শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সরকার ঘোষিত তিন মাসের প্রজনন মৌসুমে সুন্দরবনে সব ধরনের মাছ, কাঁকড়া ও অন্যান্য বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ থাকলেও বাস্তবে সেই নিষেধাজ্ঞা কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কাগজে-কলমে বন বন্ধ থাকলেও সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে অসংখ্য মাছ ও কাঁকড়া আহরণকারী নৌকার বিচরণ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে বন বিভাগের তদারকি ও দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরবনের পুষ্পকাটি, দোবেকি, লটাবেকিসহ বিভিন্ন এলাকায় প্রতিগণে জেলেদের নৌকা প্রবেশ করছে। অভিযোগ রয়েছে, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে সমঝোতা করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব নৌকাকে বনে প্রবেশের সুযোগ করে দেওয়া হচ্ছে। এরপর তারা অবাধে মাছ ও কাঁকড়া আহরণ করে বাজারজাত করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে ও বাওয়ালি জানান, বন বন্ধ থাকলে সাধারণত বনে মানুষের আনাগোনা কমে যায়। সে সময় যারা প্রবেশ করতে পারেন, তারা তুলনামূলক অনেক বেশি মাছ ও কাঁকড়া পান। একজন জেলে বলেন, “বন বন্ধের সময় মাছ ও কাঁকড়ার উৎপাদন বেশি থাকে। তাই যারা যেতে পারি, তারা ভালো আয় করি। কিন্তু সবাই তো যেতে পারে না।”

অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে একটি প্রভাবশালী চক্র বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে অবৈধভাবে বন ব্যবহার করছে। এতে সরকারের রাজস্ব যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সুন্দরবনের জীববৈচিত্র্যও মারাত্মক হুমকির মুখে পড়ছে।

এদিকে সম্প্রতি সুন্দরবনের বিভিন্ন এলাকায় বনদস্যুদের তৎপরতাও বেড়েছে বলে অভিযোগ রয়েছে। কয়েকজন জেলেকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

পরিবেশবাদীরা বলছেন, প্রজনন মৌসুমে সুন্দরবন বন্ধ রাখার মূল উদ্দেশ্য হলো মাছ, কাঁকড়াসহ বিভিন্ন জলজ প্রাণীর নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং বনজ সম্পদ সংরক্ষণ করা। কিন্তু যদি নিষেধাজ্ঞা কার্যকর না হয়, তাহলে সরকারের এই উদ্যোগের উদ্দেশ্য ব্যাহত হবে এবং দীর্ঘমেয়াদে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

এ বিষয়ে বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবি, বন বন্ধের সময় নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে এবং অবৈধভাবে প্রবেশকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন বিভাগের ভাষ্য অনুযায়ী, কেউ যদি নির্দিষ্ট তথ্য বা প্রমাণ দিতে পারেন, তবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে স্থানীয় সচেতন মহলের দাবি, কেবল বক্তব্যে নয়, বাস্তবেও কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ, মাছ ও কাঁকড়া আহরণ এবং এ কাজে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

উল্লেখ্য, সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে প্রতিবছর নির্ধারিত সময়ে বন তিন মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু সেই নিষেধাজ্ঞা বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে এখন বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগগুলোর স্বাধীনভাবে যাচাই ও প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তই প্রকৃত চিত্র স্পষ্ট করতে পারে।

Ads small one

আশাশুনিতে স্বামীর মরদেহ উদ্ধার, স্ত্রী হেফাজতে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
আশাশুনিতে স্বামীর মরদেহ উদ্ধার, স্ত্রী হেফাজতে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ডুমুরপোতা কালিবাড়ি গ্রামে গলায় ফিতা পেঁচানো অবস্থায় রতন সানা (৩২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর মা অমরী রানী সানা থানায় লিখিত অভিযোগ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে স্ত্রী চন্দ্রা বাছাড়ের (২২) সঙ্গে অন্য এক ব্যক্তির মুঠোফোনে কথা বলা নিয়ে রতনের ঝগড়া হয়। শনিবার ভোরে মাঠে যাওয়ার আগে ছেলে সাড়া না দিলে ঘরে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
আশাশুনি থানার কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। লিখিত এজাহার পাওয়া গেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী চন্দ্রাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোমরা বন্দরে আমদানি হ্রাস: সরকারের হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
ভোমরা বন্দরে আমদানি হ্রাস: সরকারের হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি

এম শফিকুল ইসলাম: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আশঙ্কাজনক হারে কমেছে পণ্য আমদানি। আগে প্রতিদিন ১৫০-২০০টি ভারতীয় ট্রাক ঢুকলেও এখন তা ৮০- ১০০টিতে ঠেকেছে। ব্যবসা স্থবির হয়ে পড়ায় বেকার হয়ে পড়েছেন শত শত বন্দর শ্রমিক।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, কাজের পরিমাণ অর্ধেকে নামায় অনেক সিঅ্যান্ডএফ কর্মী বেকার হয়ে পড়েছেন, দপ্তর চালানো দায় হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ী গণেশ ঘোষের মতে, ডলারের বাড়তি দর ও ভারতীয় পণ্যের দাম বাড়ায় লোকসানের ঝুঁকিতে আমদানি থমকে গেছে।
কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) মিজানুর রহমান জানান, এলসি কমে যাওয়া ও উচ্চ শুল্কের পণ্য না আসায় মন্দাভাব নেমে এসেছে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে ২,০৬৪ কোটি টাকা লক্ষ্যমাত্রায় আয় হয়েছে মাত্র ১,১১৪ কোটি টাকা; ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৯৫০ কোটি টাকা।

 

সংবাদ প্রকাশের জেরে পাটকেলঘাটার সাংবাদিককে হুমকির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
সংবাদ প্রকাশের জেরে পাটকেলঘাটার সাংবাদিককে হুমকির অভিযোগ

পাটকেলঘাটা প্রতিনিধি: জ্বালানি তেলের সংকট নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক পত্রদূতের পাটকেলঘাটা প্রতিনিধি এম এম জামান মনিকে পথরোধ করে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
সম্প্রতি ‘পাটকেলঘাটা মজুমদার তেল পাম্পে জ্বালানি তেলের মহা সংকট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর খলিষখালী থেকে বাড়ি ফেরার পথে কাশিয়াডাঙা এলাকায় পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার সময় তাঁর মোটরসাইকেলের গতি রোধ করা হয়। অভিযোগ মতে, যুবদলের খলিষখালী সদস্যসচিব রিপন মোল্লা, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার সরদার এবং সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর মোল্লা একত্রে মব সৃষ্টি করে তাঁর পথ আটকান।
এ সময় জোরপূর্বক ফেসবুকে বক্তব্য নেওয়ার চেষ্টা ও মিথ্যা মামলার ভয় দেখানো হয় এবং প্রাথমিক পর্যায়ে তাঁর মোটরসাইকেলটি কেড়ে নেওয়া হয়। পরে সাধারণ মানুষের প্রতিবাদের মুখে মোটরসাইকেলটি ফেরত দেওয়া হয়। সাংবাদিককে এভাবে হুমকি ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাটকেলঘাটা প্রেসক্লাব।