পাটকেলঘাটায় পুলিশ সদস্যের বাড়িতে দিনেদুপুরে চুরি
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানার সারুলিয়া গ্রামে এক পুলিশ সদস্যের বাড়িতে দিনের বেলায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে বাড়ির লোকজন বাড়িতে না থাকার সুযোগে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের তালা ভেঙে নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
ভুক্তভোগী পুলিশ সদস্য লিটন সরদারের বাবা মিজানুর রহমান জানান, গতকাল দুপুরে বাড়ির সব কাজ সেরে তালা দিয়ে তিনি মাঠে যান। এই সুযোগে চোরেরা বাড়িতে ঢুকে বারান্দার গ্রিল ও ঘরের শোকেসের তালা ভেঙে ফেলে। পরে আলমারি ও ঘরের ভেতর তল্লাশি চালিয়ে নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। ভুক্তভোগী জানান, চোরেরা কেবল নগদ টাকাগুলোই নিয়ে গেছে, বাড়িতে থাকা স্বর্ণালংকারের দিকে তারা হাত দেয়নি।
এ বিষয়ে জানতে চাইলে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ সদস্যের বাড়িতে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।






