তালা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলতাফ হোসেনের ২২তম মৃত্যুবার্ষিকী পালন
পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম আলতাফ হোসেনের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০০৪ সালের ৪ মে সন্ধ্যায় পাটকেলঘাটা সদরের পাঁচ রাস্তার মোড়ে এক সন্ত্রাসী বোমা হামলায় তিনি নিহত হয়েছিলেন।
২০০৪ সালের ওই দিনে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড়ে সন্ত্রাসীরা আলতাফ হোসেনকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। হামলায় তাঁর সঙ্গে থাকা স্থানীয় বড়বিলা গ্রামের যুবদল কর্মী হাবিবুর রহমানও গুরুতর আহত হন। সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁদের দুজনেরই মৃত্যু হয়।
এবিএম আলতাফ হোসেন দীর্ঘ সময় তালা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি সমাজসেবা ও শিক্ষা বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। একবার তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাটকেলঘাটা থানা সদরের সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।
স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, জনপ্রিয় এই নেতার মৃত্যুবার্ষিকীতে এবার দলীয়ভাবে কোনো স্মরণসভা বা বড় কোনো কর্মসূচির খবর পাওয়া যায়নি। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে নিজস্ব বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। নিবেদিতপ্রাণ এই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা ব্যক্তিগতভাবে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।









