শ্যামনগরে দিনে-দুপুরে বাড়ি থেকে স্বর্ণ ও নগদ টাকা লুট!
উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বয়ারসিংহ গ্রামে দিনে-দুপুরে এক বাড়ি থেকে সাড়ে চার ভরি স্বর্ণালংকার, নগদ ৮৫ হাজার টাকা এবং মূল্যবান মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্র লুট হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর দুইটার দিকে আটুলিয়া ইউনিয়নের বয়ারসিংহ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা আবুল কালাম তরফদার জানান, তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর শ্বশুরবাড়ি। শ্বশুর মারাত্মক অসুস্থ থাকায় দুপুরে পরিবারের সবাইকে নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। ওই সময় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে ডাকাত দল ঘরের আলমারি ভেঙে সব জিনিসপত্র তছনচ করে স্বর্ণ, টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
দিনে-দুপুরে বসতবাড়িতে এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এই বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








