বেতনা নদীর ভাঙনে হুমকির মুখে নবনির্মিত গোবিন্দপুর-মাটিয়াডাঙ্গা সেতু
জিএম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার বেতনা নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত গোবিন্দপুর-মাটিয়াডাঙ্গা সংযোগ সেতুর দুপাশে নদীভাঙন দেখা দিয়েছে। দীর্ঘ প্রায় তিন বছর ধরে নির্মাণাধীন সেতুটির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। তবে উদ্বোধনের অপেক্ষায় থাকা এ সেতুর পাশের নদীভাঙন চরম আকার ধারণ করায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতনা নদী পুনঃখননের পর নদীতে স্বাভাবিক জোয়ার-ভাটা ফিরে এসেছে। কিন্তু বর্ষা মৌসুমে প্রবল স্রোতের কারণে সেতুর পাশের চর ও নদীর তীর দ্রুত ভেঙে নদীগর্ভে বিলীন হচ্ছে। বিশেষ করে সেতুর পশ্চিম প্রান্তে পিলারের গোড়ার মাটি ধসে যাচ্ছে, যা সেতুর স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি করেছে।
ইতোমধ্যে গোবিন্দপুর বাজার জামে মসজিদের সামনের প্রায় ২০ থেকে ২৫ হাত জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীতে তলিয়ে গেছে বেশ কয়েকটি বড় গাছ। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে সেতুর মূল অবকাঠামো, গোবিন্দপুর বাজার জামে মসজিদ, আশপাশের দোকানপাট ও বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা গফফার গাজী জানান, কয়েক মাস ধরে নদীতে প্রবল স্রোতের কারণে ভাঙন অব্যাহত রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বাজারের জামে মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নতুন নির্মিত সেতুটিও হুমকির মুখে পড়বে।
আরেক বাসিন্দা কোরমান মালী বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কাক্সিক্ষত সেতুটি রক্ষায় নদীভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তা না হলে সেতুসহ এলাকার বসতবাড়ি ও বাজার রক্ষা করা কঠিন হবে।
জরুরি ভিত্তিতে নদীতীরে জিও ব্যাগ বা ব্লক ফেলা এবং টেকসই বাঁধ তৈরির মাধ্যমে ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে তাঁরা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন।









