শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বিশ্ব ফুটবলের রঙে মাতালেন বাংলাদেশের মডেলরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
বিশ্ব ফুটবলের রঙে মাতালেন বাংলাদেশের মডেলরা

বিশ্বকাপ ফুটবলের আবহে রঙিন এক সন্ধ্যার সাক্ষী হলো রাজধানী। দেশের শীর্ষস্থানীয় মডেলদের অংশগ্রহণে বর্ণিল জার্সির সমারোহে অনুষ্ঠিত হয়ে গেল ‘ঢাকা ফুটবল ফিয়েস্তা’র বিশেষ ফ্যাশন শো। ফুটবলপ্রেম আর ফ্যাশনের মেলবন্ধনে আয়োজিত এই পর্ব যেন বিশ্বকাপ উন্মাদনায় নতুন মাত্রা যোগ করল।

ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশের জার্সি পরে র‌্যাম্পে হাঁটেন জনপ্রিয় মডেলরা। সাইয়েদ রুমার কোরিওগ্রাফিতে প্রাণবন্ত উপস্থাপনায় ফুটে ওঠে বিশ্ব ফুটবলের রঙিন সংস্কৃতি। আলোকসজ্জা, সংগীত আর দর্শকদের উচ্ছ্বাসে পুরো আয়োজন পরিণত হয় এক ফুটবল উৎসবে।

মডেলিংয়ে ছিলেন, সাদিয়া শাবনাজ ইমি, রাখি, আলিশা, দিলরুবা দোয়েল, অ্যাঞ্জেল ডি কস্টা, আসিফ আহমেদ প্রমুখ।

ফুটবল বিশ্বকাপকে ঘিরে আয়োজিত ‘ঢাকা ফুটবল ফিয়েস্তা’য় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ফুটবলার মোরসালিনসহ দেশের ফুটবলের বিভিন্ন প্রজন্মের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে তারা বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং একদিন বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব দেখার স্বপ্নের কথা জানান।

 

হাউজ ও অ্যাথলিট স্পোর্টস গিয়ারের যৌথ উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশব্যাপী ১৩টি ‘ফ্যান জোন’ তৈরির ঘোষণাও দেওয়া হয়। বিশ্বকাপ চলাকালে এসব ফ্যান জোনে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি থাকবে ফুড স্টল, গেমিং জোন, জার্সি ফেস্ট ও নানা আয়োজন।

 

সব মিলিয়ে ‘ঢাকা ফুটবল ফিয়েস্তা’ শুধু একটি অনুষ্ঠান নয়, বরং বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়, যার অন্যতম আকর্ষণ ছিল ফুটবলের রঙে রাঙানো এই বর্ণিল ফ্যাশন শো।

Ads small one

কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট

সংবাদদাতা: কলারোয়ায় সোনাবাড়ীয়া প্রভাতী সংঘের উদ্যোগে ‘সোনাবাড়ীয়া চ্যাম্পিয়নশিপ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। সোনাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাপূর্ণ খেলায় জয়লাভ করে সাতক্ষীরা দল। খেলা শেষে বিজয়ী ও সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন প্রভাতী সংঘের সদস্যসচিব হাফিজুর রহমান। টুর্নামেন্টকে কেন্দ্র করে মাঠে ক্রীড়ামোদী দর্শকের ঢল নামে।

 

অনুষ্ঠানে প্রভাতী সংঘের উপদেষ্টা মাস্টার আবদুল আজিজ (বাবু), সহসভাপতি আরশাদ আলী, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য মেহেদী হাসান, সোহেল হাসানসহ স্থানীয় ক্রীড়া অনুরাগী ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আশাশুনিতে রাস্তার পাশে নষ্ট হচ্ছে সরকারি গাছের গুঁড়ি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
আশাশুনিতে রাস্তার পাশে নষ্ট হচ্ছে সরকারি গাছের গুঁড়ি

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল এলাকায় জেলা পরিষদের কেটে রাখা মূল্যবান গাছের গুঁড়ি দীর্ঘ দিন ধরে রাস্তার পাশে ফেলে রাখার অভিযোগ উঠেছে। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সরকারি সম্পদ নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অধিবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকখালী সেতু থেকে বড়দল সড়কের ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঝুঁকিপূর্ণ তিনটি বড় শিশু ও চাটকা গাছ ২০২৩ সালে কেটে ফেলে জেলা পরিষদ। গাছ কাটার পর বড় অংশ নিয়ে যাওয়া হলেও ১০ ফুট দৈর্ঘ্যের তিনটি বড় গুঁড়ি রাস্তার পাশে ফেলে রাখা হয়। রোদ-বৃষ্টিতে পড়ে থেকে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের এসব কাঠ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি ও ইউপি সদস্য প্রার্থী এস এম শরিফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তার জন্য গাছগুলো কাটা হয়েছিল। তবে বছরের পর বছর গুঁড়িগুলো এভাবে ফেলে রাখা দুঃখজনক। সরকারি সম্পদ এভাবে নষ্ট না করে কোনো স্থানীয় শিক্ষা বা ধর্মীয় প্রতিষ্ঠানে দান করা অথবা উদ্ধার করে ব্যবহারের ব্যবস্থা নেওয়া উচিত। এলাকাবাসী বিষয়টি তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আশাশুনি থানা বাজার জামে মসজিদের আংশিক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
আশাশুনি থানা বাজার জামে মসজিদের আংশিক কমিটি গঠন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির আংশিক কমিটি গঠন করা হয়েছে। জুমার নামাজের আগে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি হিসেবে একজন উপপরিদর্শক (এসআই) উপস্থিত থেকে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। মুসল্লিদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সাবেক সভাপতি মো. নূরুল হক খোকন পুনরায় সভাপতি এবং মো. বদরুদ্দোজা সানা পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

সিদ্ধান্ত নেওয়া হয়, পরবর্তী জুমার দিনে মুসল্লিদের সম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির অন্যান্য সদস্য মনোনীত করবেন। নবনির্বাচিত কমিটিকে উপস্থিত মুসল্লিরা অভিনন্দন জানান।