তালায় তুচ্ছ ঘটনায় আদালতে মামলা, তদন্তে পুলিশ
তালা প্রতিনিধি: তালায় পোষা কুকুরকে ইট মারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এই মামলাটিকে ‘মিথ্যা ও সাজানো’ বলে দাবি করেছে বিবাদী পক্ষ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, তালা পুরাতন থানার পাশে সিরাজুল ইসলামের ছেলে ফারুক হোসেন পাশের একটি দোকানে যাওয়ার সময় তাঁদের পোষা কুকুরটি তাঁর পিছু নেয়। এ সময় প্রতিবেশী সেলিম বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম কুকুরটিকে লক্ষ্য করে একটি ইট ছুড়লে তা ফারুক হোসেনের গায়ে লাগে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিত-া ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
ঘটনার পর সেলিম বিশ্বাস ও তাঁর ছেলে তালা থানায় মামলা করার চেষ্টা করেন। থানা মামলা না নেওয়ায় সেলিম বিশ্বাসের পুত্রবধূ আজমিরা বেগম বাদী হয়ে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশনায় তালা থানায় মামলাটি (নম্বর ২৪/২৬) নথিভুক্ত করা হয়েছে। মামলায় ফারুক হোসেন ও এক কলেজছাত্রীসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
বিবাদী পক্ষের মাসুম বিশ্বাস দাবি করেন, ঘটনার দিন শরিফুল ও তাঁর বাবা সেলিম বিশ্বাসই তাঁর ভাই ফারুককে মারধর করেছিলেন। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। আদালতে দাখিল করা মেডিকেল রিপোর্ট ও ছবিগুলো পুরোনো একটি জমি-সংক্রান্ত বিরোধের সময়ের এবং বর্তমানে বাদী পক্ষের কেউ অসুস্থ নন বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে সেলিম বিশ্বাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









