সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর ঘোষণা চেম্বার সভাপতি মিঠু খানের
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার সুবিধাবঞ্চিত ও সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসিম ফারুক খান (মিঠু)। তিনি বলেছেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি একজন মানুষকে শৃঙ্খলা ও নেতৃত্বগুণ শেখায়। বিশেষ করে বর্তমান সময়ে যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে মাঠের লড়াইয়ের কোনো বিকল্প নেই।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার আখড়াখোলা এলাকায় মুকুন্দপুর ইমার্জিং ক্লাব আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিম ফারুক খান বলেন, “সাতক্ষীরা ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি। এখানকার তরুণদের মধ্যে জাতীয় পর্যায়ে খেলার মতো বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু অনেক সময় সঠিক দিকনির্দেশনা ও ক্রীড়া সরঞ্জামের অভাবে এই প্রতিভাগুলো বিকশিত হতে পারে না।” তিনি জানান, জেলার বিভিন্ন এলাকায় অসচ্ছল খেলোয়াড়দের মধ্যে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী বিতরণের একটি পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় টিএসসি মডার্ন ফুটবল একাডেমি ও তাসফিয়া কোচিং সেন্টার ফুটবল একাদশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ গোলে তাসফিয়া কোচিং সেন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিএসসি মডার্ন ফুটবল একাডেমি। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মনজুরুল আলম বাপ্পি, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আল ইমরান ইমু, শিক্ষক জামিলুজ্জামান, মহিতুল ইসলাম ও রফিকুল ইসলাম। আব্দুল গনির সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল মুকুন্দপুর ইমার্জিং ক্লাব।
বক্তারা বলেন, নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন নতুন প্রজন্মকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকা-ে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











