সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় মালামাল আটক
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধসহ প্রায় ১৫ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১০ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর বিভিন্ন বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদরা, হিজলদী, কাকডাঙ্গা, কালিয়ানী বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অবস্থান নেন। অভিযানে কলারোয়ার উত্তর ভাদিয়ালী থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ঔষধ, ফকির পাড়া থেকে ৩০ হাজার টাকার শাড়ি এবং কেরাগাছি এলাকা থেকে ১০ লাখ ২৫ হাজার টাকা মূল্যের মোবাইল পার্টস জব্দ করা হয়।
এছাড়া সদর থানার গোবিন্দকাঠি ও কালিয়ানী আমবাগান এলাকা থেকে আরও প্রায় ৩ লাখ টাকার ঔষধ ও মোবাইলের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ১৫ লাখ ৩৩ হাজার ১০০ টাকা। শুল্ক কর ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল। বিজিবি কর্মকর্তারা জানান, চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। জনস্বার্থে এবং দেশের অর্থনীতি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।













