সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বুধহাটায় জগদ্ধাত্রী পূজা শুরু, ২০ নভেম্বর প্রতিমা বিসর্জন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
বুধহাটায় জগদ্ধাত্রী পূজা শুরু, ২০ নভেম্বর প্রতিমা বিসর্জন

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দিরে পাঁচ দিনব্যাপী এ পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামী শুক্রবার (২০ নভেম্বর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে আয়োজন।

জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভূজা ও সিংহবাহিনী। তাঁর চার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ। গলায় নাগযজ্ঞোপবীত এবং গাত্রবর্ণ উদীয়মান সূর্যের মতো। সিংহবাহিনী দেবীর বাহনের পায়ের নিচে রয়েছে হস্তিরূপী অসুর। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়।

পুরাণ অনুসারে, মহিষাসুর বধের পর দেবতাদের মধ্যে অহংকার জন্মেছিল। তাঁরা নিজেদের সম্মিলিত শক্তিকেই অসুর বধের কারণ মনে করেছিলেন। দেবতাদের সেই অহংকার দূর করতে দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব ঘটে বলে কথিত আছে। দেবী দেবতাদের সামনে একটি তৃণখণ্ড রেখে তাঁদের শক্তির পরীক্ষা নেন। অগ্নি, বায়ু কিংবা বরুণ—কেউই নিজেদের শক্তিতে সেই তৃণখণ্ডের পরিবর্তন ঘটাতে পারেননি। এর মধ্য দিয়ে দেবী বোঝান, বিশ্বজগতের সব শক্তির উৎস মহাশক্তি।

পূজার সূচি অনুযায়ী, ১৭ নভেম্বর মঙ্গলবার সপ্তমী ও মহাষ্টমীর পূজা অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বর বুধবার (১ অগ্রহায়ণ) নবমী তিথিতে সকাল থেকে রাত পর্যন্ত চলবে বিশেষ আরাধনা। ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিশিষ্ট ভাগবত আলোচক বিল্বমঙ্গল দেবনাথের পরিচালনায় ভাগবত আলোচনা অনুষ্ঠিত হবে। ২০ নভেম্বর শুক্রবার দশমীপূজা শেষে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

বুধহাটা দ্বাদশ শিব ও কালীমন্দির যুব সংঘের সাধারণ সম্পাদক তাপস পাল বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করে যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার আয়োজন করা হয়েছে। প্রতিদিনই ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটবে বলে আশা করছেন তাঁরা। শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি হবে।

যুব সংঘের কোষাধ্যক্ষ বাসুদেব কর্মকার বলেন, প্রতিবছরের মতো এবারও ভক্তি ও নিষ্ঠার সঙ্গে জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে। পূজাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সব অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আয়োজকেরা কাজ করছেন। তিনি পূজার সার্বিক সফলতায় ভক্ত ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

পূজায় পৌরোহিত্য করছেন ভোলানাথ চক্রবর্তী। ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভাগবত আলোচনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দির প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হবে।

Ads small one

৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ
৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৩টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর এ সফরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন এবং জেলার বন্ধ ও সংকটাপন্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন পরবর্তী উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনি ইশতেহারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফর করবেন।

সফরকালে তিনি কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনায় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান দুটি ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরে এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও পুনরায় অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে কার্যকর উদ্যোগের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই তিনি কুষ্টিয়ায় আসছেন।

তিনি বলেন, সফরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের প্রত্যাশা কুষ্টিয়া সুগার মিল ও মোহিনী মিলসকে ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি, শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে। আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে ছাত্রলীগ নেতা মানিক গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে ছাত্রলীগ নেতা মানিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের যশোরের কেশবপুর উপজেলা শাখার আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভোমরা স্থলবন্দর ও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে কেশবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ৮ নভেম্বর মানিক দুই বন্ধুর সঙ্গে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। তাঁর দুই বন্ধু আগেই দেশে ফিরে এলেও সোমবার দেশে প্রবেশের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

কেশবপুর থানার ওসি হাফিজুর রহমান জানান, কাজী আজহারুল ইসলাম মানিকের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকা- ও সহিংসতার অভিযোগে থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, মানিকের বাবা কাজী রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তাঁর বড় ভাই কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি।

 

সম্পাদকীয়/উপকূলের আর্তনাদ ও জলবায়ু ন্যায়বিচার: ঋণ নয়, প্রাপ্য ক্ষতিপূরণই কাম্য

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
সম্পাদকীয়/উপকূলের আর্তনাদ ও জলবায়ু ন্যায়বিচার: ঋণ নয়, প্রাপ্য ক্ষতিপূরণই কাম্য

তুরস্কের আন্তালিয়ায় চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) ঘিরে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জনপদ আবারও সরব হয়ে উঠেছে। সাতক্ষীরা ও খুলনার পাইকগাছায় তরুণদের কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদ, খালি কলস হাতে নারীদের মানববন্ধন এবং কৃষক-জেলেদের পথসভা কেবল কয়েকটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; বরং এটি জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপন্ন এক বিশাল জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার তীব্র আর্তনাদ। ২০০৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ক্ষত আজও বয়ে বেড়ানো এই উপকূলের মানুষ এখন আর কেবল আশ্বাসের বাণী শুনতে চান না, তাঁরা চান তাঁদের ন্যায্য অধিকার ও জলবায়ু ন্যায়বিচার।

বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে নির্মম শিকার আমাদের এই উপকূলীয় অঞ্চল। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন আর তীব্র লবণাক্ততার কারণে সাতক্ষীরা ও খুলনার বিস্তীর্ণ জনপদের মানুষের জীবন-জীবিকা, কৃষিজমি ও বসতভিটা আজ চরম হুমকির মুখে। সুপেয় পানির তীব্র সংকট উপকূলীয় নারীদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, যার প্রতিফলন দেখা গেছে পাইকগাছার মানববন্ধনে খালি কলস হাতে নারীদের উপস্থিতিতে। অন্যদিকে, সাতক্ষীরার প্রাণসায়ের খালপাড়ে তরুণদের কাফনের কাপড় পরে প্রতীকী মৃতদেহ সেজে প্রতিবাদ জানানো প্রমাণ করে, জলবায়ু সংকট এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি উপকূলবাসীর জন্য জীবন-মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবাদ কর্মসূচিগুলোতে উঠে আসা সবচেয়ে যৌক্তিক ও গুরুত্বপূর্ণ দাবিটি হলোÑজলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান। ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে উন্নত ও শিল্পোন্নত দেশগুলোর উচিত ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নিঃশর্ত ক্ষতিপূরণ বা অনুদান দেওয়া। কিন্তু দুঃখজনকভাবে জলবায়ু তহবিলের নামে ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষক ও জেলেদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘায়ের শামিল। তাই কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের নীতিনির্ধারকদের অত্যন্ত জোরালোভাবে এই অবস্থান তুলে ধরতে হবে যে, জলবায়ু অর্থায়ন হতে হবে সম্পূর্ণ অনুদানভিত্তিক এবং তা সরাসরি প্রান্তিক কৃষক, জেলে ও বাস্তুচ্যুত মানুষের কল্যাণে ব্যয় করতে হবে।

আন্তর্জাতিক মহলের কাছে দাবি আদায়ের পাশাপাশি অভ্যন্তরীণ ব্যবস্থাপনায়ও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। উপকূলের মানুষের সুরক্ষায় টেকসই ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির স্থায়ী সমাধান এবং লবণাক্ততাসহিষ্ণু কৃষি ব্যবস্থা গড়ে তোলায় রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে জলবায়ু তহবিলের অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি কৃষক কার্ড ও শস্যবিমা কর্মসূচিতে বর্গাচাষি, নারী কৃষক, ভূমিহীন ও প্রকৃত জেলেদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা প্রয়োজন।
উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বিশ্বনেতাদের বুঝতে হবে, উপকূলীয় মানুষের জীবন ও প্রকৃতিকে বিপন্ন রেখে বৈশ্বিক উন্নয়ন অর্থহীন। কাফনের কাপড় পরা তরুণদের এই প্রতিবাদ আর কৃষক-জেলেদের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে কপ-৩১ সম্মেলনে কার্যকর ও ন্যায়সংগত সিদ্ধান্ত গৃহীত হবেÑএটাই প্রত্যাশা।