বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও খুনের হুমকি, থানায় জিডি
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা সদরে পূর্বশত্রুতার জের ধরে খন্দকার শফিকুল আলম (৬১) নামের এক বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (জিডি নং- ১৩৭৭, তারিখ: ২১-০৫-২০২৬)।
ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেনÑখন্দকার হারুন অর রশিদ চান্দু (৫৪), মো. অনিক (২২), খন্দকার মামুনুর রশিদ রাজা (২১) এবং মোছা. আরুফা সুলতানা ( ৫৭)। ভুক্তভোগী খন্দকার শফিকুল আলম বলেন, “প্রকাশ্য দিবালোকে এমন হুমকির পর থেকে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিয়েছি।”
এই বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান (পিপিএম) বলেন, “অভিযোগটি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। তদন্ত কর্মকর্তা এএসআই সোহেল মোল্লাকে বিষয়টির ওপর দ্রুত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”





