মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ: মার্কিন চুক্তি বাতিলের দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ: মার্কিন চুক্তি বাতিলের দাবি

আমেরিকার সঙ্গে সম্পাদিত ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিল এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা না দেওয়ার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে (নিউমার্কেট) গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখা এই কর্মসূচি পালন করে।
সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের সময়ে সম্পাদিত বিভিন্ন চুক্তির সমালোচনা করে বলেন, জাতীয় স্বার্থ ক্ষুণœ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করা হয়েছে, তার অবস্থান এখনো স্পষ্ট করা হয়নি। অবিলম্বে এই ‘দাসত্বের চুক্তি’ বাতিল করতে হবে। একই সঙ্গে দেশের প্রধান সমুদ্রবন্দরের লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল এবং লালদিয়ায় বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধের দাবি জানানো হয়।
জেলা বাসদ সদস্য ও জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এড. শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুক্তফ্রন্টের মুখপাত্র ও বাসদ সমন্বয়ক নিত্যানন্দ সরকার। জেলা বাসদ সদস্য কমরেড আবু তালেবের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সিপিবি জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, বাংলাদেশ জাসদের জেলা সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, মানবাধিকার ব্যক্তিত্ব ও ‘দৈনিক দক্ষিণের মশাল’ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মুক্তিযোদ্ধা মাস্টার জব্বার, ভূমিহীন নেতা কওসার আলী, উদীচী জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও নারী নেত্রী রওশন আরা।
বক্তারা আন্তর্জাতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ফিলিস্তিনের গাজায় মার্কিন মদদে ইসরাইলি গণহত্যা এবং দুনিয়ার বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসন বন্ধ করতে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।
স্থানীয় সমস্যার কথা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরা জেলাজুড়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এছাড়া মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র পরীক্ষার নামে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড় করিয়ে রেখে অহেতুক হয়রানি বন্ধের দাবি জানান তারা। সমাবেশে ছাত্রনেতা নয়ন, কবি ও সাহিত্য সংগঠক গাজী শাহজাহান সিরাজসহ বাম-প্রগতিশীল সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

হ্যারি ও মেগান রাজপরিবারের উপাধি ব্যবহার করতে পারবেন না

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
হ্যারি ও মেগান রাজপরিবারের উপাধি ব্যবহার করতে পারবেন না

প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল ব্রিটিশ রাজপরিবারের দায়িত্ব ছেড়ে ২০২০ সালে স্বাধীন জীবনযাপনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। ছয় বছর পর গত আগস্টে তারা তাদের দুই সন্তান আর্চি ও লিলিবেটকে নিয়ে যুক্তরাজ্যে ফিরে বসবাস শুরু করেন।

রাজপরিবারে তাদের অবস্থান কী হবে, তা নিয়ে চলছিল গুঞ্জন। রাজা তৃতীয় চার্লস সেই গুঞ্জনের সমাপ্তি টেনেছেন। সোমবার জারি করা এক চিঠিতে জানানো হয়, রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে হ্যারি ও মেগানকে বিবেচনা করা হবে না। রাজপরিবারের জ্যেষ্ঠ কর্মকর্তা লর্ড চেম্বারলেনের জারি করা চিঠিতে বলা হয়েছে, হ্যারি-মেগানের যুক্তরাজ্যে ফিরে আসার পর তাদের অবস্থান নিয়ে বেশ কিছু নির্দেশনা চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে যেন কোনো ‘সন্দেহ বা বিভ্রান্তি’ না থাকে, সে কারণেই এই চিঠি দেওয়া হয়েছে।

রাজপরিবার থেকে জারি করা ওই চিঠিতে আরও বলা হয়, ‘২০২০ সালের জানুয়ারিতে হ্যারি ও মেগান রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ফলে তারা এখন আর রাজপরিবারের অফিসিয়ালি ‘এইচআরএইচ’ উপাধি ব্যবহার করতে পারবেন না।

জানা যায়, রানি দ্বিতীয় এলিজাবেথ বা প্রিন্স চার্লসের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই হ্যারি ও মেগান আকস্মিকভাবে ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন যে, তারা রাজপরিবারের ‘সিনিয়র’ সদস্যের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে রানি এলিজাবেথ তখন একটি পারিবারিক বৈঠক ডাকেন। সেখানে সিদ্ধান্ত হয় যে, হ্যারি-মেগান আর রাজপরিবারের প্রতিনিধিত্ব করতে পারবেন না এবং সরকারি কোনো অনুদান পাবেন না।

বিমান নিয়ে মন্তব্য, নোরার বিরুদ্ধে বড় অঙ্কের মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
বিমান নিয়ে মন্তব্য, নোরার বিরুদ্ধে বড় অঙ্কের মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে উড়োজাহাজ নিয়ে মন্তব্য করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ডুন এভিয়েশন নামের একটি চার্টার্ড বিমান সংস্থাকে নিয়ে অসম্মানজনক ও ভিত্তিহীন মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে ৩০ মিলিয়ন দিরহাম ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে সেসনা সাইটেশন সিজে-২ মডেলের একটি উড়োজাহাজে ওঠার সময় ভিডিও ধারণ করেন নোরা। পরে সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। ওই অ্যাকাউন্টে তার প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারী রয়েছে।

ভিডিওতে উড়োজাহাজটির আকার ও চেহারা নিয়ে মন্তব্য করতে গিয়ে নোরা সেটিকে খেলনা কিংবা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করেন বলে অভিযোগ করেছে বিমান সংস্থাটি।

ডুন এভিয়েশনের দাবি, নোরার ওই মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন। এর ফলে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষতি হয়েছে। সংস্থাটি আরও দাবি করেছে, সংশ্লিষ্ট উড়োজাহাজটি তার শ্রেণির একটি মানসম্মত বিমান।

এ ঘটনায় গত এপ্রিল মাসে গান্ধীনগরের একটি আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটিতে ৩০ মিলিয়ন দিরহাম ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে ‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো জনপ্রিয় গানের মাধ্যমে পরিচিতি পাওয়া নোরা ফাতেহি সম্প্রতি ‘সারকে চুনার তেরি সারকে’ নামের একটি কন্নড় গানের কথার কারণেও সমালোচনার মুখে পড়েছিলেন।

ওই বিতর্কের পর নোরা জানিয়েছিলেন, গানটির ভাষা তিনি বুঝতে পারেননি। ভাষাগত বিষয়টি না বোঝার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে ব্যাখ্যা দিয়ে তিনি তখন বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করেন।

বিশ্ববাজারে বেড়েই চলছে জ্বালানি তেলের দাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
বিশ্ববাজারে বেড়েই চলছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন জাতীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস কোম্পানি আরামকোর কয়েকটি স্থাপনায় ইয়েমেনে হুতি বিদ্রোহীরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সাম্প্রতিক দুই পক্ষের হামলা-পাল্টা হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ১০০ ডলার ছুঁইছুঁই।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত আন্তর্জাতিক ফিউচারস বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯৯ ডলারে লেনদেন হয়েছে।

ইয়েমেনের রিয়াদ-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সশস্ত্র সংঘাত তীব্র হওয়ার পাশাপাশি সৌদির কৌশলগত তেল অবকাঠামোতে সরাসরি হামলা তেলের বিশ্ববাজারে এই অস্থিরতা তৈরি করেছে।

এর আগে, সোমবার ব্রেন্ট ক্রুডের দর বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৬ ডলারে পৌঁছেছিল। তবে দিনশেষে তা ৯৭ ডলারে স্থির হয়। একই সময়ে মার্কিন টেক্সাসের মানদণ্ড অক্টোবর ডেলিভারির ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েল ফিউচারস দরপ্রতি ৯৪ দশমিক ৪৭ ডলারে লেনদেন হয়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক উত্তেজনার কোনো মীমাংসা না হওয়া এবং হুতি গোষ্ঠীর ধারাবাহিক সামরিক তৎপরতায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় জ্বালানির দাম ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে।

এদিকে, লোহিত সাগরের উপকূলীয় এলাকায় সাম্প্রতিক কয়েক দিনের সংঘর্ষে ৩০০ জনের বেশি মানুষ নিহত এবং শত শত পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে। বাব আল-মান্দাব প্রণালির আশপাশের এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে হুতিরা। সূত্র: আলজাজিরা