সড়ক দুর্ঘটনায় দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান আহত
দেবহাটা প্রতিনিধি: যশোরের নাভারন এলাকায় এক সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরার দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত ওসমান ও তাঁর পরিবারের সদস্যরা আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ গ্রামের বাড়ি থেকে সপরিবারে কর্মস্থল দেবহাটায় ফেরার পথে নাভারন এলাকায় তাঁদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা আহত হন। তাঁদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান তুলনামূলকভাবে বেশি আঘাত পেয়েছেন। বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
দায়িত্বশীল এই কর্মকর্তার দুর্ঘটনার খবরে স্থানীয় কৃষক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শওকত ওসমান এবং তাঁর পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।









