বিশ্ব গিরগিটি দিবস: প্রকৃতির রঙিন দূত, বিজ্ঞানের বিস্ময় ও পরিবেশের নীরব রক্ষক
সাকিবুর রহমান বাবলা
প্রতি বছর ১৪ আগস্ট বিশ্ব গিরগিটি দিবস পালিত হয়। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতির প্রতিটি প্রাণিরই একটি স্বতন্ত্র ভূমিকা রয়েছে। গিরগিটি এমনই এক প্রকৃতির বিস্ময়কর প্রাণি, যাকে আমরা প্রায়ই সাধারণ চোখে দেখি, কিন্তু যার অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে জীববৈচিত্র্য, পরিবেশের ভারসাম্য, কৃষি, বিজ্ঞান এবং ভবিষ্যৎ চিকিৎসাবিজ্ঞানের সম্ভাবনা। পৃথিবীর নানা সংস্কৃতিতে গিরগিটি অভিযোজন, ধৈর্য এবং পরিবর্তনের প্রতীক হিসেবে পরিচিত। প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতার কারণে এটি বিজ্ঞানীদের কাছেও এক আকর্ষণীয় গবেষণার বিষয়।
পৃথিবীতে ৬ হাজারেরও বেশি প্রজাতির গিরগিটি ও গিরগিটি-জাতীয় সরীসৃপ রয়েছে। অ্যান্টার্কটিকা ছাড়া প্রায় সব মহাদেশেই এদের বিচরণ দেখা যায়। অস্ট্রেলিয়াকে গিরগিটি বৈচিত্র্যের অন্যতম প্রধান আবাসভূমি হিসেবে বিবেচনা করা হয়, যেখানে শত শত প্রজাতির সরীসৃপ বাস করে। অন্যদিকে ইন্দোনেশিয়ার কোমোডো ড্রাগন পৃথিবীর বৃহত্তম জীবিত গিরগিটি, যা প্রায় ৩ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। গবেষণায় দেখা গেছে, কোমোডো ড্রাগনের বিবর্তনীয় ইতিহাস লক্ষ বছর পুরোনো এবং এটি পৃথিবীর প্রাচীন সরীসৃপ বিবর্তনের এক গুরুত্বপূর্ণ প্রতিনিধি।
গিরগিটির সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। অনেক প্রজাতি প্রয়োজনে শরীরের রঙ পরিবর্তন করতে পারে। এটি কেবল আত্মরক্ষার জন্য নয়; তাপমাত্রা নিয়ন্ত্রণ, যোগাযোগ, সঙ্গী নির্বাচন এবং আবেগ প্রকাশের সঙ্গেও সম্পর্কিত। প্রকৃতির এই রঙিন রং বদলানো ভাষা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে। একই সঙ্গে অনেক প্রজাতি বিপদের সময় দ্রুত দৌড়াতে পারে, শরীর ফুলিয়ে বড় দেখাতে পারে অথবা শত্রুর দৃষ্টি ভিন্নদিকে সরিয়ে আত্মরক্ষা করতে পারে।
গিরগিটির আরেকটি বিস্ময়কর ক্ষমতা হলো লেজ পুনর্গঠন। আক্রমণের মুখে অনেক প্রজাতি স্বেচ্ছায় লেজ বিচ্ছিন্ন করে পালিয়ে যেতে পারে যদিও কয়েকবারের জন্য। পরে বিশেষ ধরনের স্টেম সেল ও জিনগত সংকেতের মাধ্যমে নতুন লেজ গজিয়ে ওঠে। এই প্রক্রিয়া চিকিৎসা বিজ্ঞানে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, গিরগিটির পুনর্জন্ম ক্ষমতা মানুষের ক্ষতিগ্রস্ত টিস্যু, তরুণাস্থি এবং স্নায়ুতন্ত্র পুনর্গঠনের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিভিন্ন গবেষণায় অস্টিওআর্থ্রাইটিস, মেরুদ-ের আঘাত এবং পুনর্জন্মভিত্তিক চিকিৎসা প্রযুক্তির ক্ষেত্রে গিরগিটির জৈবিক রহস্যকে অনুসরণ করা হচ্ছে।
প্রকৃতির ভারসাম্য রক্ষায় গিরগিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মশা, মাছি, ফড়িং, তেলাপোকা, উইপোকা এবং কৃষির জন্য ক্ষতিকর বহু কীটপতঙ্গ খেয়ে থাকে। ফলে প্রাকৃতিকভাবে পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। পরিবেশবান্ধব কৃষি বা জৈব চাষাবাদে গিরগিটি এক নীরব সহযোগী। রাসায়নিক কীটনাশকের পরিবর্তে প্রাকৃতিক শিকারি হিসেবে তারা কৃষকদের সহায়তা করে এবং পরিবেশ দূষণ কমাতে ভূমিকা রাখে। এ কারণে অনেক পরিবেশবিদ গিরগিটিকে প্রকৃতির “জীবন্ত কীটনাশক” বলে আখ্যায়িত করেন।
প্রকৃতির খাদ্যশৃঙ্খলেও গিরগিটির গুরুত্ব অপরিসীম। তারা যেমন পোকামাকড় খায়, তেমনি নিজেরাও পাখি, সাপ এবং অন্যান্য প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ফলে গিরগিটির সংখ্যা কমে গেলে পুরো বাস্তুসংস্থানের ওপর প্রভাব পড়তে পারে। একটি সুস্থ পরিবেশে প্রতিটি প্রাণীর মতো গিরগিটিও একটি অপরিহার্য কড়ি।
বাংলাদেশে গিরগিটি ও গিরগিটি-জাতীয় সরীসৃপের বৈচিত্র্য উল্লেখযোগ্য। সাধারণ বাগান গিরগিটি, রক্তচোষা, তক্ষক এবং বিভিন্ন প্রজাতির গোসাপ দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায়। সুন্দরবন, সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল এসব সরীসৃপের গুরুত্বপূর্ণ আবাসস্থল। তবে বন উজাড়, আবাসস্থল ধ্বংস, দূষণ, জলবায়ু পরিবর্তন এবং অবৈধ বন্যপ্রাণি বাণিজ্যের কারণে অনেক প্রজাতি হুমকির মুখে রয়েছে। বাংলাদেশের বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এসব প্রাণির সুরক্ষার আইনি ভিত্তি প্রদান করেছে। জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের আবাসস্থল সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দুঃখজনকভাবে, গিরগিটি নিয়ে এখনও সমাজে নানা কুসংস্কার ও ভুল ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই তাদের অশুভ বা ক্ষতিকর মনে করেন। বাস্তবে অধিকাংশ গিরগিটি মানুষের জন্য সম্পূর্ণ নিরীহ এবং পরিবেশের জন্য উপকারী। তাই গিরগিটি সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং শিশু-কিশোরদের মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণের চেতনা গড়ে তোলা অত্যন্ত জরুরি।
বিশ্ব গিরগিটি দিবস আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়—প্রকৃতির কোনো প্রাণীই অপ্রয়োজনীয় নয়। গিরগিটি শুধু রঙ বদলানো এক বিস্ময়কর সরীসৃপ নয়; এটি পরিবেশের ভারসাম্য রক্ষাকারী, কৃষির সহায়ক, জীববৈচিত্র্যের প্রতিনিধি এবং আধুনিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই নীরব প্রাণিদের সংরক্ষণ করা মানে পরিবেশ, খাদ্যনিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও টেকসই পৃথিবী নিশ্চিত করা। তাই গিরগিটি দেখলে অকারণে ক্ষতি না করা, ঝোপঝাড় বা প্রাকৃতিক আবাসস্থল পরিষ্কারের সময় সতর্ক থাকা এবং অপ্রয়োজনীয় রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমানোর মতো ছোট ছোট উদ্যোগও তাদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্ব গিরগিটি দিবসে অঙ্গীকার হোক—প্রকৃতির প্রতিটি প্রাণির প্রতি সম্মান, সহাবস্থান ও সংরক্ষণের সংস্কৃতি গড়ে তোলা।









