তালায় খামারির গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, সর্বস্বান্ত পরিবার
নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামে এক প্রান্তিক খামারির গোয়ালঘর থেকে গবাদিপশু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ একটি চোরচক্র খামারি মো. নুরনব্বী গাজী পলাশের গোয়ালঘরের তালা ভেঙে একটি বকনা, একটি গাভী ও বাছুরসহ দুটি ছাগল চুরি করে নিয়ে যায়। এক রাতেই প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতির মুখে পড়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন এই খামারি।
নুরনব্বী গাজী পলাশ জানান, দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয় ও ঋণের টাকায় তিনি গবাদিপশুগুলো লালন-পালন করছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকেও তিনি গোয়ালঘরে পশুগুলো দেখে ঘুমাতে যান। সকালে উঠে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে কোনো পশু নেই। এক রাতের ব্যবধানে সবকিছু হারিয়ে এখন তিনি দিশেহারা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম, থানার এসআই শিপন সানা ও এসআই ফারুক। এ ঘটনায় খামারি নুরনব্বী গাজী পলাশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে তালা থানায় একটি এজাহার দায়ের করেছেন।
সাংবাদিক এসএম নজরুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে চোরদের দ্রুত শনাক্ত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, চুরির ঘটনার তথ্য উদ্ঘাটনে সকাল থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে।







