রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

তালায় উপজেলা প্রেসক্লাবের নির্মাণাধীন ভবনে ভাঙচুর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
তালায় উপজেলা প্রেসক্লাবের নির্মাণাধীন ভবনে ভাঙচুর

খলিষখালি (পাটকেলঘাটা) প্রতিনিধি: তালা উপজেলায় নির্মাণাধীন প্রেসক্লাব ভবনের নতুন গাঁথুনি গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় তালা বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের পাড়ে এই ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার (১২ মে) দুপুরে তালা থানায় একটি লিখিত অভিযোগ করেছে প্রেসক্লাব কর্তৃপক্ষ। অভিযোগের প্রেক্ষিতে এদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
প্রেসক্লাব সূত্র জানায়, তালা বাজারের কফি হাউজ সংলগ্ন এলাকায় উপজেলা প্রেসক্লাবের নতুন ভবনের নির্মাণকাজ চলছিল। প্রতিদিনের মতো কাজ শেষে শ্রমিকেরা চলে যাওয়ার পর রাতের আঁধারে একদল দুর্বৃত্ত নবনির্মিত দেয়ালের গাঁথুনি ভেঙে ফেলে। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।
ঘটনার পর দুপুরে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষয়ক্ষতির আলামত সংগ্রহ করেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিক নেতারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাতক্ষীরার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “প্রেসক্লাবের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

Ads small one

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি, পালাল দুই ভারতীয়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি, পালাল দুই ভারতীয়

ফাইল ছবি

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল চলাকালে দুই ভারতীয় চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে বাহিনীটি।

আজ রোববার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় সীমান্তের মেইন পিলার-১৩-সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল দেখতে পান টহল সদস্যরা। তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণ করতে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তারা তা অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করেন।

এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন এবং নিরাপত্তার স্বার্থে ও গতিরোধের উদ্দেশে গুলি ছোড়েন। পরে ওই দুই ব্যক্তি সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করা যায়নি। বাহিনীটির দাবি, গুলির ঘটনায় কেউ আহত হননি।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান উক্ত তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
দেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রামে সাহানারা বেগম (৩৮) নামের এক নারী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দেবহাটা থানায় ইউডি মামলা দায়ের হয়েছে। মামলা নাম্বার ১৪।

নিহত ওই নারী সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর গ্রামের মৃত জাহিদ হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতের কোনো এক সময় ওই নারী নিজ বাড়ির একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সোমবার দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে তাঁর স্বামী মরহুম জাহিদ আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর সংসারের স্বচ্ছলতা ফেরাতে তিনি বিদেশে যান। সম্প্রতি দেশে ফিরে আসেন ওই নারী। তবে কী কারণে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিতভাবে কোনো কারণ জানাতে পারেননি।

এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম জানান, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

সুন্দরবনে নিষেধাজ্ঞা চলাকালে ঠিকাদারের ট্রলারে বরফ ও মাছ পরিবহনের দাবি এলাকাবাসীর

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
সুন্দরবনে নিষেধাজ্ঞা চলাকালে ঠিকাদারের ট্রলারে বরফ ও মাছ পরিবহনের দাবি এলাকাবাসীর

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সুন্দরবনে সরকারি নিষেধাজ্ঞা চলাকালে বনবিভাগের একটি প্রকল্পের ঠিকাদারের ট্রলার ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার ও পরিবহনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বনবিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে এসব কার্যক্রম দীর্ঘদিন ধরে চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে সুন্দরবনের বিভিন্ন এলাকায় বাঘের জন্য টিলা (উঁচু স্থান) নির্মাণকাজ চলছে। ওই প্রকল্পের ঠিকাদার এর মালামাল পরিবহনকারী ট্রলারে নিয়মিত বরফ বহন করা হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, ওই বরফ ব্যবহার করে সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে জাল পেতে ধরা বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণ করা হয় এবং পরে একই ট্রলারে বন থেকে বাইরে আনা হয়।

অভিযোগকারীরা আরও বলেন, সুন্দরবনে তিন মাসের সরকারি নিষেধাজ্ঞার সময় সাধারণ জেলে ও বনজীবীরা বনে প্রবেশ করতে না পারলেও ঠিকাদারের ট্রলার অবাধে চলাচল করছে। ফলে এই সুযোগকে কাজে লাগিয়ে অবৈধভাবে মাছ শিকার ও পরিবহনের ঘটনা ঘটছে বলে তাদের সন্দেহ। বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার জানানো হলেও সংশ্লিষ্ট ট্রলারে কোনো ধরনের তল্লাশি বা নজরদারি করা হয়নি বলেও অভিযোগ করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের এক কর্মচারী বলেন, “গত বছর একবার আলম ঠিকাদারের ট্রলারে বরফ দেখতে পাই। তখন তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, অল্প কিছু মাছ পেলে খাওয়ার জন্য বরফে রাখি।”

স্থানীয়দের দাবি, সুন্দরবন রক্ষায় আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব ট্রলারে নিয়মিত তল্লাশি ও নজরদারি জোরদারের আহ্বান জানান তারা।

রবিবার (১২জুলাই) সকালে ঠিকাদার আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ স্বীকার করে বলেন, “আমি এক তারিখে বরফ নিয়ে গিয়েছিলাম, কিন্তু কোনো মাছ ধরিনি।”

অভিযোগের বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তার ইরফান উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক মশিউর রহমানের নাম্বারে ফোন করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।