সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

দেবহাটার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
দেবহাটার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের ইন্তেকাল

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সদ্য সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ নজরুল ইসলাম আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার ভোররাতে ঢাকা শ্যামলী থেকে হাইকোটে যাওয়ার পথে স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ৫ আগষ্ট পরবর্তী একাধিক রাজনৈতিক মামলার আসামী হয়ে তিনি কিছুদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন। গত ৪ মে তাঁর মায়ের মৃত্যু হলে তিনি বাড়িতে আসেন। পরে শনিবার (৯ মে) পুনরায় ঢাকায় যান। রবিবার ভোরে শ্যামলী থেকে হাইকোর্টে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মরহুমের ছোট ছেলে আবুল হাসান জানান, কোরবানির ঈদের আগেই বাড়ি ফেরার ব্যাপারে তাঁর পিতা খুবই আগ্রহী ছিলেন। দ্রুত জামিন নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতেই তিনি ঢাকায় গিয়েছিলেন।

পরিবারের সদস্যরা জানান, মায়ের মৃত্যুর সময় তিনি কাছে থাকতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
নজরুল ইসলাম দীর্ঘদিন দেবহাটা উপজেলার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ এবং মানবিক আচরণের জন্য তিনি এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে দেবহাটাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পরিবার সূত্রে আরও জানা গেছে, ঢাকা থেকে মরদেহ দেবহাটায় পৌঁছানোর পর বিকেলে জানাজার নামাজ শেষে কুলিয়া ইউনিয়নের গোবরাখালী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মায়ের কবরের পাশেই দাফন করা হবে।

 

Ads small one

আমন ক্ষেত তলিয়ে যাওয়ায় শঙ্কায় পাটকেলঘাটার চাষিরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
আমন ক্ষেত তলিয়ে যাওয়ায় শঙ্কায় পাটকেলঘাটার চাষিরা

 

মুজিবর রহমান: পাটকেলঘাটায় সকালে মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন বিলে নিচু এলাকার শত শত বিঘা রোপা আমনের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা। স্থানীয়দের দাবি, অপরিকল্পিত মৎস্য ঘের, বেড়িবাঁধ এবং নদী-নালার নাব্যতা সংকটের কারণে বৃষ্টির পানি নিষ্কাশন হতে পারছে না। ফলে তৈলকুপি, শাকদহ, চোমরখালী, মিঠাবাড়ী, নগরঘাটা, জুজখোলা ও আমতলাডাঙ্গা বিলের শত শত বিঘা জমির আমন খেত ও সবজি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, অতিরিক্ত বৃষ্টি না হলে উঁচু এলাকার ফসলের ক্ষতি হবে না, তবে নিচু এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ট্রাক ক্রয়ের টাকা ও কাগজপত্র না পাওয়ার অভিযোগে কলারোয়ায় সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ
ট্রাক ক্রয়ের টাকা ও কাগজপত্র না পাওয়ার অভিযোগে কলারোয়ায় সংবাদ সম্মেলন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় পুরোনো ট্রাক কেনার পর প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়া এবং পাওনা টাকা ফেরত না দেওয়ার অভিযোগে কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মো. সোহাগ হোসেন নামের এক ব্যক্তি। শাহাপুর গ্রামের অধিবাসী সোহাগ হোসেন লিখিত বক্তব্যে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট তিনি সাড়ে সাত লাখ টাকায় একটি পুরোনো ট্রাক কেনেন। কিন্তু টাকা পরিশোধের পরও বিক্রেতা আমিনুর রহমান গাড়ির কাগজপত্র বুঝিয়ে দেননি। পরবর্তীতে পাওনা ফেরত সংক্রান্ত নানা চুক্তি ও চেক দেওয়া হলেও টাকা ফেরত দেওয়া হয়নি। এতে সোহাগ হোসেন তাঁর পাওনা টাকা উদ্ধারে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

সাতক্ষীরায় মানবাধিকার পরিষদের দ্বি-মাসিক সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় মানবাধিকার পরিষদের দ্বি-মাসিক সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যদের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘স্বদেশ’ সংস্থার বাস্তবায়নে এবং আইন ও সালিশ কেন্দ্র, সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ প্রোগ্রামের অধীনে এ সভার আয়োজন করা হয়। শিবপুর মানবাধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ফরহাদ আমিন সিয়াম ও মানবাধিকার নারী পরিষদের আহ্বায়ক খাদিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারী-শিশু পাচার, বাল্যবিয়ে, জন্মনিবন্ধন ও সাইবার অপরাধসহ সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় স্থানীয় জনগণকে সচেতন করতে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।