বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী

বর্তমান সরকার দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায়। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ওই মহলটি আগে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করেছিল, যা দেশের মানুষ ভালোভাবে নেয়নি। এখন তারা ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা করছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর স্টেশন রোড এলাকায় অবস্থিত ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন এবং দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জামায়াতের নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই, তারা সংসদে এসে কথা বলুক। তাদের বক্তব্য শুনতে চাই। জনগণের স্বার্থসংশ্লিষ্ট কোনও কথা থাকলে আমরা তা গ্রহণ করতে রাজি আছি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করার জন্য সরকার কাজ করছে। দেশে স্থিতিশীলতা বজায় রাখা এবং সব ধরনের বিভ্রান্তি থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য। এ জন্য তিনি জনগণের আরও কাছাকাছি যেতে চান এবং সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, আমরা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করতে চাই। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা কাজ করছি। নিরাপদ বাংলাদেশ গঠনে আমি আবারও দেশবাসীর সহযোগিতা চাই।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার জন্য সেই যুদ্ধে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সব ধর্মের মানুষ অংশ নিয়েছিলেন। সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছিল।

তিনি আরও বলেন, মাত্র দুই বছর আগে দেশে যে গণঅভ্যুত্থান হয়েছিল, তাতেও ধর্ম-বর্ণনির্বিশেষে সব শ্রেণির মানুষ রাজপথে নেমে এসেছিলেন। তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দেশকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করা হয়েছিল। এখন সরকার আগামীর বাংলাদেশকে শান্তির বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়।

নির্বাচনে জনগণের ম্যান্ডেট পাওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচনে আমরা জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি। হয়তো কোনও অঞ্চলে আমরা জয়ী হয়েছি, কোনো অঞ্চলে হইনি। কিন্তু আমরা মনে করি, দেশের সব মানুষ আমাদের নির্বাচিত করেছেন, ভোট দিয়েছেন। সে কারণে দেশের সব অঞ্চলে সমভাবে উন্নয়ন করতে চাই।

রংপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রংপুর মহানগরীর উন্নয়নে একনেকের সভায় ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া রংপুরের জেলা ও উপজেলাগুলোর অবকাঠামো এবং সড়ক উন্নয়নে জেলা পরিষদের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দুপুর ১২টা ৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছান। সৈয়দপুর বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশে হাজারো নারী-পুরুষ দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মন্দিরের উন্নয়নের জন্য ১০ লাখ টাকার অনুদানের চেক দেন। এ ছাড়া মন্দিরের দরিদ্র ও মেধাবী সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য ছয়তলা ভবন নির্মাণে সহায়তার আশ্বাস দেন।

মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর সাহেব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Ads small one

শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন, অধিকার সুরক্ষা ও বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার মুন্সিগঞ্জে অবস্থিত সুশীলন টাইগার পয়েন্টে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা ও সুশীলনের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের প্রতিনিধিরা তাঁদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, ভূমিহীনদের মধ্যে খাসজমি বরাদ্দ, নিরাপদ ও সুপেয় পানির সংকট নিরসন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্তি, আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তির পরিমাণ ও সুযোগ বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর সমন্বয় জোরদারসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ মুন্ডা সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, ভূমিহীনদের মধ্যে খাসজমি বরাদ্দ, সুপেয় পানির সংকট নিরসন এবং শিক্ষার্থীদের উপবৃত্তি নিশ্চিতকরণসহ উত্থাপিত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, সুশীলনের কর্মকর্তা মনিরুজ্জামান মনির প্রমুখ।

মতবিনিময় সভায় মুন্ডা সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন রাম প্রসাদ মুন্ডা, গোপাল মুন্ডা, চম্পা মুন্ডা, বিথিকা মুন্ডা, নিলিমা মুন্ডা, অনুপ মুন্ডা ও তাপস কুমার প্রমুখ।

ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়ালো ১৩৫, ভোগান্তির শেষ কোথায়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়ালো ১৩৫, ভোগান্তির শেষ কোথায়

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলার পর দেশটির বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ রয়েছে। সুতরাং নিরাপত্তা বিবেচনায় শাহজালাল বিমানবন্দর থেকে ওই রুটে গমনেচ্ছু ১৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে। গত ১০ অক্টোবর থেকে ফ্লাইট বাতিল হওয়া শুরু হয়। আর এতে করে ২০ হাজার ৬৭২ জন যাত্রী আটকা পড়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ গণমাধ্যমকে এসব তথ্য জানান।

বেবিচকের দেওয়া তথ্য মতে, বাতিল হওয়া ১৩৫ ফ্লাইটের মধ্যে সরাসরি ছিল ৬২টি আর ট্রানজিট ফ্লাইট ছিল ৭৩টি।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমানের ফ্লাইট ছিল ২৩টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি।

ট্রানজিট ফ্লাইটগুলো হলো ইন্ডিগো এয়ারের ২৮টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতারে এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৬টি।

কাওছার মাহমুদ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৪ প্রাণ, হাসপাতালে ভর্তি ১৫১২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
ডেঙ্গু কেড়ে নিলো আরও ৪ প্রাণ, হাসপাতালে ভর্তি ১৫১২

 

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। এছাড়া এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৫১২ জন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৪ জন, খুলনা বিভাগে ২০৬ জন, রাজশাহী বিভাগে ১৬২ জন, রংপুর বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ২৩১ জন এবং সিলেট বিভাগে ৮ জন আক্রান্ত হয়েছেন।

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫০২ জন। এদের মধ্যে ১ লাখ ১২ হাজার ১১১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৬ হাজার ২৩ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছে ৩৬৮ জন।