শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

পাত্রী ব্রাজিল-পাত্র আর্জেন্টাইন সমর্থক, লড়াই গড়ালো মাঠে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
পাত্রী ব্রাজিল-পাত্র আর্জেন্টাইন সমর্থক, লড়াই গড়ালো মাঠে

ফুটবল বিশ্বকাপ এলেই পুরো দেশ মেতে ওঠে এক অলিখিত যুদ্ধে। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা—এই দুই দলের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক আর চিরচেনা সেই পাগলামিকে কেন্দ্র করে আরটিভিতে শুরু হতে যাচ্ছে নতুন প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘পাড়ার ফুটবল’। আহসান আলমগীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন।

গল্পের শুরু এক ফুটবলীয় দ্বন্দ্ব দিয়ে। পারিবারিকভাবে বিয়ে ঠিকঠাক হওয়ার মুখে পাত্র আজিজ আবিষ্কার করে পাত্রী মানজিল কট্টর ব্রাজিল সমর্থক, আর সে নিজে আর্জেন্টিনার অন্ধ ভক্ত। দুই মেরুর দুই সমর্থকের এই ফুটবলীয় জেদের জেরে শেষ পর্যন্ত ভেস্তেই যায় বিয়েটা। এরপর থেকেই শুরু হয় দুজনের মাঠের লড়াই। আজিজ গড়ে তোলে আর্জেন্টিনা টিম আর মানজিল সাজায় ব্রাজিল টিম।

পাগলামি এখানেই শেষ নয়; মহল্লার মুদি দোকানদার বাপ্পি আবার ফ্রান্সের সমর্থক। ফরাসি তারকা এমবাপ্পের সাথে নামের মিল থাকায় সে নিজের দোকান বিক্রি করে পৃথিবীর সবচেয়ে লম্বা পতাকা বানিয়ে রেকর্ড গড়ার মিশনে নামে, যার জেরে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে যায়। এছাড়া মহল্লার অন্য যুবকেরা মিলে গঠন করে পর্তুগাল টিম।

এই চার দল নিয়ে টুর্নামেন্ট শুরু হতেই পুরো মহল্লায় ছড়িয়ে পড়ে উত্তেজনা ও বিচিত্র সব কাণ্ডকারখানা। কখনো প্রতিপক্ষকে জামালগোটা খাইয়ে দেওয়া, কখনো খেলা জেতার জন্য মাঠে গণক বা ভিক্ষুক এনে দোয়ার আয়োজন করা, আবার কখনো রেফারিকে ঘুষ দেওয়া—সব মিলিয়ে সৃষ্টি হয় চরম হাসির খোরাক। তবে ফাইনাল খেলায় রেফারি দুই দলের সবাইকে লাল কার্ড দিলে খেলাটি অমিমাংসিত থেকে যায়।

এরই মধ্যে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। ছাদে প্রিয় দলের পতাকা টানাতে গিয়ে মহল্লার একটি ছেলে নিচে পড়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। এই ঘটনার পর পুরো মহল্লা স্তব্ধ হয়ে যায়। দেখা যায়—ভাইয়ে ভাইয়ে কথা বন্ধ, প্রেমিক-প্রেমিকার ব্রেকআপ আর প্রতিবেশীদের মধ্যে চরম শত্রুতা তৈরি হয়েছে। খেলা যেন এক শান্তির মহল্লাকে অশান্ত করে তোলে।

অবশেষে নাটকের শেষ পর্যায়ে সবাই নিজেদের ভুল বুঝতে পারে। সবাইকে বোঝানো হয় যে, খেলার জন্য জীবন নয়, বরং জীবনকে আনন্দময় করতেই খেলা। অতি বাড়াবাড়ি করে টাকা নষ্ট করা বা সম্পর্কে ফাটল ধরানো কোনো বুদ্ধিমানের কাজ নয়। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে অবশেষে আজিজ ও মানজিলের বিয়ের মাধ্যমে মহল্লায় ফিরে আসে সম্প্রীতি।

তারকা বহুল এই ধারাবাহিকটিতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, সাব্বির অর্ণব, শারমিন শর্মী, আব্দুল্লাহ রানা প্রমুখ। নাটকটি প্রতিদিন রাত ৯টায় আরটিভির পর্দায় সম্প্রচারিত হবে।

Ads small one

মাদক ও সাইবার অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সংস্কৃতি মন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
মাদক ও সাইবার অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সংস্কৃতি মন্ত্রী

পত্রদূত ডেস্ক: যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও সাইবার অপরাধসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা- চর্চার ওপর জোর দিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মাগুরার নোমানী ময়দানে আয়োজিত ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, পুলিশ কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বিভিন্ন জনকল্যাণমূলক কাজেও ভূমিকা রাখছে। খেলাধুলা ও লোকসংস্কৃতির চর্চা তরুণের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় এবং তাঁদের মধ্যে শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি, হাডুডু ও নৌকাবাইচের মতো খেলাগুলোকে সারা দেশে জনপ্রিয় করতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, মাগুরার জেলা প্রশাসক মো তাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ এবং পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী নোমানী ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পরে জেলা স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট ও নৌকা বাইচ উৎসবে যোগ দেন।

 

কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট

সংবাদদাতা: কলারোয়ায় সোনাবাড়ীয়া প্রভাতী সংঘের উদ্যোগে ‘সোনাবাড়ীয়া চ্যাম্পিয়নশিপ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। সোনাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাপূর্ণ খেলায় জয়লাভ করে সাতক্ষীরা দল। খেলা শেষে বিজয়ী ও সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন প্রভাতী সংঘের সদস্যসচিব হাফিজুর রহমান। টুর্নামেন্টকে কেন্দ্র করে মাঠে ক্রীড়ামোদী দর্শকের ঢল নামে।

 

অনুষ্ঠানে প্রভাতী সংঘের উপদেষ্টা মাস্টার আবদুল আজিজ (বাবু), সহসভাপতি আরশাদ আলী, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য মেহেদী হাসান, সোহেল হাসানসহ স্থানীয় ক্রীড়া অনুরাগী ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আশাশুনিতে রাস্তার পাশে নষ্ট হচ্ছে সরকারি গাছের গুঁড়ি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
আশাশুনিতে রাস্তার পাশে নষ্ট হচ্ছে সরকারি গাছের গুঁড়ি

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল এলাকায় জেলা পরিষদের কেটে রাখা মূল্যবান গাছের গুঁড়ি দীর্ঘ দিন ধরে রাস্তার পাশে ফেলে রাখার অভিযোগ উঠেছে। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সরকারি সম্পদ নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অধিবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকখালী সেতু থেকে বড়দল সড়কের ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঝুঁকিপূর্ণ তিনটি বড় শিশু ও চাটকা গাছ ২০২৩ সালে কেটে ফেলে জেলা পরিষদ। গাছ কাটার পর বড় অংশ নিয়ে যাওয়া হলেও ১০ ফুট দৈর্ঘ্যের তিনটি বড় গুঁড়ি রাস্তার পাশে ফেলে রাখা হয়। রোদ-বৃষ্টিতে পড়ে থেকে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের এসব কাঠ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি ও ইউপি সদস্য প্রার্থী এস এম শরিফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তার জন্য গাছগুলো কাটা হয়েছিল। তবে বছরের পর বছর গুঁড়িগুলো এভাবে ফেলে রাখা দুঃখজনক। সরকারি সম্পদ এভাবে নষ্ট না করে কোনো স্থানীয় শিক্ষা বা ধর্মীয় প্রতিষ্ঠানে দান করা অথবা উদ্ধার করে ব্যবহারের ব্যবস্থা নেওয়া উচিত। এলাকাবাসী বিষয়টি তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।