শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

ভাঙছে বাঁধ, বাড়ছে লবণাক্ততা: উপকূলে ত্রাহি অবস্থা, তবু বাজেটে কমছে জলবায়ুর হিস্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
ভাঙছে বাঁধ, বাড়ছে লবণাক্ততা: উপকূলে ত্রাহি অবস্থা, তবু বাজেটে কমছে জলবায়ুর হিস্যা

Oplus_131072

এসএম শহীদুল ইসলাম: প্রতিনিয়ত বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। সেই সঙ্গে পাল্লা দিয়ে উপকূলীয় জেলাগুলোতে ঢুকছে লবণাক্ত পানি। নষ্ট হচ্ছে মাটির উর্বরতা, সুপেয় পানির তীব্র সংকটে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন। উপর্যুপরি শক্তিশালী ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে একের পর এক ভেঙে যাচ্ছে বেড়িবাঁধ। জলবায়ু পরিবর্তনের এমন ভয়াল বাস্তবতায় দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের মানুষ এখন অস্তিত্বের সংকটে ভুগছেন। এই পরিস্থিতি থেকে উপকূলকে বাঁচাতে আগামী জাতীয় বাজেটে সুনির্দিষ্ট ও বিশেষ বরাদ্দের জোর দাবি উঠেছে।

শনিবার (২৩ মে) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশবাদীরা এই দাবি জানান। পরিবেশবাদী সংগঠন ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’-এর সাতক্ষীরা জেলা শাখা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি’ (লিডার্স) এই ফোরামের সচিবালয় হিসেবে দায়িত্ব পালন করছে।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশ টিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।

সংবাদ সম্মেলনে বৈশ্বিক বিভিন্ন গবেষণা ও সূচক উল্লেখ করে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের মারাত্মক অভিঘাতে বাংলাদেশ এখন খাদের কিনারায়। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘ম্যাপলক্রাফট’-এর জরিপ অনুযায়ী, বিশ্বের ১৭০টি দেশের মধ্যে জলবায়ু সংকটে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১৬টি দেশের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ।

একইভাবে, ‘ওয়ার্ল্ড রিস্ক ইনডেক্স ২০২৩’ অনুযায়ী বিশ্বব্যাপী ঝুঁকির দিক থেকে বাংলাদেশের অবস্থান নবম। জার্মানওয়াচ-এর ‘জলবায়ু ঝুঁকি সূচক ২০২৫’ বলছে, দীর্ঘমেয়াদি উচ্চ ঝুঁকিতে থাকা দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে ১৩তম অবস্থানে।

বিজ্ঞানীদের আশঙ্কা, ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের প্রায় ১৭ শতাংশ ভূখন্ড সরাসরি ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে দেশের ৩০ শতাংশ কৃষিজমি হারিয়ে যাবে। এর চেয়েও বড় বিপর্যয় অপেক্ষা করছে শতকের শেষে। ২১০০ সালের মধ্যে দক্ষিণ-পশ্চিম উপকূলসহ দেশের প্রায় ৪৩৪ বর্গকিলোমিটার এলাকা সমুদ্রগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এর ফলে প্রায় ১০ মিলিয়ন (১ কোটি) মানুষ নিজেদের ভিটেমাটি হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিগত ২০ বছরে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে একের পর এক শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এতে যেমন প্রাণহানি ঘটেছে, তেমনি অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েছে উপকূলের মানুষ।

২০০৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে দক্ষিণ-পশ্চিম উপকূলে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় ১১,৫৬০ কোটি টাকা। এর মাত্র দুই বছর পর ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে ব্যাপক তন্ডব চালিয়ে ১,৮৮৫ কোটি টাকার ক্ষতি করে, যা এই অঞ্চলের মানুষকে দীর্ঘ সময় লোনা পানির মধ্যে আটকে রাখে। এরপর ২০১৯ সালে পরপর দুটি দুর্যোগ ফণী ও বুলবুলের কারণে যথাক্রমে ৫৩৬ কোটি ও ২৬৩ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়। ২০২০ সালে করোনা মহামারির চরম সংকটের মধ্যে আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান। খুলনা, বরিশাল, পটুয়াখালী ও সাতক্ষীরাসহ ১৭টি জেলায় এর ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১,১০০ কোটি টাকা।

ক্ষয়ক্ষতির এই ধারা এখানেই থেমে থাকেনি। ২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াস ৩০০ কোটি টাকা, ২০২২ সালে সিত্রাং ৪১৪ কোটি টাকা এবং ২০২৩ সালে মিধিলি প্রায় ২০০ কোটি টাকার ক্ষতিসাধন করে। আর সর্বশেষ ২০২৪ সালের মে মাসে পশ্চিম উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় রেমাল ৬,৮৮০ কোটি টাকার বিশাল অর্থনৈতিক ক্ষতি রেখে যায়, যার ক্ষত উপকূলবাসী এখনও বয়ে বেড়াচ্ছেন।

পরিবেশকর্মীরা জানান, এই বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি মানুষের মৃত্যু, জোরপূর্বক বাস্তুচ্যুতি, বসতভিটা ধ্বংস এবং তীব্র মানসিক চাপের মতো বিশাল ‘অ-অর্থনৈতিক ক্ষতি’ উপকূলবাসীকে প্রতিদিন সইতে হচ্ছে। কর্মসংস্থান হারিয়ে গ্রাম ছেড়ে মানুষ শহরমুখী হওয়ায় গ্রাম থেকে শহরমুখী অভিবাসন এখন একটি বড় মানবিক সংকটে রূপ নিয়েছে।

উপকূলের মানুষের জীবন ও জীবিকা সুরক্ষার প্রধান ঢাল হলো বেড়িবাঁধ। কিন্তু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য ও বিভিন্ন গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, উপকূলীয় এলাকায় বর্তমানে প্রায় ২৪০ কিলোমিটার বেড়িবাঁধ চরম ঝুঁকিপূর্ণ বা অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে।

বক্তারা অভিযোগ করেন, ভাঙনপ্রবণ ও ঘাটতিযুক্ত এই বাঁধগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। সিডর, আইলা ও রেমালের মতো বড় বড় ঘূর্ণিঝড়ের ধাক্কায় বাঁধগুলো ক্রমান্বয়ে আরও দুর্বল হয়ে পড়েছে। ফলে সামান্য জোয়ারের পানিতেই বাঁধ ভেঙে বিস্তূর্ণ এলাকা প্লাবিত হচ্ছে, যা উপকূলীয় অঞ্চলের সামগ্রিক সুরক্ষাবলয়কে পুরোপুরি ভেঙে ফেলেছে। এর ফলে লোনা পানি ঢুকে নষ্ট হচ্ছে সুপেয় পানির উৎস, ছড়াচ্ছে ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন জলবাহিত রোগ। পুষ্টিহীনতার শিকার হচ্ছে নারী ও শিশুরা।

উপকূলীয় এলাকার সংকটের বিপরীতে জাতীয় বাজেটে বরাদ্দের চিত্রটি চরম হতাশাজনক বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। গত ১০ বছরের বাজেট বরাদ্দ পর্যালোচনা করে দেখা যায়, দেশের মোট জাতীয় বাজেট ক্রমান্বয়ে বাড়লেও শতকরা হারের দিক থেকে জলবায়ু ও পরিবেশ খাতের বরাদ্দ প্রতি বছর কমছে। যেমন, ২০১৬-১৭ অর্থবছরে যেখানে মোট বাজেট ছিল ৩.৪১ লাখ কোটি টাকা, সেখানে জলবায়ু খাতের বরাদ্দ ছিল ২৮,০০০ কোটি টাকা-যা ছিল মোট বাজেটের ৮.২১ শতাংশ। এর পরের বছরগুলোতে বাজেট বাড়লেও জলবায়ুর হিস্যা কমতে থাকে।

 

২০১৭-১৮ অর্থবছরে ৪ লাখ কোটি টাকার বাজেটে জলবায়ু খাতে বরাদ্দ দেওয়া হয় ৩০,০০০ কোটি টাকা (৭.৫০%), ২০১৮-১৯ অর্থবছরে ৪.৬৪ লাখ কোটি টাকার বাজেটে বরাদ্দ ছিল ৩৩,০০০ কোটি টাকা (৭.১০%) এবং ২০১৯-২০ অর্থবছরে ৫.২৩ লাখ কোটি টাকার বাজেটে এই খাতের বরাদ্দ ছিল ৩৫,০০০ কোটি টাকা, যা শতাংশের হিসাবে দাঁড়ায় ৬.৬৯%।

পরবর্তী বছরগুলোতেও এই পতনের ধারা অব্যাহত ছিল। ২০২০-২১ অর্থবছরে ৫.৬৮ লাখ কোটি টাকার বাজেটে জলবায়ু খাতের বরাদ্দ ছিল ৩৭,০০০ কোটি টাকা বা ৬.৫১ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে ৬.০৪ লাখ কোটি টাকার বাজেটে ৩৮,০০০ কোটি টাকা (৬.২৯%) এবং ২০২২-২৩ অর্থবছরে ৬.৭৮ লাখ কোটি টাকার বাজেটে ৩৯,০০০ কোটি টাকা (৫.৭৫%) বরাদ্দ দেওয়া হয়। ২০২৩-২৪ অর্থবছরে এসে এই বরাদ্দ আরও কমে দাঁড়ায় মোট বাজেটের মাত্র ৪.৮৬ শতাংশে, যেখানে ৭.৬২ লাখ কোটি টাকার বাজেটে বরাদ্দ ছিল ৩৭,০৫২ কোটি টাকা।

সর্বশেষ দুই অর্থবছরে বরাদ্দের পরিমাণ সামান্য বাড়লেও তা আগের দশকের শুরুর দিকের তুলনায় অনেক কম। ২০২৪-২৫ অর্থবছরে ৭.৯৭ লাখ কোটি টাকার বাজেটে ৪১,২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, যা মোট বাজেটের ৫.১৭ শতাংশ। আর আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত ৭.৯০ লাখ কোটি টাকার বাজেটে জলবায়ু খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪১,২০৯ কোটি টাকা, যা মোট বাজেটের মাত্র ৫.২১ শতাংশ।

অর্থনৈতিক বিশ্লেষক ও পরিবেশবাদীদের মতে, জলবায়ু খাতের এই বরাদ্দ শুধু অপর্যাপ্তই নয়, বরং এটি সঠিক পরিকল্পনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়নি। তাছাড়া, এই বরাদ্দের বড় অংশই খরচ হয় কৃষি, পানি সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও অবকাঠামোসহ বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়মিত কাজের মাধ্যমে। ফলে সরাসরি পরিবেশের স্থায়ী সুরক্ষা এবং উপকূলের অভিযোজন ক্ষমতা বৃদ্ধির জন্য আলাদা কোনো বিশেষ বা সুনির্দিষ্ট বাজেট এখনো অত্যন্ত সীমিত।

সংবাদ সম্মেলনে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সুরক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়। বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জন্য শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এটি এক প্রাকৃতিক প্রাচীর। যুগে যুগে সব বড় ঘূর্ণিঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাস নিজের বুকে পেতে নিয়ে দেশকে রক্ষা করে আসছে সুন্দরবন।
জাতীয় অর্থনীতিতেও এই বনের অবদান অপরিসীম।

 

সুন্দরবনের মাছ, মধু, কাঠ ও বনজ সম্পদ থেকে প্রতি বছর দেশের জাতীয় অর্থনীতিতে হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থনৈতিক মূল্য যুক্ত হচ্ছে। এছাড়া, উপকূলীয় অঞ্চলের প্রায় ৩৫ থেকে ৫০ লাখ (৩.৫-৫ মিলিয়ন) মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের জীবিকার জন্য এই সুন্দরবনের ওপরই সম্পূর্ণ নির্ভরশীল। সুন্দরবনের পরিবেশ বিপন্ন হলে এই বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে উপকূলের সুরক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়। মাঠপর্যায় থেকে নীতিনির্ধারণী পর্যায় পর্যন্ত জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও চাহিদাকে আসন্ন জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, প্রবীণ সাংবাদিক জিএম মনিরুল ইসলাম মিনি, আমিনা বিলকিস ময়না, এসএম শহীদুল ইসলাম, শেখ তানজির আহমেদ, আকরামুল ইসলাম, আসাদুজ্জামান সরদার, মো. হোসেন আলী, মিলন বিশ্বাস, শেখ সিদ্দিকুর রহমান এবং ভূমিহীন নেতা আব্দুস সামাদসহ সুশীল সমাজ, পরিবেশকর্মী ও যুবসমাজের প্রতিনিধিরা।

উপকূলের এই মানবিক ও পরিবেশগত সংকট নিরসনে আসন্ন জাতীয় বাজেটে একটি ‘বিশেষ উপকূলীয় তহবিল’ হিসেবে কার্যকর বরাদ্দ দেওয়া হবে-এমনটাই প্রত্যাশা সাতক্ষীরাসহ দেশের সমগ্র উপকূলবাসীর।

 

 

 

 

Ads small one

কপিলমুনিতে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
কপিলমুনিতে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

oplus_0

 

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনির কাশিমনগর গ্রামের মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি মহিদুল গাজীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে কাশিমনগর বাজারের প্রধান সড়কে মানববন্ধন, পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে পাঁচটায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সমাজসেবক এম বুলবুল আহমেদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন পাইকগাছা উপজেলা মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি শেখ সেকেন্দার আলী, সাবেক ইউপি সদস্য মাজেদা পারভীন, মাওলানা আবু মুসা, গোলাম মোস্তফা গাজী ও তাসমিরা খাতুন।
বক্তারা অভিযোগ করেন, মাদক ব্যবসায়ী ও নিজের ভাবিকে হত্যাকারী মহিদুল গাজীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নিহতের মেয়ে তাসমিরা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার চাচা মহিদুল গাজী আমার মাকে হত্যা করেছে। এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। কিন্তু গত ২১ এপ্রিল জামিনে বেরিয়ে আসার পর থেকে সে মামলা তুলে নেওয়ার জন্য আমাদের ক্রমাগত হুমকি দিচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, আসামিরা উল্টো তাদের ও মামলার সাক্ষীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এই পরিস্থিতিতে তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা দাবি করেন।

২৩ শতক জমি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
২৩ শতক জমি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের ঘরচালা মাঠপাড়া গ্রামে প্রায় ২৩ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। উভয় পক্ষই নিজেদের জমির বৈধ মালিক দাবি করে আসায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি বর্তমানে আদালত ও ভূমি প্রশাসনের বিভিন্ন প্রক্রিয়ার অধীনে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বল্লী ইউনিয়নের রঘুনাথপুর মৌজার সাবেক ২৪৮, ২৮৪, ২৮৭ সহ কয়েকটি দাগের অন্তর্ভুক্ত ২৩ শতক জমি নিয়ে এই বিরোধের সূত্রপাত। বাদীপক্ষের মাসুরা খাতুন ও উজির আলী ফকির বিএস খতিয়ানে রেকর্ড সংশোধনের আবেদনসহ সায়েদ আলী মোড়লের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।
অন্যদিকে বিবাদী সায়েদ আলী মোড়ল দাবি করেন, বিরোধপূর্ণ জমির নামজারি (মিউটেশন) তার নামে সম্পন্ন হয়েছে এবং তিনি নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করছেন। আবেশ আলী সরদারের কাছ থেকে তিনি জমিটি বৈধভাবে ক্রয় করেছেন উল্লেখ করে তিনি বলেন, প্রতিপক্ষ তাকে জমিতে প্রবেশে বাধা দিচ্ছে। তবে অন্য অংশীদার আবু তালেব ফকির এই দাবি অস্বীকার করে বলেন, সায়েদ আলীর কাগজপত্র জাল। জমিটি বর্তমানে তাদের দখলে রয়েছে এবং এই জালিয়াতির বিরুদ্ধে তারা সহকারী জজ ভূমি আদালতে মামলা দায়ের করেছেন। প্রকৃত মালিকানা নির্ধারণে প্রশাসনের সুষ্ঠু তদন্ত প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

মাসউকের তিন দিনব্যাপী ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ কর্মসূচির সমাপনী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
মাসউকের তিন দিনব্যাপী ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ কর্মসূচির সমাপনী

নিজস্ব প্রতিনিধি: মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরার উদ্যোগে ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির ২০২৫-২০ছঞ মেয়াদের প্রশিক্ষকদের তিন দিনব্যাপী ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ (টিওটি) কোর্স সম্পন্ন হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে লোহাগড়া উপজেলা অডিটোরিয়ামে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এর আগে নড়াইল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী রানী মজুমদার প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির লোহাগড়া শাখা ব্যবস্থাপক মো. আলমগীর ফারুক এবং মানবাধিকার কর্মী সৈয়দ খায়রুল আলম।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে জীবন দক্ষতামূলক ও আয়বৃদ্ধিমূলক বিভিন্ন মডিউলের ওপর বিস্তারিত প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র রায় এবং মাস্টার ট্রেইনার মো. গিয়াসউদ্দিন। প্রশিক্ষণে মোট ১০জন প্রশিক্ষক অংশ নেন। সমাপনী দিনে মাসউকের হলরুমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুন।