সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রতিষ্ঠার পর থেকে আজও অবহেলিত পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
প্রতিষ্ঠার পর থেকে আজও অবহেলিত পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়

পলাশ কর্মকার, কপিলমুনি (পাইকগাছা): একসময় যে বিদ্যালয়টি ছিল একটি জনপদের শিক্ষার প্রধান ভরসা, ৫৪ বছর পর সেই বিদ্যালয়ের ভবনই এখন শিক্ষার্থীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, কোথাও বেরিয়ে এসেছে রড ও লাল ইট। পুরোনো ছাদ ও কাঠামোও হারিয়েছে স্বাভাবিক শক্তি। বৃষ্টি হলে পড়ে পানি। এমন জরাজীর্ণ অবকাঠামোর মধ্যেই প্রতিদিন সেখানে পড়ালেখা করছে প্রায় ২০০ শিক্ষার্থী।

খুলনার পাইকগাছা উপজেলার লস্কর কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এই চিত্র দীর্ঘদিনের। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৮৫ সালের ১ জানুয়ারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অবকাঠামোগত উন্নয়নে রয়েছে পিছিয়ে। সময়ের সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষার পরিধি বাড়লেও বিদ্যালয়ের পুরোনো ভবনটি যেন পড়ে আছে আগের অবস্থাতেই।

বিদ্যালয়ের মূল ভবনের বিভিন্ন স্থানে দেখা গেছে জরাজীর্ণতার চিহ্ন। দেয়ালের পলেস্তারা খসে পড়ে রড ও ইট উঁকি দিচ্ছে। ছাদের পুরোনো কাঠামো নিয়েও রয়েছে উদ্বেগ। বর্ষার দিনে ছাদ দিয়ে পানি পড়ায় শ্রেণিকক্ষে স্বাভাবিক পাঠদান ব্যাহত হয়। ফলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

শিক্ষার্থী সাবেরা খাতুন বলেন, “অন্য স্কুলের সুন্দর ও নিরাপদ ভবন দেখে আমাদেরও ইচ্ছে করে এমন একটি ভবনে বসে ক্লাস করতে। কিন্তু বৃষ্টির দিনে ছাদ দিয়ে পানি পড়ে, তখন পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায়।”

আরেক শিক্ষার্থীর সুমি আক্তার জানান, “পুরোনো ভবনে ক্লাস করার সময় ভয় লাগে। আমরা চাই আমাদের স্কুলটিও নিরাপদ ও সুন্দর হোক।”

শিক্ষার্থীদের মতামতের সাথে একমত অভিভাবকরাও। তাদের মতে, সাময়িক সংস্কার বা জোড়াতালি দিয়ে সমস্যার স্থায়ী সমাধান হবে না। প্রয়োজন জরাজীর্ণ ভবনের পরিবর্তে নিরাপদ ও টেকসই অবকাঠামো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাক আহম্মেদ বলেন, “প্রায় দুইশ শিক্ষার্থীর দায়িত্ব নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে আসা মানসিক চাপের বিষয়। ভবনটি এতটাই পুরোনো ও ঝুঁকিপূর্ণ যে শুধু চুনকাম বা জোড়াতালি দিয়ে এর সমাধান সম্ভব নয়। বর্তমানে বিদ্যালয়ে ১২ জন শিক্ষক কর্মরত থাকলেও সাতটি পদ শূন্য রয়েছে। তবে শিক্ষকের ঘাটতির চেয়েও বড় বিষয় শিক্ষার্থীদের নিরাপত্তা। সংশ্লিষ্ট মহল সরেজমিন পরিদর্শন করে দ্রুত নতুন ও নিরাপদ ভবন নির্মাণের উদ্যোগ নেবে এটাই আমাদের প্রত্যাশা।”

এলাকাবাসীর প্রশ্ন, ৫৪ বছর ধরে একটি বিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে গেলেও কেন এর শিক্ষার্থীদের এখনো জরাজীর্ণ ভবনে পাঠ নিতে হবে? তাদের দাবি, কোনো দুর্ঘটনার অপেক্ষা না করে দ্রুত বিদ্যালয়টির অবকাঠামো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
প্রায় ২০০ শিক্ষার্থীর নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এখন সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

Ads small one

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে ব্যাংকার’স এসোসিয়েশানের মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে ব্যাংকার’স এসোসিয়েশানের মানববন্ধন

আব্দুস সামাদ: সোনালী ব্যাংক পিএলসি’র গোপালগঞ্জের ঘাঘর শাখার নারী ব্যাংক কর্মকর্তা ফৌজিয়া হককে হেনস্তার প্রতিবাদে এবং হলুদ সাংবাদিকতা বন্ধের দাবিতে সাতক্ষীরায় ব্যাংকার’স এসোসিয়েশান সাতক্ষীরার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় শহরের লাবনী মোড় সংলগ্ন নিউ মার্কেটের স ম আলাউদ্দিন চত্বরে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা জেলা শহরের সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের প্রায় চার শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি ও জনতা ব্যাংক পিএলসি’র বাঁকাল শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক কবির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক জিএম আবু সায়েম, দপ্তর সম্পাদক শেখ কামরুজ্জামান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস এবং উপদেষ্টা কাজী মাসুদুল হক, তিতুমীর রহমান, মর্তুজা আহমেদ, শাহাদাৎ হোসেন, জোহর আলী, হোসেন কবীর, আজহারুল ইসলাম ও শামীমা সুলতানা বক্তব্য রাখেন।
এ ছাড়া সোনালী ব্যাংক পিএলসির এজিএম রবিউল ইসলাম, মুজিবুর রহমান ও শেখ সালাউদ্দিন, এসপিও দেবেশ কুমার দাস, কাজল সরকার, নরেশ কুমার বিশ্বাস, আশুতোষ দাস, আব্দুল্লাহ ও আবু সিদ্দিক, জনতা ব্যাংকের মাগফুর রহমান, তন্ময় সরকার, তাপস কুমার রায়, গোপাল চন্দ্র গাইন, বিশ্বনাথ দেবনাথ, মো. কামরুজ্জামান, শংকর বিশ্বাস, আফিয়া ফেরদৌসী, শর্মিলা, মাসুম আহমেদ, সুমন আহমেদ, জমাত আলী ও লিয়ন আঢ্য সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বশীল পেশা। তবে সাংবাদিকতার নামে কোনো কর্মকর্তা-কর্মচারীকে হেনন্তা বা হয়রানি করা কাম্য নয়। তারা হলুদ সাংবাদিকতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা আরও বলেন, কোনো অভিযোগ থাকলে তা নিয়মতান্ত্রিক ও আইনসম্মত উপায়ে সমাধান করতে হবে। সাংবাদিকতার স্বাধীনতার পাশাপাশি পেশাগত মর্যাদা ও ব্যক্তির সম্মান রক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে সাংবাদিকতার নামে হয়রানি ও অপসাংবাদিকতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

 

 

 

 

 

দেবহাটায় বাকপ্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানি, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
দেবহাটায় বাকপ্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানি, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় এক বাকপ্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে স্থানীয় এক সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম আরমান হোসেন (৪৫)। তিনি দেবহাটা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে এবং দেবহাটা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় বিজিবি ক্যাম্পের পেছন থেকে নিজ বাড়িতে ফেরার পথে পুটুর বাড়ির পাশে নির্জন স্থানে অভিযুক্ত ব্যক্তি মোটরাসাইকেল থামিয়ে ওই নারীকে শ্লীলতাহানির চেষ্টা করেন। নারীর চিৎকারে পথচারী এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর আইন করা হয়েছে: আইনমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর আইন করা হয়েছে: আইনমন্ত্রী

পত্রদূত রিপোর্ট: মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে জাতীয় সংসদে কঠোর আইন পাস করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা, আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রতিবেশী দেশ থেকে আসা মাদকের চালান বন্ধ করার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর তিনি জোর দেন। এছাড়া বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন করতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং সীমান্ত জেলা সাতক্ষীরায় প্রস্তাবিত রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের অগ্রগতি সম্পর্কেও তিনি আলোকপাত করেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।