পাইকগাছায় অবৈধ ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুরের গোপালপুর মৌজায় রেকর্ডীয় জমি ভিপি দেখিয়ে বহিরাগতদের নামে একসনা ইজারা দেয়ায় এর প্রতিবাদে ও বাতিলের দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় নতুন বাজারস্থ নতুন রাস্তার উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য শেখ বেনজির আহমেদ লাল, ইউপি সদস্য ও শ্রমিকদল নেতা মশিউর রহমান মিলন, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সম্পাদক আবু সালেহ মোঃ ইকবাল, বিএনপি নেতা ফারুক আহম্মেদ, জমির মালিক সৌগত ঘোষ সোহাগ ও মোহর আলী।
বক্তারা বলেন, উপজেলার গোপালপুর মৌজায় অবস্থিত ৩৭ শতক জমি ভিপি দেখিয়ে বন্দোবস্ত প্রদান করেছে সহকারী কমিশনার (ভুমি) অফিস। যা সৌগত ঘোষদের পুর্ব পুরুষদের রেকর্ডীয় জমি। তবে সরকার ভিপি তালিকা ভুক্ত করে এ সম্প্রতি বন্দোবস্ত দিচ্ছে। এদিকে এর বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ পাইকগাছা ও জেলা জজআদালাত থেকে পৃথক দুটি রায় পেয়েছেন জমির মালিকগণ, আছে নিষেধাজ্ঞা।
একই সাথে অবমুক্ত করার জন্য জেলা প্রশাসক বরাবর মামলা চলছে বলে সৌগত জানান। যা অবৈধ ভাবে বন্দোবস্ত দেয়া হচ্ছে। বন্দোবস্ত দেয়ার পর ঐ জায়গায় বন্দোবস্ত প্রাপ্তরা ঘর নির্মাণ করতে থাকলে স্থানীয় জনতা তা ভেঙ্গে দেয়।












