শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

পাইকগাছায় বাড়ছে ডেঙ্গু-হামের প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে উপজেলাবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
পাইকগাছায় বাড়ছে ডেঙ্গু-হামের প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে উপজেলাবাসী

পলাশ কর্মকার, কপিলমুনি (পাইকগাছা): খুলনার পাইকগাছায় এখন নিঃশব্দে থাবা বসাচ্ছে ডেঙ্গু ও হামের মতো সংক্রামক রোগ। গত এক মাসের বেশি সময় ধরে উপজেলা জুড়ে এই দুই রোগের প্রাদুর্ভাব জনস্বাস্থ্যকে নতুন এক সংকটের মুখে ঠেলে দিয়েছে। গত ১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর এই ৩৩ দিনের ব্যবধানে কেবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই সেবা নিয়েছেন ৮৩ জন। এর মধ্যে ডেঙ্গুর বিস্তার যেমন উদ্বেগ বাড়াচ্ছে, তেমনি হামের উপস্থিতি নতুন করে ভাবিয়ে তুলেছে উপজেলাবাসীকে।

হাসপাতাল সূত্রে প্রকাশ, উল্লেখিত ৩৩ দিনে উপজেলায় হামে আক্রান্ত হয়েছেন ১৮ জন। এর মধ্যে প্রত্যেককেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। পরিস্থিতি কিছুটা জটিল হওয়ায় তাদের মধ্য থেকে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে রেফার্ড করতে হয়েছে চিকিৎসকদের।

অন্যদিকে, একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৬৫ জন চিকিৎসা নেন। এর মধ্যে ১৬ জন বহির্বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও, ৪৯ জন রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালের বিছানায় ডেঙ্গুর সঙ্গে লড়াই করছেন ১৬ জন রোগী। অবস্থার অবনতি হওয়ায় এ পর্যন্ত ৫ জন ডেঙ্গু রোগীকে খুলনা বা অন্য উন্নত কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু রোধের মূল চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন অভ্যাসে। এডিস মশার বংশবিস্তার রোধে বাসাবাড়ির আশপাশ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার কিংবা জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে দিনের বেলায় মশারি টানানো কিংবা বডি রিপেলেন্ট ব্যবহারের ওপর জোর দিয়েছেন তারা। জ্বর, তীব্র মাথা বা চোখের পেছনে ব্যথা কিংবা জয়েন্টে ব্যথার মতো লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এদিকে, হামের সংক্রমণ অত্যন্ত দ্রুত ছড়ায় বিধায় আক্রান্ত রোগীকে শুরুতেই আলাদা বা আইসোলেশনে রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশি ও গায়ে লালচে ভাব বা ফুসকুড়ি দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, “হাম কিংবা ডেঙ্গু কোনটিই আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়, তবে এটি অবহেলারও অবকাশ রাখে না। ডেঙ্গু প্রতিরোধে আমাদের চারপাশ পরিষ্কার রাখতে হবে এবং পানি জমতে দেওয়া যাবে না। শিশুদের টিকাদান শতভাগ নিশ্চিত করতে হবে। যেকোনো উপসর্গ দেখা দিলে নিজে থেকে ফার্মেসি থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।”

কেবল সরকারি হাসপাতাল বা চিকিৎসকদের একক প্রচেষ্টায় এই স্বাস্থ্যঝুঁকি মোকাবেলা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান এবং সচেতন প্রতিটি পরিবারের সম্মিলিত উদ্যোগ। বিশেষ করে প্রতি সপ্তাহে অন্তত একবার বাড়ির চারপাশ পরিষ্কার করার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে এই প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ৩৩ দিনের এই ৮৩ জনের পরিসংখ্যান কোনো বিচ্ছিন্ন সংখ্যা নয়; বরং এটি আগামী দিনের বড় কোনো বিপদের পূর্বাভাস। সময়মতো সচেতনতার বর্ম গায়ে জড়াতে না পারলে পাইকগাছার জনস্বাস্থ্য এক কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে এমনটাই মনে করছেন সচেতন মহল ও অভিজ্ঞ চিকিৎসকরা।

Ads small one

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কৃষি ব্যাংক সাতক্ষীরার মুখ্য আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে শনিবার দুপুরে মোজাফফার গার্ডেন এন্ড রিসোর্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সাতক্ষীরার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস এম এ কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মহা ব্যবস্থাপক মোঃ আবু হাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা, উপব্যবস্থাপক শাহনেওয়াজ মোহাম্মদ মোস্তফা ফয়সাল, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ জিহাদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকদের সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। সরকার যে সুযোগ দিয়েছে সেটা যেন মানুষের কল্যাণে কাজ হয়। একজন কৃষকও গ্রাহক ব্যাংকে এসে কষ্ট পেয়ে ফিরে না যায়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা কাজী মাসুদুল হক ও মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস।

 

তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব ভবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলিম হায়দার।

সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গাজী সুলতান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস ও তথ্য-প্রযুক্তি সম্পাদক রিয়াদ হোসেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, উপ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ,
সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল, কার্যনির্বাহী সদস্য কে. এম. শাহিনুর রহমান, আজিজুল ইসলাম, শেখ বিলাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সুমন রায় গনেশ, মো. ইমরান হোসেন, তাপস সরকার ও মো. রফিকুল ইসলাম নয়ন।

সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের ব্যাংক একাউন্ট খোলা এবং সদস্যদের পরিচয়পত্র তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতি তাঁর বক্তব্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে প্রেসক্লাবের সার্বিক অগ্রগতিতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভা শেষে অসুস্থ সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাসের মাতা এবং কার্যনির্বাহী সদস্য রোকনুজ্জামান টিপুর আশু সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে সদস্য তাপস সরকারের চাচির মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

সারা দেশে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাতের সতর্কতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
সারা দেশে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাতের সতর্কতা

অনলাইন ডেস্ক: সারা দেশে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) অস্থায়ীভাবে দমকা হাওয়া পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর)) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস এই তথ্য জানিয়েছে।

 

আবহাওয়া বুলেটিনে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ১৯৫ মিলিমিটার।

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি বিরাজমান রয়েছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

 

বর্ধিত আগামী পাঁচদিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট অফিস জানিয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টিপাতের পরিমাপ অনুযায়ী: ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার হচ্ছে হালকা বৃষ্টিপাত। ১১ থেকে ২২ মিলিমিটার মাঝারি ধরনের, ২৩ থেকে ৪৩ মিলিমিটার মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটার হচ্ছে অতি ভারী বৃষ্টিপাত ধরা হয়।