শ্যামনগরে লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে লবণ পানি উত্তোলন বন্ধ, কৃষিজমি রক্ষা এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকাল সাড়ে ১০টায় ৬ নম্বর সোরা দক্ষিণপাড়া মসজিদের পাশের সড়কে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘লবণ পানি নয়, নিরাপদ পরিবেশ চাই’, ‘মাটি বাঁচাও, মানুষ বাঁচাও’, ‘সুন্দরবনের প্রাণ বাঁচাও’ সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অংশ নেন এবং স্লোগান দেন। সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. আজিজুর রহমান, মহিউদ্দিন খাজা, মিজানুর রহমান, হাবিবুর রহমান, আবু জাফর, মোজাম্মেল হোসেন, মর্জিনা খাতুন ও নূর নাহার প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবাধে লবণ পানি উত্তোলনের কারণে এলাকার কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে। ফসলি জমি ক্রমেই অনাবাদি হয়ে পড়ায় ধান ও শাকসবজির উৎপাদন কমে যাচ্ছে, যার ফলে কৃষকেরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। একই সঙ্গে পুকুর ও খালের পানি লবণাক্ত হয়ে পড়ায় সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে।
ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের কারণে জোয়ারের সময় গ্রামে লবণ পানি প্রবেশ করে গ্রামীণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি করছে উল্লেখ করে বক্তারা বলেন, জোয়ারের সময় যোগাযোগব্যবস্থা এতটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে যে কোনো মানুষ মারা গেলে দাফনের জন্য ভাটা আসা পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। উপকূলীয় এলাকার পরিবেশ, জীববৈচিত্র্য ও সুন্দরবন সংলগ্ন অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দ্রুত টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই।
সমাবেশ থেকে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তরের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বলে আয়োজকেরা ঘোষণা দেন।








