সাতক্ষীরা পৌরসভার পানি সংকট: অভিজ্ঞতা ও করণীয়
আসাদুজ্জামান সরদার
সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাটিয়া এলাকার বাসিন্দা গোলাম সরোয়ার। গত আট-নয় মাস ধরে তাঁর বাসার পানির লাইনে আসছে দুর্গন্ধযুক্ত ও ব্যবহার অনুপযোগী পানি। খাওয়া তো দূরের কথা, দৈনন্দিন পরিচ্ছন্নতার কাজেও এ পানি ব্যবহার করা যায় না। দূষিত পানি ব্যবহারের কারণে পরিবারের সদস্যদের চর্মরোগসহ নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছে বলে জানান তিনি। বাধ্য হয়ে উচ্চমূল্যে জারের পানি কিনে খেতে হচ্ছে। অথচ নিয়মিত পানির বিলও পরিশোধ করতে হচ্ছে তাঁকে।
গোলাম সরোয়ার একাধিকবার পৌরসভাকে বিষয়টি জানিয়েছেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। তাঁর ভাষ্য, রাজারবাগানসহ অনেক এলাকায় পরিস্থিতি আরও খারাপ; কোথাও কোথাও পানিই পাওয়া যায় না।
গোলাম সরোয়ারের মতো ভোগান্তিতে রয়েছেন সাতক্ষীরা পৌর এলাকার বহু বাসিন্দা। তাঁদের অনেকে নিরাপদ পানির অভাবে জারের পানি কিনে দৈনন্দিন চাহিদা মেটাচ্ছেন।
জলবায়ু পরিবর্তন ও শহরমুখী মানুষের চাপ
উপকূলীয় জেলা সাতক্ষীরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি। এখানে লবণাক্ততা বৃদ্ধির পাশাপাশি সুপেয় পানির সংকটও বাড়ছে। এর প্রভাব পড়েছে সাতক্ষীরা পৌর এলাকাতেও। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, লবণাক্ততা, আয়রন ও আর্সেনিকের উপস্থিতিসহ নানা কারণে পৌরবাসীকে পানির জন্য বিকল্প উৎসের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে পরিবারের আয়ের উল্লেখযোগ্য অংশ ব্যয় হচ্ছে পানি কিনতে।
কাজের অভাবসহ নানা সংকটে উপকূলীয় ও গ্রামীণ এলাকার অনেক মানুষ জীবিকার সন্ধানে পৌর এলাকায় আসছেন। পৌর এলাকার ৪৭টি বস্তিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস, যাঁদের অধিকাংশই উপকূলীয় ও গ্রামাঞ্চল থেকে এসেছেন। এতে শহরের জনসংখ্যার ওপর চাপ বাড়ছে, একই সঙ্গে সুপেয় পানির সংকটও ঘনীভূত হচ্ছে।
সরকারি হিসাব অনুযায়ী, সাতক্ষীরা পৌরসভার আয়তন ৩২ দশমিক ৩৯ বর্গকিলোমিটার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, পৌরসভার জনসংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৪১১ এবং খানার সংখ্যা ৩৬ হাজার ২৯৯। তবে স্থানীয়ভাবে জনসংখ্যা প্রায় দুই লাখ বলে উল্লেখ করা হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, খোলপেটুয়া নদীর পানিতে গত কয়েক বছরে লবণাক্ততার মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। এর প্রভাব সাতক্ষীরা পৌর এলাকা পর্যন্ত পৌঁছেছে। একদিকে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে, অন্যদিকে উত্তোলিত পানিতে অতিরিক্ত লবণ, আয়রন এবং কোথাও কোথাও আর্সেনিকের উপস্থিতি রয়েছে।
এ অবস্থায় পৌরসভার পানি সরবরাহ লাইনই শহরের অনেক মানুষের প্রধান ভরসা। কিন্তু সেই লাইন থেকেও ময়লা, দুর্গন্ধযুক্ত ও পচা পানি আসার অভিযোগ রয়েছে। কোথাও পানির সঙ্গে শেওলা, পোকামাকড় ও কেঁচো আসার কথাও জানিয়েছেন গ্রাহকেরা। চাহিদার তুলনায় পানি সরবরাহ কম হওয়ায় বাসিন্দাদের অনেকে বেসরকারি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভর করছেন। নিয়ম অনুযায়ী ছয় মাস পরপর এসব প্রতিষ্ঠানের পানির গুণগত মান পরীক্ষার কথা থাকলেও তা যথাযথভাবে হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে কার্যকর তদারকিরও অভাব রয়েছে।
সংকটের ধরন ও সংশ্লিষ্টদের বক্তব্য
পৌরসভার পানি শাখা সূত্রে জানা যায়, রাজ্জাক পার্ক ও বাটকেখালির ওভারহেড ট্যাংকগুলো ত্রুটিপূর্ণ। পলাশপোলে রয়েছে শুধু ফিল্টার বেড ও রিজার্ভার। ফলে চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করা যাচ্ছে না। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পর্যাপ্ত পানি উত্তোলনও সম্ভব হচ্ছে না। উৎপাদনক্ষমতা ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। আগে প্রতি মাসে নতুন করে ১০০ থেকে ২০০ গ্রাহক সংযোগ নিলেও এখন সেই সংখ্যা ৫ থেকে ১০ জনে নেমেছে। উল্টো পুরোনো গ্রাহকদের অনেকে সংযোগ বিচ্ছিন্ন করছেন।
পৌরসভার হিসাবে বর্তমানে পানির সংযোগ রয়েছে প্রায় ১১ হাজার ৩০০টি, যা মোট ৩৬ হাজার ২৯৯ খানার প্রায় ৩১ শতাংশ। তবে সংযোগ থাকলেও সবাই নিয়মিত পানি পাচ্ছেন না। ইতিমধ্যে প্রায় দুই হাজার গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন করেছেন।
গ্রাহক মোস্তাফিজুর রহমান জানান, লাইনের পানিতে ময়লা, শেওলা, পোকামাকড় ও কেঁচো পাওয়া যায়। এ পানি খাওয়া বা ব্যবহারের উপযোগী নয়। তাঁর মতে, একসময় পানির মান ভালো থাকলেও যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিষ্কারের অভাবে পরিস্থিতির অবনতি হয়েছে। পানি পরিষ্কার বা ওয়াশের নামে প্রতি মাসে টাকা নেওয়া হলেও বাস্তবে কাজের অগ্রগতি দেখা যায় না। কাক্সিক্ষত সেবা না পেয়ে অনেকে নতুন সংযোগ নিতে আগ্রহ হারাচ্ছেন এবং বিকল্প হিসেবে নলকূপের দিকে ঝুঁকছেন।
জেলায় একশোর বেশি জারের পানির প্রতিষ্ঠান গড়ে উঠেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। তবে এসব প্রতিষ্ঠানের অধিকাংশের বিএসটিআই অনুমোদন বা দক্ষ কেমিস্ট নেই বলে অভিযোগ রয়েছে। নন-ফুড গ্রেড প্লাস্টিকের জারে পানি সরবরাহের বিষয়টিও উদ্বেগের। ফলে এসব পানির নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে।
অন্যদিকে, বৃষ্টির পানি সংরক্ষণের পর্যাপ্ত জলাধার না থাকা এবং পরিবেশ ও পুকুর সংরক্ষণ আইন অমান্য করে শহরের পুকুর ভরাটের কারণে সংকট আরও বাড়ছে।
পৌরসভার তথ্য ও চলমান প্রকল্প
পৌরসভা সূত্রে জানা যায়, বর্তমানে পৌর এলাকায় দৈনিক পানির চাহিদা প্রায় ৯৯ লাখ ৬০ হাজার লিটার। এর বিপরীতে উৎপাদন হচ্ছে প্রায় ৬৫ লাখ লিটার। চাহিদা ও উৎপাদনের এই ঘাটতি এবং কারিগরি ত্রুটির কারণে বাসিন্দারা পর্যাপ্ত পানি পাচ্ছেন না।
পৌর এলাকার প্রায় ৭০ শতাংশ স্থানে পাইপলাইন অবকাঠামো থাকলেও উৎপাদন সক্ষমতা অনুযায়ী প্রায় ৬০ শতাংশ এলাকায় পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে। পৌরসভার ১৮টি পাম্পের মধ্যে ১৫টি সচল এবং তিনটি অচল। তিনটি ট্রিটমেন্ট প্ল্যান্টের সব কটিও সচল নয়। এদিকে পানির বকেয়া বিলের পরিমাণ প্রায় ৩ কোটি ৯২ লাখ ৫৪ হাজার টাকা। পর্যাপ্ত সেবা না পাওয়ায় গ্রাহকদের কাছ থেকে বকেয়া বিল আদায় করাও কঠিন হয়ে পড়েছে।
২০১৬ সালের ২৯ এপ্রিল জাগো নিউজে প্রকাশিত তথ্য অনুযায়ী, সে সময় পৌরসভার গ্রাহকদের দৈনিক পানির চাহিদা ছিল ১ কোটি ২৫ লাখ লিটার; সরবরাহ করা হতো ১ কোটি লিটার। তখন পৌরসভার সহকারী প্রকৌশলী জানিয়েছিলেন, প্রতি মাসে খরচ হতো ১৪ লাখ টাকা, বিপরীতে বিল আদায় হতো ৯ থেকে ১০ লাখ টাকা। গ্রাহকদের কাছে বকেয়া ছিল প্রায় ৫০ লাখ টাকা। ওই প্রতিবেদনেও রাজারবাগান, পুরাতন সাতক্ষীরা, কামালনগর ও রসুলপুরসহ বিভিন্ন এলাকায় সংযোগ থাকলেও পানি না পাওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। তৎকালীন মেয়র পানির স্তর নিচে নেমে যাওয়াকে এর কারণ হিসেবে জানিয়েছিলেন।
পৌরসভার পানি সংকট সমাধানে রইচপুর খাল ও আশপাশের ৪৬ একর জায়গা নিয়ে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন এ প্রকল্পে ভূ-উপরিস্থ পানি শোধন করে শহরে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি শেষ হলে পৌরসভার পানির সমস্যার ৯০ শতাংশ সমাধান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে এ জন্য ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
করণীয়
পানি মানুষের মৌলিক অধিকার। তাই পানি সরবরাহ ও পরিশোধনের ব্যবস্থা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। একই সঙ্গে সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।
প্রতিটি বাড়িতে ছাদের বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে। এতে পরিবারের পানির চাহিদার একটি অংশ পূরণের পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো সম্ভব হবে। খাল ও বৃষ্টির পানি সংরক্ষণ এবং পরিশোধনের মাধ্যমে সরবরাহের দীর্ঘমেয়াদি উদ্যোগও নিতে হবে।
শহরের পুকুর ও অন্যান্য জলাধার সংরক্ষণে বিদ্যমান পরিবেশ ও জলাধার সংরক্ষণ আইন কার্যকরভাবে প্রয়োগ করা প্রয়োজন। একই সঙ্গে জারের পানি ও পৌরসভার সরবরাহ করা পানিতে আর্সেনিক, আয়রন, লবণাক্ততা ও পিএইচের মাত্রা নিয়মিত পরীক্ষা করতে হবে। পরীক্ষার ফলাফল জনসাধারণের জন্য অনলাইনে প্রকাশ করা যেতে পারে। এ ক্ষেত্রে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সংশ্লিষ্ট পরীক্ষাগারের কারিগরি সহায়তা নেওয়া জরুরি।
পানি সরবরাহ প্রকল্পের অবকাঠামো সচল রাখতে পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য পৃথক তহবিল নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাতক্ষীরা পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মধ্যে কাজের পরিধি, তথ্য আদান-প্রদান এবং কারিগরি বিষয়ে সমন্বয় বাড়াতে হবে।
চালু থাকা লাইনগুলোতে নিরাপদ পানি সরবরাহে পৌরসভা কী পদক্ষেপ নিচ্ছে এবং যাঁরা এখনো সংযোগ পাননি, তাঁদের কবে নাগাদ পানি দেওয়া হবেÑসে বিষয়ে সুনির্দিষ্ট সময়সূচি ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
গত এক দশকে শহরের জনসংখ্যা ও পরিধি বাড়লেও পানি সরবরাহের পরিমাণ ও মান সেই অনুপাতে বাড়েনি। জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করেছে। এ সংকট মোকাবিলায় পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বিত পরিকল্পনা, পর্যাপ্ত বরাদ্দ এবং নিয়মিত তদারকি জরুরি। লেখক: গণমাধ্যমকর্মী। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) আয়োজিত নাগরিক সংলাপে প্রবন্ধটি উপস্থাপন করা হয়।












