পাটকেলঘাটায় ক্লাস চলাকালে নির্মাণকাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
তালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও এখনো শেষ হয়নি মূল কাজ। আগামী ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষকের কক্ষের কাজ বাকি রয়েছে এবং ওয়াশব্লকের কাজ শুরুই হয়নি। এর মধ্যেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ক্লাস চলাকালে ভবনের ছাদের ওপর নির্মাণকাজ চলায় চরম ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় চলাকালীন ছাদের ওপর শ্রমিকেরা কাজ করছেন এবং সেখান থেকে ইট, বালু ও কাঠের টুকরো নিচে পড়ছে। নিচ দিয়ে শিক্ষার্থীদের যাতায়াত থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবকেরা। এছাড়া প্রধান শিক্ষকের কক্ষটি নিচতলার পরিবর্তে ছাদের ওপর নির্মাণ করায় প্রশাসনিক কাজে অসুবিধা হবে বলে দাবি জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্দনা চন্দ বলেন, “কাজ অনেক দেরিতে শুরু হয়েছে। ক্লাস চলাকালে কাজ করায় শিক্ষার্থীরা ঝুঁকিতে রয়েছে। আমরা বিদ্যালয় চলাকালীন কাজ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছি।” জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, বিদ্যালয় চলাকালে এভাবে কাজ করা সমীচীন নয়। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘিœত হয়। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









