শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

তালায় বরজ থেকে পান চুরি, মালামাল উদ্ধার হলেও অধরা চোর

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
তালায় বরজ থেকে পান চুরি, মালামাল উদ্ধার হলেও অধরা চোর

খলিষখালি (পাটকেলঘাটা) প্রতিনিধি: তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে একটি পানের বরজ থেকে বিপুল পরিমাণ পান চুরির ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া পান উদ্ধার করলেও অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি। এতে স্থানীয় পান চাষিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত গভীর রাতে খলিষখালী ইউনিয়নের পালপাড়া গ্রামের চাষি অসিত পালের পানের বরজে চুরির ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার সকালে অসিত পাল বরজে গিয়ে দেখেন, তাঁর খেত থেকে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা মূল্যের পান ছিঁড়ে নিয়ে গেছে চোরেরা। চুরির সময় বরজের ব্যাপক ক্ষয়ক্ষতিও করা হয়।
ঘটনাটি জানার পর খলিষখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ওবায়দুল হক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চুরির সঙ্গে দুধলী গ্রামের সেলিম মিয়া ও হেলাল উদ্দিন সরদার জড়িত। পরবর্তীতে এএসআই তৌহিদুজ্জামান ও তাঁর সঙ্গীয় ফোর্স সেলিম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া পান উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় পান, সুপারি ও গবাদিপশুসহ বিভিন্ন পণ্য চুরির সঙ্গে জড়িত। পান উদ্ধার হলেও মূল হোতারা আটক না হওয়ায় অন্য চাষিরা তাঁদের বাগানের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। সচেতন মহলের মতে, অভিযুক্তদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে এলাকায় ঘটে যাওয়া আরও অনেক চুরির রহস্য উন্মোচিত হবে।
খলিষখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ওবায়দুল হক বলেন, “বরজের মালিক অসিত পাল এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা মালামাল উদ্ধার করেছি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে; আশা করছি দ্রুতই তারা ধরা পড়বে।”

পাটকেলঘাটায় তেল বিতরণে বিশৃঙ্খলা: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
পাটকেলঘাটায় তেল বিতরণে বিশৃঙ্খলা: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

এম এম জামান মনি, পাটকেলঘাটা: পাটকেলঘাটা থানার মজুমদার ফিলিং স্টেশনে তেল বিতরণে চরম বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। স্থানীয় রাজনৈতিক হস্তক্ষেপ ও একশ্রেণির প্রভাবশালীর দাপটে সাধারণ বাইকার, শিক্ষক ও চিকিৎসকেরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সময়মতো তেল পাচ্ছেন না।
সরেজমিনে দেখা গেছে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ওপর শত শত যানবাহন তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। পাম্প কর্তৃপক্ষ জানায়, তারা সুষ্ঠুভাবে তেল বিতরণ করতে চাইলেও স্থানীয় কিছু ব্যক্তির হস্তক্ষেপের কারণে পরিবেশ অশান্ত হয়ে পড়ছে। নিয়ম অনুযায়ী তেল বিতরণের জন্য ট্যাগ অফিসার হিসেবে কৃষি দপ্তরের উপসহকারী পীষূষ কুমারকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাঁর উপস্থিতিতেই রাজনৈতিক তদ্বিরে লাইন ভেঙে তেল দেওয়ার অভিযোগ তুলেছেন সাধারণ বাইকাররা।
সরুলিয়া ইউনিয়নের সদস্য সাইফুল ইসলাম জানান, পাটকেলঘাটার বাইরের বিভিন্ন উপজেলা থেকে শত শত বাইকার এখানে ভিড় করায় স্থানীয় পাঁচটি ইউনিয়নের মানুষ ঠিকমতো তেল পাচ্ছে না। এমনকি জরুরি প্রয়োজনে বের হওয়া চিকিৎসক ও শিক্ষকদেরও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এ ছাড়া দায়িত্বরত ট্যাগ অফিসারের বিরুদ্ধে পেশাগত কাজে আসা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে তালা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন, পাম্পের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন কাজ করছে। ট্যাগ অফিসার নিয়োগের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা চলছে। থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা মাঠে রয়েছে।

সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল নিয়োগ: ব্রিফিং প্যারেডে স্বচ্ছতার ওপর জোর

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল নিয়োগ: ব্রিফিং প্যারেডে স্বচ্ছতার ওপর জোর

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা উপলক্ষে সাতক্ষীরায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে এই সভা অনুষ্ঠিত হয়। নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতেই এই আয়োজন।
ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. আরেফিন জুয়েল। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিচালনা করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সব পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১৮, ১৯ ও ২০ এপ্রিল প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৪ মে লিখিত পরীক্ষা এবং ১৩ মে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

শার্শায় থামছে না ভ্যান চুরি: স্কুলছাত্রের স্বপ্ন কেড়ে নিল প্রতারক চক্র

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
শার্শায় থামছে না ভ্যান চুরি: স্কুলছাত্রের স্বপ্ন কেড়ে নিল প্রতারক চক্র

সোহাগ হোসেন, শার্শা (যশোর): এনজিও থেকে ঋণ নিয়ে পরিবারের জীবিকা নির্বাহের জন্য নতুন একটি ব্যাটারিচালিত ভ্যান কিনেছিলেন নয়ন হোসেন। অভাবের সংসারে বাবাকে সাহায্য করতে মাঝে মাঝে সেই ভ্যান নিয়ে বের হতো ষষ্ঠ শ্রেণির ছাত্র শাওন (১২)। কিন্তু শুক্রবার সেই ভ্যানটিই কৌশলে নিয়ে গেছে একটি প্রতারক চক্র। চোখের সামনে বাবার উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে এখন দিশেহারা শিশু শাওন।
ভুক্তভোগী শাওন শার্শার গোগা কালিয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। পরিবার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে গোগা বাজার থেকে বাগআঁচড়া যাওয়ার কথা বলে এক ব্যক্তি শাওনের ভ্যানটি ভাড়া নেয়। বাগআঁচড়া বাজারের একটি নির্জন স্থানে ভ্যানটি রাখতে বলে কৌশলে শাওনকে অন্যদিকে সরিয়ে নিয়ে যায় চক্রের এক সদস্য। এই সুযোগে ওত পেতে থাকা অন্য সদস্যরা ভ্যানটি নিয়ে চম্পট দেয়।
বাগআঁচড়া এলাকায় ভ্যান চুরির ঘটনা এটিই প্রথম নয়। স্থানীয়দের অভিযোগ, গত এক বছরে এই এলাকায় অন্তত ডজনখানেক ভ্যান চুরির ঘটনা ঘটেছে। গত ৪ অক্টোবর ঝিকরগাছার এক বৃদ্ধ চালক এবং ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদের সচিব পরিচয়ে আরও এক চালকের ভ্যান চুরি হয়। গত ১৭ মার্চ চোর চক্রের দুই সদস্যকে স্থানীয় জনতা হাতেনাতে ধরে পুলিশে দিলেও থামেনি এই উৎপাত।
এলাকাবাসীর ক্ষোভ, একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশ এখন পর্যন্ত একটি ভ্যানও উদ্ধার করতে পারেনি। ফলে ভুক্তভোগীরা এখন আর থানায় অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করতে আগ্রহী হচ্ছেন না। সচেতন মহলের মতে, প্রশাসনের এই নীরবতার সুযোগে চোর চক্র এখন আরও বেপরোয়া হয়ে উঠছে, যার জেরে অনেক সময় চালকদের হত্যা বা ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটছে।
এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, “ভ্যান চুরির ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে প্রশাসনের এমন ‘দায়সারা’ বক্তব্যে আশ্বস্ত হতে পারছেন না স্থানীয়রা। দ্রুত কার্যকর পদক্ষেপ ও চুরি হওয়া ভ্যান উদ্ধারের দাবি জানিয়েছেন বাগআঁচড়াবাসী।