শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

তালায় প্রতিবন্ধী ভাতাভোগীদের যাচাই-বাছাই সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
তালায় প্রতিবন্ধী ভাতাভোগীদের যাচাই-বাছাই সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় প্রতিবন্ধী ভাতার জন্য নতুন আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কার্যক্রমের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এই কর্মসূচিতে আবেদনকারীদের প্রতিবন্ধিতার ধরন ও মাত্রা সরেজমিনে পরীক্ষা করা হয়।
তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।
উপজেলা সমাজসেবা অফিসের কারিগরি প্রশিক্ষক তৌফিক ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, সমাজসেবক এম এম মারুফ উল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়াবীথি’র সভাপতি সাঈদুর রহমান সাঈদ এবং জনপ্রতিনিধি আলমগীর ও তোয়াহিরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর তালা উপজেলায় প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্ত হতে মোট ৬৮৬ জন ব্যক্তি আবেদন করেছেন। যাচাই-বাছাই প্রক্রিয়ায় শারীরিক প্রতিবন্ধিতার পাশাপাশি আবেদনকারীর আর্থ-সামাজিক অবস্থা, বয়স, লিঙ্গ ও ভূমিহীনতার বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, প্রকৃত যোগ্য ও অসচ্ছল ব্যক্তিরা যাতে এই সরকারি সুবিধার আওতায় আসেন, তা নিশ্চিত করতেই এই সরেজমিন যাচাই-বাছাই করা হচ্ছে। চূড়ান্ত তালিকায় নাম আসার পর নিয়ম অনুযায়ী আবেদনকারীরা ভাতার অর্থ পাবেন।

 

 

শার্শায় থামছে না ভ্যান চুরি: স্কুলছাত্রের স্বপ্ন কেড়ে নিল প্রতারক চক্র

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
শার্শায় থামছে না ভ্যান চুরি: স্কুলছাত্রের স্বপ্ন কেড়ে নিল প্রতারক চক্র

সোহাগ হোসেন, শার্শা (যশোর): এনজিও থেকে ঋণ নিয়ে পরিবারের জীবিকা নির্বাহের জন্য নতুন একটি ব্যাটারিচালিত ভ্যান কিনেছিলেন নয়ন হোসেন। অভাবের সংসারে বাবাকে সাহায্য করতে মাঝে মাঝে সেই ভ্যান নিয়ে বের হতো ষষ্ঠ শ্রেণির ছাত্র শাওন (১২)। কিন্তু শুক্রবার সেই ভ্যানটিই কৌশলে নিয়ে গেছে একটি প্রতারক চক্র। চোখের সামনে বাবার উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে এখন দিশেহারা শিশু শাওন।
ভুক্তভোগী শাওন শার্শার গোগা কালিয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। পরিবার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে গোগা বাজার থেকে বাগআঁচড়া যাওয়ার কথা বলে এক ব্যক্তি শাওনের ভ্যানটি ভাড়া নেয়। বাগআঁচড়া বাজারের একটি নির্জন স্থানে ভ্যানটি রাখতে বলে কৌশলে শাওনকে অন্যদিকে সরিয়ে নিয়ে যায় চক্রের এক সদস্য। এই সুযোগে ওত পেতে থাকা অন্য সদস্যরা ভ্যানটি নিয়ে চম্পট দেয়।
বাগআঁচড়া এলাকায় ভ্যান চুরির ঘটনা এটিই প্রথম নয়। স্থানীয়দের অভিযোগ, গত এক বছরে এই এলাকায় অন্তত ডজনখানেক ভ্যান চুরির ঘটনা ঘটেছে। গত ৪ অক্টোবর ঝিকরগাছার এক বৃদ্ধ চালক এবং ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদের সচিব পরিচয়ে আরও এক চালকের ভ্যান চুরি হয়। গত ১৭ মার্চ চোর চক্রের দুই সদস্যকে স্থানীয় জনতা হাতেনাতে ধরে পুলিশে দিলেও থামেনি এই উৎপাত।
এলাকাবাসীর ক্ষোভ, একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশ এখন পর্যন্ত একটি ভ্যানও উদ্ধার করতে পারেনি। ফলে ভুক্তভোগীরা এখন আর থানায় অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করতে আগ্রহী হচ্ছেন না। সচেতন মহলের মতে, প্রশাসনের এই নীরবতার সুযোগে চোর চক্র এখন আরও বেপরোয়া হয়ে উঠছে, যার জেরে অনেক সময় চালকদের হত্যা বা ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটছে।
এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, “ভ্যান চুরির ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে প্রশাসনের এমন ‘দায়সারা’ বক্তব্যে আশ্বস্ত হতে পারছেন না স্থানীয়রা। দ্রুত কার্যকর পদক্ষেপ ও চুরি হওয়া ভ্যান উদ্ধারের দাবি জানিয়েছেন বাগআঁচড়াবাসী।

যশোর-সাতক্ষীরা মহাসড়ক যেন মরণফাঁদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
যশোর-সাতক্ষীরা মহাসড়ক যেন মরণফাঁদ

মনিরামপুর (যশোর) সংবাদদাতা: যশোরের মনিরামপুর উপজেলায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বেগারীতলা বাজার এলাকায় যশোর–সাতক্ষীরা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এলাকাটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি বাঁশবোঝাই নসিমন বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন, বিশেষ করে জামায়াতে ইসলামীর একদল তরুণ স্বেচ্ছাসেবক দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেন। মনিরামপুর পৌরসভা যুব জামায়াতের কর্মী মো. আব্দুর রাজ্জাক তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত ব্যক্তি উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের মরহুম মনির উদ্দিনের ছেলে মো. গোলাম রসুল (৪৫)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহত গোলাম রসুল মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং শরীরের বিভিন্ন স্থানে চোট রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের প্রবীণ বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দীন সানাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুপুরে জানাজার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ু মরহুমের কফিনে জাতীয় পতাকা মুড়িয়ে ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। জানাজায় ইমামতি করেন মরহুমের ভাইপো হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
জানাজায় অন্যদের মধ্যে কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় সম্মাননা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।