নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সব কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের সুরক্ষায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সব কার্যালয় শতভাগ তামাক ও ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার রাজধানীতে কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে রক্ষা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম। তিনি জানান, তামাকের ধোঁয়ায় প্রায় সাত হাজার রাসায়নিক পদার্থ রয়েছে, যার মধ্যে প্রায় ২৫০টি মানবদেহের জন্য ক্ষতিকর। তাঁর উপস্থাপিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর তামাকের কারণে প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়। বৈশ্বিক প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহার জরিপের (গ্যাটস) তথ্য উল্লেখ করে তিনি বলেন, আচ্ছাদিত কর্মক্ষেত্রে ৪২ দশমিক ৭ শতাংশ এবং সরকারি কার্যালয়ে ২১ দশমিক ৬ শতাংশ অধূমপায়ী পরোক্ষ ধূমপানের ঝুঁকিতে রয়েছেন।
বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সব জনসমাগমস্থল ও কর্মক্ষেত্র শতভাগ ধূমপানমুক্ত রাখা জরুরি। এ জন্য সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬-এর বিধিমালা দ্রুত প্রণয়নের ওপরও তাঁরা গুরুত্ব দেন। বিধিমালা প্রণয়নে বিলম্ব হলে আইনে অন্তর্ভুক্ত জনস্বাস্থ্য সুরক্ষার উদ্যোগগুলোর সুফল পেতে দেরি হতে পারে বলে তাঁরা উল্লেখ করেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন কর্মকর্তা ফেরদৌস আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কর্তৃপক্ষের সদস্য আনোয়ারুল ইসলাম সরকার, অতিরিক্ত পরিচালক কাউছারুল ইসলাম সিকদার এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের সহকারী পরিচালক ডা. নায়লা পারভিন। এ সময় আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িংয়ের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি












