বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
পত্রদূত ডেস্ক: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বন্ধের মৌসুমে অবৈধ ভাবে প্রবেশ করে কলাগাছিয়া নদীতে মাছ ধরার অভিযোগে ১টি নৌকাসহ ৪ জন্য জেলেকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে কলাগাছিয়া নদীর লেবুবুনিয়ার খাল থেকে তাদের আটক করা হয় এবং মঙ্গলবার (১৮ আগস্ট) সাতক্ষীরা আদালতে পাঠানো হয়।
আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের মোস্তফা গাজী (৬৪), মহফুজুর রহমান (৪০), আল-আমিন গাজী (৪০) ও ইয়ারুজ্জামান ঘরামী (৪৩)।
বন বিভাগের অফিস সূত্রে জানাযায়, বিশেষ টিম অভিযান চালিয়ে ১টি ডিঙি নৌকাসহ ৪ জন জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৩০ কেজি চিংড়ি মাছ, ১৩৭ কেজি সাদা মাছ, ১টি খালপাটা জাল, ১টি বেন্দি জাল, ৫টি পানির ড্রাম, ১টি হুইল, ২টি বৈঠা, ৩টি দা ও ১টি কাটা ড্রাম জব্দ করা হয়।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে অবৈধ ভাবে প্রবেশ করে মাছ ধরার দায়ে ১টি নৌকা, মাছ, জালসহ ৪ জেলেকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।












