ডিসি কাপের প্রস্তুতি ম্যাচে কাজীরহাটকে হারিয়েছে কলারোয়া
কলারোয়া প্রতিনিধি: আসন্ন জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত এ প্রস্তুতি ম্যাচে কাজীরহাট প্রগতি সংঘকে ৩-১ গোলে হারিয়েছে কলারোয়া ফুটবল একাডেমি।
খেলার প্রথমার্ধেই দারুণ দাপট দেখিয়ে কলারোয়া ২-০ গোলে এগিয়ে যায়। বিরতির পর কাজীরহাট ১টি গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। তবে শেষ দিকে কলারোয়া আরও ১টি গোল করে দলের বড় জয় নিশ্চিত করে।
সাবেক কৃতী ফুটবলার শেখ আলতাফ হোসেন প্রীতি ম্যাচটির উদ্বোধন করেন। ম্যাচটি পরিচালনা করেন রেফারি সাজিদুল করিম তপু এবং সহকারী হিসেবে ছিলেন জুবায়ের হোসেন ও আনোয়ার হোসেন। ধারাবিবরণী দেন মাস্টার শেখ শাহজাহান আলী শাহিন।
ম্যাচ চলাকালে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মীর রফিকুল ইসলাম, বাফুফে জেলা সদস্য সাইফুল ইসলাম বাবু, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, কোচ মাসুদুল ইসলাম, রেফারি মিয়া ফারুক হোসেন স্বপন ও সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানিয়েছেন, জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের মূল দল বাছাই ও প্রস্তুতির অংশ হিসেবে পর্যায়ক্রমে আরও একাধিক প্রস্তুতিমূলক ম্যাচ আয়োজন করা হবে।












