বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা

সংবাদদাতা: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার উন্নয়ন এবং নারীদের টেকসই জীবিকার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় ‘রাইজ’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) ও টেরে দেস হোমস (টিডিএইচ) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। জার্মান সরকারের সহায়তায় এবং জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউর মাধ্যমে ব্র্যাক প্রতিষ্ঠিত ক্লাইমেট ব্রিজ ফান্ডের অর্থায়নে ৩৬ মাস মেয়াদি প্রকল্পটি সাতক্ষীরা পৌরসভার জলবায়ু-ঝুঁকিপূর্ণ তিনটি কলোনিতে বাস্তবায়িত হচ্ছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাওসার আজিজ সভায় প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক শেখ মইনুল ইসলাম মইন এবং সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। টেরে দেস হোমস ফাউন্ডেশনের বাংলাদেশ কার্যালয়ের ব্যবস্থাপক সুরজিৎ কুণ্ডু সভায় সভাপতিত্ব করেন।

স্বাগত বক্তব্যে ব্রেকিং দ্য সাইলেন্সের সাতক্ষীরা কার্যালয়ের ম্যানেজার, প্রোগ্রাম ও ডিস্ট্রিক্ট ইনচার্জ মো. শরিফুল ইসলাম প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন। তিনি বলেন, প্রকল্পের কার্যক্রম সফল করতে সরকারি দপ্তর, পৌর কর্তৃপক্ষ, উন্নয়ন সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত অংশগ্রহণ জরুরি।

ব্র্যাকের জেলা সমন্বয়কারী এ এস কে আশরাফুল মাশরুদ ক্লাইমেট ব্রিজ ফান্ডের কার্যক্রম তুলে ধরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের গুরুত্ব ব্যাখ্যা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাওসার আজিজ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা ও বাস্তুচ্যুত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তিনি প্রকল্পটিকে সময়োপযোগী উল্লেখ করে সাতক্ষীরা পৌরসভার নির্বাচিত তিনটি কলোনিতে কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের প্রেক্ষাপট, লক্ষ্য, উদ্দেশ্য, প্রধান কার্যক্রম, প্রত্যাশিত ফলাফল ও বছরভিত্তিক কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি বেজলাইন সমীক্ষার তথ্যের ভিত্তিতে প্রকল্প এলাকার বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়। ক্লাইমেট ব্রিজ ফান্ড, কারিগরি সহায়তাকারী সংস্থা টেরে দেস হোমস এবং বাস্তবায়নকারী সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের ভূমিকা ও কার্যক্রম সম্পর্কেও জানানো হয়।

প্রকল্পের আওতায় নির্বাচিত তিনটি কলোনিতে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার উন্নয়ন, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং পানি নিষ্কাশনব্যবস্থা উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং স্থানীয় জনগোষ্ঠী ও যুবসমাজের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা, জলাবদ্ধতা ও অন্যান্য পরিবেশগত সংকটের কারণে সাতক্ষীরার প্রান্তিক জনগোষ্ঠী নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত পরিবারগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে রাইজ প্রকল্প বাস্তবায়িত হলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মৌলিক সেবা প্রাপ্তি, স্বাস্থ্যকর জীবনযাপন ও টেকসই জীবিকার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের সুফল দীর্ঘমেয়াদে ধরে রাখতে অবকাঠামোর যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও মালিকানাবোধ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

Ads small one

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

আগামী ১০ নভেম্বর থেকে খুলনায় শুরু হচ্ছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় তিনি বলেন, বই মানুষের ভালো বন্ধু। সবার অংশগ্রহণে এবারের বইমেলা সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মেলা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

সভায় জানানো হয়, ১০ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে বইমেলা। প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন থাকবে। ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ১০টা এবং অন্যান্য দিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রস্তুতি সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, জাসাস মহানগর কমিটি ও জিয়া শিশু-কিশোর সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তথ্যবিবরণী

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে দেবহাটা উপজেলা যুবদলের আয়োজনে বহেরা এ.টি. মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল। সঞ্চালনা করেন সদস্যসচিব মেহেদী হাসান সবুজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজা, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রাজিব, কুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, সদস্যসচিব হিরোন কুমার মণ্ডল ও যুগ্ম আহ্বায়ক হোসেন আলী; পারুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহীন আলম; সখিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম ও সদস্যসচিব সোহাগ হোসেন; দেবহাটা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুদা বাপ্পী ও সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন; নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাদশা, সদস্যসচিব কবির হোসেন ও যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

সাতক্ষীরা জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা: ২০০৬ সালের ২৮ অক্টোবর স্মরণে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্কে জেলা জামায়াত আয়োজিত উক্ত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে হত্যাকাণ্ড, ষড়যন্ত্র, লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঢাকার পল্টনে লগি-বৈঠা নিয়ে হামলা চালানো হয় এবং এতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বহু নেতাকর্মী নিহত হন। নিহতদের লাশের ওপর নৃত্য করার ঘটনাও ঘটেছিল বলে উল্লেখ করেন তিনি। এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক, অফিস সেক্রেটারি রুহুল আমিন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমানসহ জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে শহীদ আবদুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাকাপুলের মোড়, নিউমার্কেট মোড়, তুফান মোড় ও বড়বাজার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।