পাইকগাছার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগ ও বাজেটে বরাদ্দের দাবি
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: লবণাক্ততা, সুপেয় পানির সংকট, দুর্বল বেড়িবাঁধ ও নদীভাঙনÑউপকূলীয় খুলনার পাইকগাছার এই দীর্ঘদিনের সমস্যাগুলো মোকাবিলায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন স্থানীয় প্রতিনিধিরা। ২৬ সেপ্টেম্বর পাইকগাছা অফিসার্স ক্লাবে ‘পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় এই দাবি ওঠে। উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন লিডার্সের প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা।
সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাঈদুর রহমান, সম্পাদক মাওলানা আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সানা, সোলাদানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযূষ কান্তি মন্ডল, ইউপি সদস্য রফিকুল ইসলাম, আছমা বেগম, দিলীপ মন্ডল, আবদুল্লাহ আল মামুন, শেখর চন্দ্র ঢালী ও টিএম হাসানুজ্জামান। বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পাইকগাছাকে রক্ষা করতে সমন্বিত ও টেকসই পরিকল্পনা গ্রহণের জোর দাবি জানান।









