শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সাফে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
সাফে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার মিশনে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ভারতের গোয়ায় উদ্বোধনী ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারানোর পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা।

অথচ তিন দলের ‘বি’ গ্রুপে ভারত এই মালদ্বীপকেই ১১-০ গোলে বিধ্বস্ত করেছে। বাংলাদেশ ম্যাচের আগে এর চেয়ে বেশি গোল করার হুঙ্কার দিলেও খেলাতে মন ভরাতে পারেনি, জিততে ঘাম ঝরাতে হয়েছে। একটা পর্যায়ে তো স্কোর লাইন ২-২ করে ভড়কে দিয়েছিল মালদ্বীপ। শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে লাল-সবুজ দল।

শুরুতে একাদশে বড় চমক দেখান কোচ পিটার বাটলার। গত সাফের সর্বোচ্চ গোলদাতা তহুরা খাতুনকে বাইরে রেখে অ্যাটাকিং মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকাকে স্ট্রাইকার হিসেবে খেলান। যিনি কোচের আস্থার প্রমাণ দেন ১১ সেকেন্ডেই! কিক অফের পর দ্রুততম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। তার পর ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল বেশ কয়েকবার। কিন্তু লাল-সবুজরা সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ৩৪ মিনিটে স্কোর ২-০ করেছেন উমেলাহ মারমা। যদিও এই অর্ধের শেষ দিকে স্কোর ২-১ এ নামিয়ে আনে মালদ্বীপ। ৪১ মিনিটে গোল করেন মালদ্বীপের মারিয়াম নুরা।

বিরতির পর তো বাংলাদেশ শিবিরে ভয়-ই ধরিয়ে দেয় তারা। আমিনাত ফাজলার গোলে স্কোরে ২-২ সমতা আনে মালদ্বীপ। তাতে ড্রয়ের শঙ্কাও জাগে। শেষ পর্যন্ত অবশ্য তেমন কিছু হতে দেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৬৪ মিনিটে দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে আবার এগিয়ে নেন সুরভী আকন্দ প্রীতি। তার পর শেষ দিকে যোগ করা সময়ে ঋতুপর্ণার ফ্রি কিক থেকে কোহাতি হেড করে জাল কাঁপালে স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এখন বাংলাদেশ শেষ ম্যাচে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে রবিবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে।

Ads small one

জ্বালানি তেলের দাম কমানো ও নদী খননের দাবিতে যশোরে হাটসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
জ্বালানি তেলের দাম কমানো ও নদী খননের দাবিতে যশোরে হাটসভা

যশোর প্রতিনিধি: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ন্যায্যমূল্যে পর্যাপ্ত সার ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নদী খনন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে যশোর সদর উপজেলার মনোহরপুর বাজারে হাটসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় কৃষক সংগ্রাম সমিতি যশোর সদর থানা কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নেতা নজরুল ইসলাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্বাস। বক্তব্য দেন সংগঠনের জেলা ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব উদ্দিন মাস্টার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর সদর থানা কমিটির সভাপতি শাহারিয়ার আমির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহাদ আলী লস্কর।

বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অপরিকল্পিত নদী খনন ও ক্রস বাঁধের কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে এবং জলাবদ্ধতা বাড়ছে। অবাধ জোয়ার-ভাটার মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানান তাঁরা। এ বিষয়ে গত ৩১ আগস্ট যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কথাও উল্লেখ করেন নেতারা।

তাঁরা আরও অভিযোগ করেন, সরকার নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার না পাওয়ায় কৃষকেরা হয়রানির শিকার হচ্ছেন। সার ও বিদ্যুৎ সংকটের সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কৃষি উৎপাদন ব্যাহত করছে। বক্তারা বর্ধিত জ্বালানির দাম প্রত্যাহার, পর্যাপ্ত সার ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে কৃষক-জনতাকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

অবৈধ অভিবাসন নিয়ে ইতালির কড়া বার্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:১২ অপরাহ্ণ
অবৈধ অভিবাসন নিয়ে ইতালির কড়া বার্তা

অবৈধ অভিবাসন নিয়ে কড়া বার্তা দিয়েছে ইতালি। ঢাকায় ইতালির দূতাবাস আজ শুক্রবার এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে আসা বাংলাদেশি নাগরিকদের নিয়ে ইইউ ফ্রন্টেক্সের একটি ফ্লাইট আজ পাঠানো হয়েছে। নিরাপদ, সুশৃঙ্খল এবং বৈধ অভিবাসনের পক্ষে ইউরোপ। ইউরোপ অবৈধ আগমন এবং অবৈধ অবস্থানের সঙ্গে জিরো টলারেন্স।

দূতাবাস আরও জানায়, পাচারকারী, দালাল এবং চোরাকারবারিদের যথাযথ ভিসা ছাড়াই ইতালিতে যাওয়ার জন্য অর্থ প্রদান করা অবৈধ এবং এর ফলে শেনজেন দেশগুলো থেকে তাদের প্রত্যাবাসন এবং নিষিদ্ধ করা হবে।

খুলনায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করল ‘দ্য পালংকি’

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
খুলনায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করল ‘দ্য পালংকি’

খুলনা নগরীর ভোজনরসিকদের জন্য নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে ‘দ্য পালংকি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’। নগরীর সোনাডাঙ্গা এলাকার মজিদ সরণিতে, গাজী মেডিকেল কলেজের বিপরীতে অবস্থিত আধুনিক এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয় শুক্রবার (২৩ অক্টোবর) সকালে, এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে।

প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক পূর্বাঞ্চল-এর সম্পাদক মোহাম্মদ আলী সনি ও দৈনিক খুলনাঞ্চল-এর সম্পাদক মিজানুর রহমান মিলটন।

আধুনিক সুযোগ-সুবিধা, শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশ এবং খাবারে বৈচিত্র্য নিয়ে খুলনার রেস্টুরেন্ট অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে চায় ‘দ্য পালংকি’। নগরীর ব্যস্ততম এলাকায় নতুন এই রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার চালুর ফলে খাবারপ্রেমীদের জন্য যুক্ত হলো রুচিশীল একটি স্থান। সুস্বাদু দেশি-বিদেশি খাবারের পাশাপাশি ব্যক্তিগত আয়োজন, পারিবারিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক সমাবেশ আয়োজনের সুবিধাও থাকবে এখানে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, খুলনা নগরীতে মানসম্মত ও আধুনিক রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারের চাহিদা দিন দিন বাড়ছে। এ প্রেক্ষাপটে ‘দ্য পালংকি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’-এর যাত্রা স্থানীয় খাবারপ্রেমী ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনকারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। প্রেসবিজ্ঞপ্তি