শহীদ আসিফ হাসানের নামে সরকারি প্রতিষ্ঠানের নামকরণের দাবি
সংবাদদাতা: জুলাই অভ্যুত্থানের বীর শহীদ আসিফ হাসানের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নাম তাঁর নামে নামকরণের দাবি জানিয়েছেন ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মেহেদী হাসান।
শহীদ আসিফ হাসানের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১৮ জুলাই (শনিবার) বিকেল পাঁচটায় জামায়াতে ইসলামী সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আসিফের নিজ গ্রাম অস্কারপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিবির নেতা মেহেদী হাসান স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শহীদ আসিফ হাসানের আত্মত্যাগ যেন সময়ের আবর্তনে হারিয়ে না যায় এবং নতুন প্রজন্ম যেন তাঁর দেশপ্রেম, সাহস ও বীরত্ব থেকে প্রেরণা লাভ করতে পারে, সে লক্ষ্যে তাঁর স্মৃতিকে স্থায়ীভাবে সংরক্ষণ করা জরুরি।
তিনি জোর দাবি জানান, এলাকার গুরুত্বপূর্ণ সরকারি রাস্তা, চত্বর বা প্রধান সড়কের নাম যেন ‘শহীদ আসিফ হাসান’ নামে করা হয়। এর পাশাপাশি নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ বা মাদ্রাসা), গণগ্রন্থাগার কিংবা জনকল্যাণমূলক স্থায়ী স্থাপনা তাঁর নামে প্রতিষ্ঠা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি এই বিষয়ে প্রয়োজনীয় সরকারি উদ্যোগ গ্রহণের জন্য সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ জেলা ও উপজেলা জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।









