দেবহাটায় চোরাই ইজিবাইকের সরঞ্জামসহ গ্রেপ্তার ২
Oplus_131072
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ চুরির মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমের নির্দেশনায় এসআই সঞ্জয় পাল মঙ্গলবার দুপুরে পারুলিয়া বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে দুই আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার গোদাঘাটা গ্রামের মাসুদ রানা (২৭) ও রাসেলুজ্জামান (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাতেই খুলনা জেলার কয়রা উপজেলার কুসুডাঙ্গা ও ভান্ডারখোলা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে চোরাই ইজিবাইকের ব্যাটারি, কন্ট্রোলার ও মোটরসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ।
দেবহাটা থানার ওসি আব্দুল আলিম জানান, থানায় দায়ের করা একটি চুরি মামলার তদন্তের সূত্র ধরে এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মালামাল উদ্ধার করা হয়। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।












