সাতক্ষীরা জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
সংবাদদাতা: ২০০৬ সালের ২৮ অক্টোবর স্মরণে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্কে জেলা জামায়াত আয়োজিত উক্ত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে হত্যাকাণ্ড, ষড়যন্ত্র, লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঢাকার পল্টনে লগি-বৈঠা নিয়ে হামলা চালানো হয় এবং এতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বহু নেতাকর্মী নিহত হন। নিহতদের লাশের ওপর নৃত্য করার ঘটনাও ঘটেছিল বলে উল্লেখ করেন তিনি। এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।
সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক, অফিস সেক্রেটারি রুহুল আমিন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমানসহ জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে শহীদ আবদুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাকাপুলের মোড়, নিউমার্কেট মোড়, তুফান মোড় ও বড়বাজার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।












