বিশ্ব শিশু দিবসে সাতক্ষীরায় বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা
নিজস্ব প্রতিনিধি: শিশুদের অধিকার, মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং জ্ঞানচর্চায় আগ্রহ বাড়াতে সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস উপলক্ষে বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার আয়োজনে এবং শিশুদের নিয়ে কাজ করা উন্নয়ন সহযোগী সংগঠনগুলোর সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম। অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের মো. রুহুল আমিন এবং ব্রেকিং দ্য সাইলেন্সের আফরোজা খাতুন।
বক্তব্য ও কুইজ প্রতিযোগিতায় শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সাধারণ জ্ঞান, চিন্তাশক্তি, উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস ও মত প্রকাশের দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি হয়।
আয়োজকদের প্রকাশিত ফলাফল অনুযায়ী, নির্ধারিত বক্তব্য প্রতিযোগিতার ‘খ’ বিভাগে প্রথম হয়েছে সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের মাহজাবীন রশীদ রাইসা, দ্বিতীয় সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তথ্য রায় স্নেহ এবং তৃতীয় যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহনুর হাসান। ‘গ’ বিভাগে প্রথম হয়েছে সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ঐশী মল্লিক, দ্বিতীয় একই বিদ্যালয়ের রুদ্র শেখর সরকার এবং তৃতীয় হয়েছেন অভিভাবক শিউলি পারভীন।
কুইজ প্রতিযোগিতার ‘ক’ বিভাগে প্রথম হয়েছে রিস ইন্টারন্যাশনাল একাডেমির ইশাত তাসফি রয়া, দ্বিতীয় বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাতিন শাদাব এবং তৃতীয় একই একাডেমির জারিফ মুতাসিম বিল্লাহ। ‘খ’ বিভাগে প্রথম হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের রুশদীপ ইসলাম নাফিউল, দ্বিতীয় সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তথ্য রায় স্নেহ এবং তৃতীয় পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুজাইরা ইসলাম।
‘গ’ বিভাগে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ঐশী মল্লিক ও মাহজাবীন রশীদ রাইসা। ‘ঘ’ বিভাগে প্রথম হয়েছে সাতক্ষীরা সরকারি কলেজের সানজিদা সাদিদ, দ্বিতীয় ব্রেকিং দ্য সাইলেন্সের আফরোজা সুলতানা এবং তৃতীয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মো. রাসিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুস্থ বিকাশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত দায়িত্ব রয়েছে। শিশুদের পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি চিন্তা, মনন, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।












