বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
নিজস্ব প্রতিনিধি: ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিক জুবায়েদ।
১৭ সেপ্টেম্বর সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতাটি শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলে। সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে অংশ নেয়Ñসাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, ধুলিহর ডিবি গার্লস স্কুল, আলিপুর মাধ্যমিক বিদ্যালয়, তুজলপুর মাধ্যমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়।
সমকাল সুহৃদ সমাবেশ জেলা কমিটির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাশেম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। বিচারকের দায়িত্ব পালন করেন খানবাহাদুর আহছানউল্লা কলেজের সাবেক অধ্যাপক পবিত্র মোহন সরকার, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ওলিউর রহমান এবং কুমিরা মহিলা কলেজের অধ্যাপক মহিউদ্দীন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে বাসুদেব বসু বলেন, বিজ্ঞান বিতর্ক উৎসবের বিষয়গুলো চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান সম্পর্কে জানতে উৎসাহিত করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের প্রতিপক্ষ হয়েছে কি না, তা ভাবার বিষয় মন্তব্য করে তিনি বলেন, প্রতিটি বিষয়ের ভালো-মন্দ দিক থাকে, সেটি ব্যবহারের ওপর অনেক কিছু নির্ভর করে।
বিচারকেরা বলেন, বৈচিত্র্যময় কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রম কমে গেছে। শিক্ষার্থীদের যুক্তিবোধ ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য এ ধরনের আয়োজন জরুরি। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা একই বিষয়ে পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপনের সক্ষমতা অর্জনের পাশাপাশি ভিন্নমত গ্রহণের মানসিকতা লাভ করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দেশ টিভির স্টাফ রিপোর্টার শরিফুল্লাহ কায়সার সুমন, প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মোমিন, সাংবাদিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক হোসেন আলী, আজকের খবরের সাতক্ষীরা প্রতিনিধি এসএম তৌহিদুজ্জামান, ভোরের আকাশের প্রতিনিধি আমিনুর রহমান প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমকালের সাতক্ষীরা প্রতিনিধি কিশোর কুমার।












