চাম্পাফুলে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান
সাতক্ষীরা জেলার চাম্পাফুল আ. প্র. চ. মাধ্যমিক বিদ্যাপীঠের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবসেবামূলক সংগঠন ‘আমরা’।
‘ফুলের মতো ফুটবে মোরা, আলোর ন্যায় ছুটবো। জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়বো’-স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা স্মারক উপহার দিয়ে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার তরুণ কুমার বিশ্বাস। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ, সহকারী শিক্ষক আবু হাসান, সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা আসাদুল্লাহ আল মাসুদ ও মুছান্না গালীব, সংগঠনটির সভাপতি পারভেজ মোশাররফ, সাধারণ সম্পাদক জিসান আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গিফট স্পন্সর প্রতিষ্ঠান ‘তারিক আইটি সার্ভিসে’র পক্ষে উপস্থিত ছিলেন শেখ নূর মোহাম্মদ।
এসময় বক্তারা বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ ধরে রাখতে হবে। অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তাঁরা।
প্রধান অতিথি তরুণ কুমার বিশ্বাস বলেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে পারলে বর্তমান শিক্ষার্থীরা আরও ভালো করার সুযোগ পাবে। এ ধরনের নেটওয়ার্ক জুনিয়রদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দিতে পারে। এ সময় তিনি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
উল্লেখ্য, অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ফোকাস চ্যালেঞ্জ’ গেম অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ আয়োজন কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে ভূমিকা রাখে। প্রেসবিজ্ঞপ্তি









