শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাটকেলঘাটায় গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
পাটকেলঘাটায় গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: ​সাতক্ষীরার তালা উপজেলায় তাছফিয়া খাতুন (১৯) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামে এ ঘটনা ঘটে।

​নিহত তাছফিয়া সদর উপজেলার পরানদাহ এলাকার সিদ্দিক আলী সরদারের মেয়ে। প্রায় দেড় বছর আগে বাইগুনি গ্রামের আলামিন দালালের সঙ্গে তাঁর পারিবারিকভাবে বিয়ে হয়েছিল।

​নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাছফিয়ার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন তাঁর স্বামী, শাশুড়ি ও দেবর রুহুল আলামিন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস-বৈঠকও হয়েছে।

​তাছফিয়ার বাবা সিদ্দিক আলী সরদার বলেন, “বিয়ের পর থেকেই জামাতা ও শাশুড়ি টাকার জন্য আমার মেয়েকে নির্যাতন করত। এর আগে ট্রলি কেনার কথা বলে আমার কাছ থেকে ৪০ হাজার টাকা নেয় আলামিন। কিছুদিন আগে নতুন আরেকটি ট্রলি কেনার জন্য সে আরও এক লাখ টাকা দাবি করে। গত পরশু সেই টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু টাকা দিতে না পারায় তারা আমার মেয়েকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে।” তিনি আরও অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় পুলিশকে ম্যানেজ করে ঘটনাটিকে ‘অপমৃত্যু’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে শ্বশুরবাড়ির লোকজন।

​নিহতের ফুফু রোকসানা পারভীন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তাছফিয়ার লাশ বারান্দায় রাখা এবং ঘরে তালা ঝুলছে। আত্মহত্যার বিষয়ে একেক সময় একেক রকম কথা বলছে আলামিন। কখনো বলছে ওড়না দিয়ে, কখনো বলছে রশি দিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে লাশের গায়ে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি আমরা। এটি স্পষ্ট হত্যাকাণ্ড, যাকে আত্মহত্যার নাটক হিসেবে সাজানো হচ্ছে।”

​একই দাবি করে নিহতের চাচি হাজিরা খাতুন বলেন, শুক্রবার সকালে পারিবারিক কলহের জেরে দেবর ও শাশুড়ি মিলে তাছফিয়াকে পিটিয়ে হত্যা করেন। পরে দায় এড়াতে লাশ ঘরের ভেতর ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করতে থাকেন।

​তবে পুলিশ এখনই একে হত্যাকাণ্ড বলতে নারাজ। জানতে চাইলে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে বিষয়টিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে।

​ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ads small one

শ্যামনগরে দিনে-দুপুরে বাড়ি থেকে স্বর্ণ ও নগদ টাকা লুট!

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
শ্যামনগরে দিনে-দুপুরে বাড়ি থেকে স্বর্ণ ও নগদ টাকা লুট!

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বয়ারসিংহ গ্রামে দিনে-দুপুরে এক বাড়ি থেকে সাড়ে চার ভরি স্বর্ণালংকার, নগদ ৮৫ হাজার টাকা এবং মূল্যবান মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্র লুট হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর দুইটার দিকে আটুলিয়া ইউনিয়নের বয়ারসিংহ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা আবুল কালাম তরফদার জানান, তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর শ্বশুরবাড়ি। শ্বশুর মারাত্মক অসুস্থ থাকায় দুপুরে পরিবারের সবাইকে নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। ওই সময় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে ডাকাত দল ঘরের আলমারি ভেঙে সব জিনিসপত্র তছনচ করে স্বর্ণ, টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
দিনে-দুপুরে বসতবাড়িতে এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এই বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিক বিদ্যালয় গোল কাপ ফুটবল প্রতিযোগিতা: সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
প্রাথমিক বিদ্যালয় গোল কাপ ফুটবল প্রতিযোগিতা: সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

পত্রদূত ডেস্ক: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে খুলনা বিভাগের প্রতিনিধিত্বকারী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শনিবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে দলটি জয় সুনিশ্চিত করে। গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সাফল্যে কালিগঞ্জসহ পুরো সাতক্ষীরা জেলায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
আজ রোববার (৭ জুন) ফাইনালে ওঠার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে বরিশাল বিভাগের প্রতিনিধি দলের মুখোমুখি হবে খুলনা বিভাগের এই দলটি। খেলোয়াড়রা সর্বোচ্চ সামর্থ্য ও মনোবল নিয়ে মাঠে লড়াই করে ফাইনালে খেলার গৌরব অর্জন করবেÑএমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় ক্রীড়ামোদী ও এলাকাবাসী।
দলের এই অনন্য অর্জনে খেলোয়াড়, কোচ ও শিক্ষকদের অভিনন্দন জানিয়ে শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, এই সম্মিলিত প্রচেষ্টা সাতক্ষীরার জন্য আরও বড় গৌরব বয়ে আনবে।

স্ট্রোক করে হাসপাতালে ভর্তি জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মিলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
স্ট্রোক করে হাসপাতালে ভর্তি জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মিলন

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জরুল মোর্শেদ মিলন স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দেবহাটার পুষ্পকাটি গ্রামের মৃত আলম শেখের বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে তাঁকে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার দুপুরে হাসপাতালের মেডিসিন বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, মঞ্জরুল মোর্শেদের শারীরিক অবস্থার আশঙ্কাজনক পর্যায় কেটে গেছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর রক্তে ডায়াবেটিস ধরা পড়লেও বর্তমানে হার্টের অবস্থা ভালো আছে। আগামী এক-দুই দিনের মধ্যে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে।

এদিকে আজ দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, আশাশুনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পলাশ আরাফাত, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহম্মাদ আলী এবং জেলা তরুণ দলের সাবেক সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ শাওনসহ স্থানীয় নেতা-কর্মীরা।