সম্পাদকীয়/সাতক্ষীরায় শিশু স্বাস্থ্যসেবায় শয্যা সংকট: এখনই জরুরি পদক্ষেপ প্রয়োজন
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;
শীতের আগমনের সঙ্গে সঙ্গে উপকূলীয় জেলা সাতক্ষীরায় শিশুদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ৪৯ দিনে জেলার তিনটি হাসপাতালে এসব রোগে আক্রান্ত হয়ে ১ হাজার ৯০ জন শিশুর ভর্তি হওয়া এবং কেবল একটি বেসরকারি শিশু হাসপাতালেই বহির্বিভাগে ৫ হাজারের বেশি শিশুর চিকিৎসা নেওয়ার চিত্রটি জনস্বাস্থ্যের জন্য এক বড় সতর্কবার্তা। বিশেষত সাতক্ষীরা সদর হাসপাতালে শয্যা ও জনবল সংকটের কারণে অনেক শিশুকে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দেওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক।
হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী, সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে যেখানে অনুমোদিত শয্যা মাত্র ১৫টি, সেখানে প্রতিদিন গড়ে ৯০ থেকে ১২০ জন শিশু চিকিৎসা নিচ্ছে। ডায়রিয়া ওয়ার্ডেও অনুমোদিত ৫টি শয্যার বিপরীতে ২০ থেকে ৩০ জন শিশুকে সামাল দিতে হচ্ছে। ৪০ দিন বা দেড় মাস বয়সী নবজাতক ও শিশুদের শ্বাসকষ্ট বা নিউমোনিয়া নিয়ে বারান্দায় শুয়ে চিকিৎসা নেওয়ার দৃশ্য আমাদের স্বাস্থ্যব্যবস্থার সীমাবদ্ধতাকেই নগ্নভাবে তুলে ধরে। তীব্র ঠান্ডা বা ধুলাবালির সংস্পর্শে এসে বারান্দায় চিকিৎসাধীন শিশুদের অবস্থা আরও জটিল হওয়ার ঝুঁকি থেকেই যায়, যা অভিভাবকদের জন্য চরম উৎকণ্ঠার কারণ।
চিকিৎসকদের মতে, আবহাওয়ার আকস্মিক পরিবর্তন ও তাপমাত্রার ওঠানামায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং ডায়রিয়াজনিত পানিশূন্যতা দ্রুত প্রাণঘাতী রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসক ও নার্সদের ওপর যে বাড়তি চাপ তৈরি হয়েছে, তাতে সীমিত জনবল নিয়ে মানসম্মত সেবা বজায় রাখা কঠিন হয়ে পড়ছে।
সবচেয়ে হতাশাজনক বিষয় হলো, ১৯৮০ সালে ৫০ শয্যা দিয়ে শুরু হওয়া সাতক্ষীরা সদর হাসপাতাল পরবর্তীতে ১০০ শয্যায় উন্নীত হলেও জনসংখ্যা ও রোগীর চাপের অনুপাতে তা আজও অপ্রতুল। হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করার প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার পাঠানো সত্ত্বেও প্রশাসনিক ও সমন্বয়গত জটিলতায়Ñযেমন সংশ্লিষ্ট সভায় মেডিকেল কলেজের প্রতিনিধির অনুপস্থিতির মতো কারণেÑঅনুমোদন আটকে থাকা কোনোভাবেই কাম্য নয়। জনস্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলোতে এমন গাফিলতি বা আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেয়।
শীতের প্রকোপ সামনে আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই পরিস্থিতি হাতছাড়া হওয়ার আগেই সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি ভিত্তিতে শয্যা ও ওয়ার্ডের পরিসর বাড়ানো প্রয়োজন। পাশাপাশি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং নেবুলাইজারসহ প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার ফাইলটি দ্রুত অনুমোদন ও বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কার্যকর হস্তক্ষেপ জরুরি।
উপকূলীয় এই জেলার কোমলমতি শিশুদের জীবন রক্ষায় এখন কথার চেয়ে কাজের গতি বাড়ানোই সবচেয়ে বড় বিষয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেবেÑএটাই সাতক্ষীরাবাসীর প্রত্যাশা।












