শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক কর্মশালা
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর উদ্যোগে ‘বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ-২০২৬’ উপলক্ষে তথ্য সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে সাতক্ষীরায় এক দিকনির্দেশনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সদর উপজেলার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যানবেইসের পরিচালক (পরিসংখ্যান) প্রফেসর মো. গোলাম ফিরোজ। জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীরের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান এবং তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম।
বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার সঠিক পরিকল্পনা ও নীতি প্রণয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের নির্ভুল ও হালনাগাদ তথ্য অত্যন্ত জরুরি। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও তথ্য সংগ্রহকারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কর্মশালায় অনলাইনে সঠিক সময়ে ও নির্ভুলভাবে তথ্য এন্ট্রি দেওয়ার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।









