আশাশুনিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত
আশাশুনি প্রতিনিধি: ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার আশাশুনিতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন।
এনজিও সংস্থা বারসিকের উপজেলা সমন্বয়কারী আসাদুল ইসলাম আসাদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম ও উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। সভায় বক্তারা প্রবীণদের দীর্ঘ অভিজ্ঞতাকে রাষ্ট্রের সম্পদ হিসেবে বিবেচনা করে পরিবার ও সমাজে তাঁদের যথাযথ মান-মর্যাদা, স্বাস্থ্যসুরক্ষা ও আইনি অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন। বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ, উত্তরণ, ইএসডিও, ব্রেকিং দ্য সাইলেন্স, ন্যাজারিন মিশন ও আইডিয়ালের সহযোগিতায় অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।









