েছে। সৌদি আরবের মতো দেশ চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানির উল্লেখের তীব্র বিরোধিতা করেছে।

ইইউর ঘূর্ণায়মান সভাপতিত্ব থাকা আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী ড্যারাহ ও’ব্রায়েন বলেন, আমরা এমন কোনও কিছু সমর্থন করব না, যেখানে জলবায়ু পরিবর্তনের মূল চালিকা শক্তি জীবাশ্ম জ্বালানির উল্লেখই নেই।

প্রত্যাশা আগে থেকেই কম থাকায় আলোচনার নেতৃত্বদানকারী অস্ট্রেলিয়া একটি সামগ্রিক প্রস্তাব করেছিল। এতে দেশগুলোর মধ্যে ঐকমত্যের ক্ষেত্রগুলো এবং বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ভবিষ্যৎ দিক তুলে ধরার কথা ছিল। কিন্তু চূড়ান্ত প্রস্তাবে কয়লা, তেল বা গ্যাসের স্পষ্ট উল্লেখ ছিল না। এতে সম্মেলনে অস্থিরতা তৈরি হয় এবং এটি জাতিসংঘের ইতিহাসের দীর্ঘতম জলবায়ু সম্মেলনের রেকর্ড গড়ে। মার্শাল আইল্যান্ডসের জলবায়ু দূত ক্যাথি জেটনিল-কিজিনার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।

কপ৩১ সভাপতি মুরাত কুরুম স্বীকার করেন, চুক্তিতে ঐকমত্য হয়নি। সমাপনী অধিবেশনে তিনি বলেন, আমি বুঝতে পারছি, এই প্রস্তাবে কোনও সমঝোতা নেই। সে কারণে এসব সিদ্ধান্ত গৃহীত হয়নি।

চুক্তির সর্বশেষ খসড়ায় ২০২৩ সালের একটি বৈশ্বিক সমঝোতার পরোক্ষ উল্লেখ ছিল, যেখানে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছিল, তবে কয়লা, তেল ও গ্যাসের নাম স্পষ্টভাবে বলা হয়নি। খসড়ায় কার্বন ক্যাপচার প্রযুক্তি সম্প্রসারণের প্রস্তাবও ছিল, যা জীবাশ্ম জ্বালানি শিল্প সমর্থন করে। পরিবেশবাদী গোষ্ঠীগুলোর সমালোচনা, এটি ব্যয়বহুল এবং নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমাতে অকার্যকর।

আরব গোষ্ঠীর পক্ষে সৌদি জলবায়ু আলোচক মোহাম্মদ আইয়ুব এই অবস্থানের পক্ষে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সব সম্ভাব্য সমাধানে দেশগুলোর প্রবেশাধিকার থাকা দরকার এবং নিজ নিজ জাতীয় পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ বেছে নেওয়ার সুযোগ থাকা উচিত।

সূত্র: উইয়ন নিউজ

বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ

যশোর সংবাদদাতা: বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। রোববার দুপুরে সংগঠনের জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

সংগঠনের যশোর জেলা কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কৃষ্ণালাল সরকার, সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজেশ, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু ও যুগ্ম সম্পাদক আইয়ুব হোসেন।

বক্তারা বলেন, ইউরোপ, আমেরিকা, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকেরা মজুরি বৃদ্ধি, চাকরির নিশ্চয়তা, আবাসন সংকট নিরসন, শিক্ষা ব্যয় কমানো ও জীবনযাত্রার ব্যয় হ্রাসের দাবিতে আন্দোলন করছেন। যুদ্ধ প্রস্তুতি ও সামরিক ব্যয় বৃদ্ধির বিরুদ্ধেও বিভিন্ন দেশে প্রতিবাদ চলছে।

বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তাঁরা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে দেশ-বিদেশের শ্রমিক আন্দোলনের মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তুলতে হবে। একই সঙ্গে শ্রমিক-কৃষকের অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত আন্দোলন জোরদারের আহ্বান জানান তাঁরা।

সম্পাদকীয়/দুবলার চরে রাস উৎসব: ভক্তি ও নিরাপত্তার মেলবন্ধন জরুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
সম্পাদকীয়/দুবলার চরে রাস উৎসব: ভক্তি ও নিরাপত্তার মেলবন্ধন জরুরি

বৈরী আবহাওয়া অব্যাহত থাকলেও ঐতিহ্যবাহী রাস উৎসব ও পূর্ণিমার পুণ্যস্নানকে ঘিরে সুন্দরবনের দুবলার চরে যাত্রা শুরু করেছেন সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা। শতাব্দীপ্রাচীন এই উৎসব কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি উপকূলীয় সংস্কৃতি ও মানুষের অদম্য ভক্তির এক অনন্য নিদর্শন। তবে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার মধ্যে এই বিশাল জনসমাগম নির্বিঘœ করতে সর্বোচ্চ সতর্কতা ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই।

প্রতিবছরের মতো এবারও ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসব ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী দুবলার চরের আলোরকোলে সমবেত হচ্ছেন। পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ বেশ কিছু সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। পাঁচটি নির্দিষ্ট নৌপথ নির্ধারণ, রাতে নৌযান চলাচল নিষিদ্ধ করা, প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া বাধ্যতামূলক করা এবং বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের সমন্বয়ে যৌথ টহল ব্যবস্থা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

তবে কেবল প্রশাসনিক প্রস্তুতিই যথেষ্ট নয়, বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে পুণ্যার্থী এবং নৌযান চালকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে। অতিরিক্ত যাত্রী বোঝাই না করা, আবহাওয়ার পূর্বাভাস মেনে চলা এবং কেবল দিনের ভাটায় নির্ধারিত নৌপথ ব্যবহার করার নির্দেশনাগুলো কঠোরভাবে পালন করতে হবে। সামান্য অসাবধানতা বা অতি-উৎসাহ যেন কোনো বড় দুর্ঘটনার কারণ না হয়, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন।

পাশাপাশি, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের নাজুক প্রতিবেশব্যবস্থা রক্ষার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২১ সাল থেকে দুবলার চরে বাণিজ্যিক মেলা বন্ধ রাখা এবং সাধারণ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত সুন্দরবনের বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে। এবারও বনের ভেতর একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, মাইক, আতশবাজি ও শিকারের সরঞ্জাম নিষিদ্ধ করা হয়েছে। পুণ্যার্থীদের উচিত ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে এই পরিবেশবান্ধব নীতিমালাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলা, যাতে উৎসবের আনন্দে প্রকৃতির কোনো ক্ষতি না হয়।

আমরা আশা করি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং পুণ্যার্থীদের সচেতনতা ও সহযোগিতায় বৈরী আবহাওয়ার প্রতিকূলতা কাটিয়ে এবারের রাস উৎসব ও পুণ্যস্নান নিরাপদ, শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধবভাবে সম্পন্ন হবে।