নতুন নৌ-পথ চালু করলো ইরান
হরমুজ প্রণালিতে লারাক করিডোর নামে জাহাজ চলাচলের জন্য নতুন নৌ-পথ চালু করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি টিভি এই তথ্য নিশ্চিত করেছে। চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন এই নৌ-পথটি হরমুজ দ্বীপের দক্ষিণ থেকে লারাক দ্বীপের দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। এই পথটি সম্পূর্ণভাবে ইরানের আঞ্চলিক জলসীমার ভেতরে অবস্থিত। আইআরজিসি নৌবাহিনী এই জলপথের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখায় অনুমতিহীন কোনো যানের পক্ষে এই পথ ব্যবহার করা অসম্ভব বলে জানানো হয়েছে।
তবে এখনই এই পথটি ব্যবহারের সুযোগ থাকছে না। আইআরআইবি টিভি জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়ার পর কেবল আইআরজিসি নৌবাহিনীর বিশেষ অনুমতি সাপেক্ষেই বাণিজ্যিক বা অন্যান্য জাহাজগুলো এই লারাক করিডোর ব্যবহার করতে পারবে।






