কলারোয়ার মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ এর শুভ উদ্বোধন
সংবাদদাতা: শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও সততার চর্চা ছড়িয়ে দিতে কলারোয়ার মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে এই ব্যতিক্রমী ও শিক্ষণীয় উদ্যোগটি গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার ১১ জুন বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সততা স্টোরের উদ্বোধন করা হয়। বিক্রেতাহীন এই দোকানে শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজনীয় খাতা, কলম ও অন্যান্য শিক্ষা সামগ্রী কিনে নির্ধারিত বাক্সে সততার সাথে মূল্য পরিশোধ করবে।
মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ ফরহাদ হোসেন তপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সভাপতি ও প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি দমন কমিশনের সম্মানিত সদস্য শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, শিক্ষক উৎপল কুমার সাহ। স্বাগত বক্তব্য রাখেন-মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সদস্য সচিব এম এ সাজেদ।
বক্তারা বলেন ভবিষ্যত প্রজন্মকে দুর্নীতিমুক্ত, আদর্শ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে ‘সততা স্টোর’ অনন্য ভূমিকা রাখবে। শৈশব থেকেই সততার চর্চা করলে তা পরবর্তী জীবনে সমাজ ও রাষ্ট্র গঠনে বড় অবদান রাখবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে সততা স্টোর থেকে কেনাকাটা শুরু করে।












