দেবহাটায় ২৫ এতিম শিশুর পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় এতিম শিশুদের মাঝে খাদ্য, শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে পারুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের হাতে এসব সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
সংস্থার ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম’-এর আওতায় সাতক্ষীরা সদর, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার ২৫ জন এতিম শিশুকে এই সহায়তা দেওয়া হয়। প্রতিটি শিশুকে চাল-ডালসহ খাদ্যসামগ্রী, শিক্ষা ও খেলাধুলা সামগ্রীর পাশাপাশি পড়াশোনার খরচ বাবদ নগদ ৩ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়েছে।
পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান। এছাড়া ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর জুনিয়র প্রজেক্ট অফিসার সাজিদ আল আহাদ, শিবলী, সংস্থার সাতক্ষীরা প্রতিনিধি শফিকুল ইসলাম, ইউপি সচিব প্রবীর হাজারী প্রমুখ উপস্থিত ছিলেন।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ জানায়, দাতা সংস্থা ‘মা ইন্টারন্যাশনাল’-এর সহযোগিতায় তারা সারাদেশে প্রায় ৪০০ এতিম শিশুর দায়িত্ব পালন করছে। এই কর্মসূচির আওতায় শিশুরা বছরে চারবার খাদ্যসামগ্রী, সারা বছরের শিক্ষা উপকরণ ও টিউশন ফি এবং দুই ঈদে নতুন পোশাক ও নিয়মিত স্বাস্থ্যসেবা পেয়ে থাকে।
তৃণমূল পর্যায়ের এসব এতিম শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং তাদের স্বাভাবিক বেড়ে ওঠা বজায় রাখতেই এই মানবিক উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।









