বেনাপোলে বাংলা টিভির প্রতিনিধিকে মারধর
Oplus_0
বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে প্রকাশ্য দিবালোকে আরিফুল ইসলাম সেন্টু নামের এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি স্যাটেলাইট টেলিভিশন ‘বাংলা টিভি’র বেনাপোল প্রতিনিধি হিসেবে কর্মরত। বৃহস্পতিবার দুপুরে বেনাপোলের কাগজপুকুর বাজার মোড়ে এই হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আরিফুল ইসলাম মোটরসাইকেলযোগে শার্শার দিকে যাচ্ছিলেন। কাগজপুকুর বাজার মোড়ে পৌঁছালে স্থানীয় ঝন্টু নামের এক ব্যক্তির নেতৃত্বে ৫-৭ জন যুবক তাঁর গতিপথ রোধ করেন। এরপর তাঁরা লোহার রড দিয়ে আরিফুলকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত সাংবাদিক আরিফুল ইসলাম জানান, পারিবারিক একটি বিরোধের সালিস বৈঠকে অংশ নিতে তিনি শার্শায় যাচ্ছিলেন। পূর্বশত্রুতা ও সাংবাদিকতার জেরে তাঁর ওপর এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এদিকে বেনাপোলের পাঁচভুলোট গ্রামে চাঁদার দাবিতে এক যুবকের হাত-পা ভেঙে দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
সাংবাদিকের ওপর হামলার এই ঘটনায় শার্শা ও বেনাপোলের গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিকেরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী জানান, এ ঘটনায় বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।












